কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্সগুলোতে এবার রেকর্ড পরিমাণ ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা পাওয়া গেছে। নগদ অর্থের পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গেছে এই দানবাক্সগুলোতে। দীর্ঘ প্রায় ১৫ ঘণ্টা ধরে টাকা গণনার কাজ চলে।

রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিন। তিনি বলেন, “এযাবৎকালের সর্বোচ্চ পরিমাণ টাকা পাওয়া গেছে এবার।”

শনিবার সকাল সাড়ে সাতটায় মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। সেখান থেকে অন্তত ৫১ বস্তা টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এরপর সোয়া ১০টার দিকে গণনার কাজ শেষ হয়। উল্লেখ্য, প্রায় ৫ মাস পর এবার দানবাক্সগুলো খোলা হয়েছে।

এর আগে চলতি বছরের ২৭ জুন সর্বশেষবার দানবাক্স খোলা হয়েছিল। সে সময় ৪৩ বস্তায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল এবং সেই সঙ্গে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া গিয়েছিল।

দানবাক্স খোলার প্রক্রিয়ায় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজ সকালে পাগলা মসজিদে গিয়ে দেখা যায়, প্রথমে লোহার দানবাক্স থেকে টাকাগুলো সংগ্রহ করে বস্তায় ভরা হয়। পরবর্তীতে সেগুলো মেঝেতে ঢেলে গণনার কাজ শুরু করা হয়। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে এই গণনায় অংশ নেন পাঁচ শতাধিক মানুষ। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সেখানে কাজ করেছেন আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানাসহ দুটি মাদ্রাসার প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী এবং মসজিদ কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা।

জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের প্রয়োজনীয় খরচ চালানোর পর দানের বাকি টাকা ব্যাংকে জমা রাখা হয়। তিনি আরও জানান, “এ পর্যন্ত ঐতিহাসিক পাগলা মসজিদের তহবিলে জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা।” এর বাইরে মসজিদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ও মোবাইল ব্যাংকিংয়ে দান হিসেবে জমা হয়েছে আরও ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সংগৃহীত বৈদেশিক মুদ্রাগুলো বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নগদায়ন করে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা পাওয়া গেছে। আজকের গণনার পর প্রাপ্ত অর্থ পূর্বের এই টাকার সঙ্গে ব্যাংকে জমা করা হবে। পাশাপাশি সোনা–রুপার বাজারমূল্য নির্ধারণ ও নিলাম কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, পাগলা মসজিদে জমা হওয়া অর্থের লভ্যাংশ থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অনুদান দেওয়া হয়। পাশাপাশি অসহায় ও জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদেরও সহায়তা করা হয়। এছাড়া মসজিদের পরিসর বাড়ানোর লক্ষ্যে ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমি কেনা হয়েছে।

কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত এই মসজিদে দান করলে মানুষের মনের আশা পূরণ হয়—এমন একটি প্রচলিত বিশ্বাস রয়েছে। এই বিশ্বাসের কারণে দূর-দূরান্ত থেকে মানুষ এখানে দান করতে আসেন। ফলে নির্দিষ্ট সময় পরপর দানসিন্দুক খুললে সেখানে বিপুল পরিমাণ অর্থ, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার পাওয়া যায়।