কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার নগদ অর্থের পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণের চামচ ও বাটি। শনিবার সকালে মসজিদের দানবাক্সগুলো খোলার পর সংগৃহীত অর্থ ও অন্যান্য সামগ্রী গণনার সময় এই মূল্যবান স্বর্ণসামগ্রীর সন্ধান মেলে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে পাগলা মসজিদের ইমাম মুফতি মিজবাহ উদ্দীন এই বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এদিন সকাল সোয়া সাতটার দিকে দীর্ঘ প্রায় পাঁচ মাস পর মসজিদের মোট ১৫টি দানবাক্স খোলা হয়। এবার দানবাক্সগুলো থেকে বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেছে, যা ৫১ বস্তায় ভর করা হয়েছে। বর্তমানে এসব টাকা গণনার কাজ চলছে এবং গণনা প্রক্রিয়া শেষ হলে মোট দানের সঠিক পরিমাণ জানা যাবে।

দানবাক্স থেকে সংগৃহীত টাকা ও অন্যান্য সামগ্রী বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে নির্ধারিত স্থানে সামগ্রীগুলো ঢেলে গণনার সময় সোনার চামচ ও বাটির সন্ধান পাওয়া যায়। নগদ টাকার পাশাপাশি এমন স্বর্ণসামগ্রী পাওয়ার ঘটনায় উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।

উল্লেখ্য, এর আগে মসজিদে ১৩টি দানবাক্স ছিল, তবে এবার আরও দুটি বাড়িয়ে মোট ১৫টি করা হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, এবার দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে পুরো কার্যক্রম পরিচালিত হয়। এই প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল ইসলাম মারুফসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, “এবার দানবাক্স খুলে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। বর্তমানে টাকা গণনার কাজ চলছে। গণনা শেষে মোট দানের পরিমাণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

নিরাপত্তা বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল হক বলেন, “দানবাক্স খোলা থেকে শুরু করে টাকা গণনা এবং ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।”

টাকা গণনার এই বিশাল কাজে অংশ নিয়েছেন পাগলা মসজিদসংলগ্ন মাদ্রাসার ১১০ জন, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী, মসজিদের ৩৩ জন কর্মচারী, রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে গত ২৭ জুন পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল, তখন ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। দিনভর গণনার পর মোট ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা পাওয়া গিয়েছিল। সে সময় নগদ টাকার পাশাপাশি স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রাও পাওয়া গিয়েছিল।

দীর্ঘ ছয় বছর পর দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার পরিমাণ নির্ধারণের কাজ শুরু হয়। গত ১২ অক্টোবর স্বর্ণ ও রুপার অলংকার ওজন করে পাওয়া যায় ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালংকার এবং ১ হাজার ৮৮ ভরি রুপার অলংকার। ট্রেজারিতে সংরক্ষিত নয়টি মাঝারি আকারের প্লাস্টিকের কনটেইনার ও ছয়টি সিলগালা করা খাম খুলে এসব সামগ্রী গণনা ও পরিমাপ করা হয়।

মসজিদ পরিচালনা কমিটি জানিয়েছে, স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণ করে নিলামে বিক্রি করা হবে। আর বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে।

এদিকে, পাগলা মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালুর পর থেকে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩৯ লাখ ৩২ হাজার ১০৬ টাকা অনুদান পাওয়া গেছে।

মসজিদ-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে পাগলা মসজিদের ব্যাংক হিসাবে জমা রয়েছে ১৩৩ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। এ ছাড়া মসজিদটির কাছে রয়েছে ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ ও ১ হাজার ৮৮ ভরি রুপা। পাওয়া গেছে ১৭টি দেশের বৈদেশিক মুদ্রাও।

কিশোরগঞ্জ শহরের হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে প্রায় ১০ শতাংশ জমির ওপর অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ। মসজিদ ও ইসলামী কমপ্লেক্স পরিচালনার জন্য রয়েছে ৩১ সদস্যের একটি কমিটি, যার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসক।