কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রার্থনা করা হয়েছে এবং মন্তব্য করা হয়েছে যে, ‘শেখ হাসিনা ছাড়া এ দেশ অচল’।

শনিবার (২১ নভেম্বর) সকালে দীর্ঘ চার মাস ২৪ দিন পর মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। সেখানে জমা হওয়া ৫১ বস্তা টাকা গণনার সময় এই চিঠিটি উদ্ধার করা হয়।

চিঠির শুরুতে লেখা ছিল, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।’ চিঠির লেখকের দাবি, বাংলাদেশের সাধারণ মানুষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাশা করছে। চিঠিতে লেখা হয়েছে, ‘এ দেশ শেখ হাসিনার কাছে নিরাপদ, আর কারো কাছে নিরাপদ নয়।’

একই সঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করে শেখ হাসিনাকে পুনরায় বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার আবেদন জানানো হয়েছে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘শেখ হাসিনা ছাড়া এ দেশ অচল।’ পরিশেষে বাংলার ১৮ কোটি মানুষের দাবির কথা উল্লেখ করে শুভেচ্ছান্তে ‘কেন্দুয়া থানা আওয়ামী লীগ’ লেখা হয়েছে।

উল্লেখ্য যে, শনিবার সকাল সোয়া ৭টার দিকে পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়। ৪ মাস ২৪ দিন পর খোলা এসব দানবাক্সে মোট ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। টাকা গণনার এই প্রক্রিয়ায় পাঁচ শতাধিক মানুষ অংশ নিয়েছেন। সংশ্লিষ্টদের ধারণা, এবারও দানের পরিমাণ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

এর আগে গত ২৭ জুন ১৩টি দানবাক্স খুলে মোট ৪৩ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। দিনভর গণনার পর সেই অর্থের পরিমাণ দাঁড়িয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া সেই সময়ে বৈদেশিক মুদ্রা, রূপা ও স্বর্ণালংকারও পাওয়া গিয়েছিল।