মালয়েশিয়ার লংকাউতে আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম কঠিন ট্রায়াথলন প্রতিযোগিতা 'আয়রনম্যান'। এই মর্যাদাপূর্ণ আসরে পূর্ণ দূরত্ব এবং অর্ধদূরত্বের দুই ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হয়েছেন বাংলাদেশের ১৩ জন ট্রায়াথলেট। আয়রনম্যানের অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপে এই তথ্যের কথা জানানো হয়েছে।
পূর্ণ দূরত্বের আয়রনম্যান প্রতিযোগিতায় ৩.৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং এবং ৪২.২ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়। এই কঠিন চ্যালেঞ্জটি ১০ ঘণ্টা ৫২ মিনিট ১৮ সেকেন্ডে শেষ করে সফল হয়েছেন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ আয়রনম্যান মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত। তিনি তাঁর বয়স গ্রুপে (৩৫–৩৯ বছর) ৬৬ জনের মধ্যে নবম স্থান এবং সামগ্রিকভাবে ৫০৬ জনের মধ্যে ৫০তম স্থান অর্জন করেছেন। এটি ছিল আরাফাতের ক্যারিয়ারের ২৩তম আয়রনম্যান প্রতিযোগিতা, যার মধ্যে ১৪টি পূর্ণদূরত্বের এবং ৯টি অর্ধদূরত্বের আসর ছিল। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হিসেবে কর্মরত মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত মুক্তকণ্ঠকে হোয়াটসঅ্যাপে বলেন, ‘আজকের প্রতিযোগিতায় সফল হওয়া বিশেষ ব্যাপার আমার কাছে। আমি চাই, বাংলাদেশের আরও তরুণ আয়রম্যানে অংশগ্রহণ করুন।’
পূর্ণ দূরত্বের এই প্রতিযোগিতায় সফল হওয়া অন্য বাংলাদেশিরা হলেন মো. সাজ্জাদ হোসেন (১২ ঘণ্টা ২৯ মিনিট ৪৩ সেকেন্ড, বয়স গ্রুপ ২৫–২৯ বছর), মোহাম্মদ আতাওর রহমান (১৪ ঘণ্টা ২৭ মিনিট ১০ সেকেন্ড, বয়স গ্রুপ ৪০–৪৪ বছর), বদর উদ্দিন (১৪ ঘণ্টা ৩৫ মিনিট ৭ সেকেন্ড, বয়স গ্রুপ ৫০–৫৪ বছর), মো. সজীব (১৫ ঘণ্টা ২২ মিনিট ৩২ সেকেন্ড, বয়স গ্রুপ ৩৫–৩৯ বছর) ও মো. ইমতিয়াজ–বিন–ফারুক ভূঁইয়া (১৬ ঘণ্টা ২০ মিনিট ৩৩ সেকেন্ড, বয়স গ্রুপ ৩৫–৩৯ বছর)। তবে অসুস্থতার কারণে ফাতিন আল ফারাবী এই প্রতিযোগিতা সম্পন্ন করতে পারেননি।
একই দিনে অনুষ্ঠিত হয় অর্ধদূরত্বের আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতা, যেখানে ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১.১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়। এই আসরে বাংলাদেশের ৯ জন অংশ নেওয়ার মধ্যে ৭ জন সফল হয়েছেন। সফল প্রতিযোগীরা হলেন মোহাম্মদ আলীমুজ্জামান খান (৭ ঘণ্টা ৫ মিনিট ৩০ সেকেন্ড, বয়স গ্রুপ ৪০–৪৪ বছর), মো. রফিকুল ইসলাম (৭ ঘণ্টা ১৪ মিনিট ২২ সেকেন্ড, বয়স গ্রুপ ৪০–৪৪ বছর), ইয়াসির ইবনে ইউসুফ (৭ ঘণ্টা ১৬ মিনিট ৪৪ সেকেন্ড, বয়স গ্রুপ ৩৫–৩৯ বছর), মনোজ প্রসাদ (৭ ঘণ্টা ১৯ মিনিট ৪৯ সেকেন্ড, বয়স গ্রুপ ৪০–৪৪ বছর), মুহাম্মদ শাকিরুল হক (৭ ঘণ্টা ২৪ মিনিট ৩৭ সেকেন্ড, বয়স গ্রুপ ৪৫–৪৯ বছর), মো. আরমান রশিদ (৭ ঘণ্টা ৪৫ মিনিট ৩৩ সেকেন্ড, বয়স গ্রুপ ৪০–৪৪ বছর) ও মো. মানিক দেওয়ান (৭ ঘণ্টা ৫০ মিনিট ৫৪ সেকেন্ড, বয়স গ্রুপ ৪০–৪৪ বছর)। অন্যদিকে সাইফুর রহমান ও আয়েশা নায়ার এই প্রতিযোগিতা সম্পন্ন করতে পারেননি।
এছাড়া ঢাকা থেকে অংশ নেওয়া নেদারল্যান্ডসের নাগরিক লেনি হরস্টিংক এবং স্পেনের নাগরিক সুসানা লিজানো গ্র্যানেনা আয়রনম্যান ৭০.৩ সম্পন্ন করেছেন। লেনি হরস্টিংকের (বয়স গ্রুপ ৪৫–৪৯ বছর) সময় লেগেছে ৫ ঘণ্টা ২৬ মিনিট ১৭ সেকেন্ড এবং সুসানা লিজানো গ্র্যানেনার (বয়স গ্রুপ ৪৫–৪৯ বছর) সময় লেগেছে ৭ ঘণ্টা ৩১ মিনিট ৫ সেকেন্ড।
পূর্ণদূরত্বের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন চীনের লিচ্যাং ঝু। ৪০–৪৪ বছর বয়স গ্রুপে তিনি ৯ ঘণ্টা ৪ মিনিট ২৫ সেকেন্ড সময় নেন। দীর্ঘ ১১ বছর চেষ্টার পর তিনি এই সাফল্য পান। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে ফ্রান্সের লরেন্ট মারসিলক্স (৯ ঘণ্টা ৮ মিনিট ৫০ সেকেন্ড, বয়স গ্রুপ ৪০–৪৪ বছর) এবং অস্ট্রেলিয়ার আসাদ আট্টামিমি (৯ ঘণ্টা ২০ মিনিট ৪ সেকেন্ড, বয়স গ্রুপ ৫০–৫৪ বছর)।
আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন অস্ট্রেলিয়ার জেড রেডবোন। ২৫–২৯ বছর বয়স গ্রুপের এই প্রতিযোগী ৪ ঘণ্টা ৪ মিনিট ৫৫ সেকেন্ড সময় নেন। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার লুরি ওয়াটসন (৪ ঘণ্টা ২১ মিনিট ৪৮ সেকেন্ড, বয়স গ্রুপ ১৮–২৪ বছর) এবং মালয়েশিয়ার ওই ইয়ি ইয়াপ (৪ ঘণ্টা ২২ মিনিট ৪৫ সেকেন্ড, বয়স গ্রুপ ১৮–২৪ বছর)।