মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে বিশেষ দক্ষতা প্রশিক্ষণ প্রদানের পর তুরস্কে পুনর্বাসনের একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মালয়েশিয়া সরকার শুক্রবার এই পরিকল্পনার কথা জানিয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর চালানো ব্যাপক দমন-পীড়নের পর বাস্তুচ্যুত রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রে এটি অন্যতম বড় উদ্যোগ হতে যাচ্ছে।

মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) যে রায় দিয়েছেন তার ঠিক একদিন পরেই এই ঘোষণা এল। আইসিজে তাদের রায়ে উল্লেখ করেছে যে, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর মাধ্যমে রোহিঙ্গাদের ওপর চালানো হত্যাকাণ্ড এবং ব্যাপক যৌন সহিংসতা রাষ্ট্রীয় মদদে সংঘটিত জেনোসাইডের (গোষ্ঠীনিধন) শামিল।

একটি সরকারি বিবৃতিতে আহমদ জাহিদ জানান, মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি আরও ‘সমন্বিত, কার্যকর ও মানবিকভাবে’ মোকাবিলার সরকারি প্রচেষ্টারই অংশ হিসেবে এই প্রস্তাব আনা হয়েছে। তিনি বলেন, ‘১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে গ্রহণে তুরস্ক সরকারের সম্মতিকে স্বাগত জানাই। অভিবাসন ব্যবস্থাপনা ও জাতীয় নিরাপত্তার জন্য দীর্ঘদিন ধরে চ্যালেঞ্জ তৈরি করা এই (রোহিঙ্গা শরণার্থী) সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান খোঁজার পথে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

উপপ্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে, শরণার্থী পুনর্বাসনের ক্ষেত্রে বিভিন্ন দেশ কীভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করতে পারে, তুরস্কের সঙ্গে গৃহীত এই উদ্যোগটি তার একটি আদর্শ মডেল হতে পারে। তিনি জানান, এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের যথাযথ বাছাই প্রক্রিয়া, প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, নথিপত্র তৈরি এবং পুনর্বাসনের কাজ সমন্বয়ের জন্য সরকার তুরস্কের কর্তৃপক্ষ, জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করবে। এছাড়া কর্মসূচিটি বাস্তবায়নের সময় শিল্প খাতের বর্তমান চাহিদা, সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যক্তিগত সম্মতি এবং প্রযোজ্য আন্তর্জাতিক বিধিবিধানসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

তবে এই বিষয়ে রয়টার্স তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে, স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য মালয়েশিয়া সরকারের ওপর চাপ বাড়ছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ নাগাদ মালয়েশিয়ায় মিয়ানমার থেকে আসা প্রায় ১ লাখ ৯৩ হাজার নিবন্ধিত শরণার্থী ছিলেন, যাদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই হলেন রোহিঙ্গা।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মিয়ানমার নাগরিককে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সরকার।