মালয়েশিয়ায় যাওয়ার জন্য আগ্রহী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা প্রক্রিয়া শুরু হয়েছে। এই পুরো প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, সুশৃঙ্খল এবং নির্ভরযোগ্য করে তুলতে মেডিক্যাল সেন্টারগুলোর জন্য ১১টি বিশেষ নির্দেশনা জারি করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

ইতিমধ্যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশে ৫১টি মেডিক্যাল সেন্টারকে এই স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে স্বাস্থ্য পরীক্ষায় ফিট ঘোষিত হওয়ার পর কোনো কর্মী মালয়েশিয়ায় পৌঁছে নিয়োগপ্রাপ্ত হওয়ার আগ পর্যন্ত যদি পুনরায় স্বাস্থ্য পরীক্ষায় আনফিট ঘোষিত হন, তবে তাকে দেশে ফেরত পাঠানোর যাবতীয় খরচসহ সংশ্লিষ্ট সব ব্যয়ভার ওই মেডিক্যাল সেন্টারকেই বহন করতে হবে।

আজ বৃহস্পতিবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে পাঠানো ডিমান্ড লেটারে যে সংখ্যক কর্মীর কথা উল্লেখ থাকবে, সেই সংখ্যার ভিত্তিতেই মেডিক্যাল স্লিপ ইস্যু করতে হবে। ডিমান্ড লেটারে উল্লিখিত সংখ্যার সর্বোচ্চ ৫ শতাংশ বেশি মেডিক্যাল স্লিপ ইস্যু করার সুযোগ থাকবে। তবে কোনো অবস্থাতেই কোনো মেডিক্যাল সেন্টার নিজস্ব ইচ্ছায় কিংবা অতিরিক্ত কর্মী পাঠানোর উদ্দেশ্যে নির্ধারিত সীমার বাইরে মেডিক্যাল স্লিপ ইস্যু করতে পারবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে যে, প্রতিটি মেডিক্যাল সেন্টারকে প্রতিদিন সম্পাদিত স্বাস্থ্য পরীক্ষার ব্যক্তিভিত্তিক বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করতে হবে এবং তা সংরক্ষণ করতে হবে। প্রতিটি সেন্টারের পরীক্ষার প্রতিবেদন প্রয়োজনীয় তথ্যসহ অনলাইনে মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। এই প্রতিবেদনে মালয়েশিয়াগামী কর্মীর নাম, পাসপোর্ট নম্বর, ভিসা নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যের সঠিকতা নিশ্চিত করতে হবে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্ধারিত ফি ৮ হাজার টাকার বেশি কোনো অর্থ আদায় করা যাবে না।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, একই কর্মীকে ইচ্ছাকৃতভাবে আনফিট ঘোষণা করে অপ্রয়োজনীয়ভাবে একাধিকবার মেডিক্যাল পরীক্ষা করানো যাবে না। কোনো অবস্থাতেই ভুয়া বা জাল মেডিক্যাল প্রতিবেদন তৈরি, প্রদান কিংবা ব্যবহার করা যাবে না। এই বিষয়ে মেডিক্যাল সেন্টারগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পুনরায় উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশে ফিট হয়ে মালয়েশিয়া পৌঁছে নিয়োগের আগে আনফিট হলে কর্মীর ফেরত পাঠানোর সব খরচ মেডিক্যাল সেন্টার বহন করবে।

অন্যান্য নির্দেশনার মধ্যে বলা হয়েছে, প্রতিটি মেডিক্যাল সেন্টারে প্রয়োজনীয় সব আধুনিক যন্ত্রপাতি, পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম এবং পর্যাপ্ত চিকিৎসাসেবা-সংক্রান্ত সুযোগ-সুবিধা থাকতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও নির্ধারিত নিয়ম অনুসরণ করে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং কর্মীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা রাখতে হবে। এছাড়া মাইগ্রাম (কর্মী নিয়োগের মালয়েশিয়ান সফটওয়্যার) নামে কোনো অর্থ আদায় করা যাবে না।

মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কোনো মেডিক্যাল সেন্টার এই শর্তাবলি লঙ্ঘন করলে তাদের জামানত বাজেয়াপ্ত করা হবে এবং লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই পুরো প্রক্রিয়াটি কঠোরভাবে নজরদারি করার জন্য মন্ত্রণালয় থেকে একটি শক্তিশালী মনিটরিং টিম গঠন করা হবে। পাশাপাশি প্রতিটি মেডিক্যাল সেন্টারকে তাদের প্রবেশপথের সামনে দৃশ্যমানভাবে বড় আকারে বিলবোর্ড স্থাপন করতে হবে।