রাত তখন ৯টা ৫৯ মিনিট। পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথের সিডার পার্ক গার্ডেনস সড়কের বাসিন্দা কারিন পুলিশের জরুরি নম্বরে ফোন করেন। তখনো তিনি পুরোপুরি বুঝতে পারছিলেন না, তাঁর বাড়ির সামনের রাস্তায় ঠিক কী নিয়ে এই সংঘর্ষ চলছে। পুলিশের সঙ্গে তাঁর কথা বলার মধ্যেই সহিংসতা আরও তীব্র আকার ধারণ করে। একদল লোককে দেখা যায় পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের পাত্র থেকে কাচের বোতল সংগ্রহ করতে এবং গাছের ডাল ভাঙতে। এমনকি কারিনের বাড়ির সামনের বাগান থেকে পাথর ও সাজসজ্জার সামগ্রী তুলে নিয়ে রাস্তার অপর প্রান্তে থাকা লোকজনের দিকে ছুড়ে মারছিলেন তারা।
স্থানীয় সময় গত সোমবার (১৬ নভেম্বর) রাতে বাংলাদেশের রাজনৈতিক বিরোধের জেরে পূর্ব লন্ডনের একটি আবাসিক সড়ক এভাবে উত্তপ্ত হয়ে ওঠে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষ হওয়ার পর দলটির নেতা-কর্মীদের ওপর বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের হামলা হয়। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এনসিপির দাবি অনুযায়ী এই ঘটনায় ১৬ জন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে অন্তত তিনজন আহত হয়েছেন। তবে লন্ডন মেট্রোপলিটন পুলিশ ও লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের হিসাবে হাসপাতালে নেওয়া এবং ঘটনাস্থলে চিকিৎসা পাওয়া মানুষের সংখ্যা এর চেয়ে কম।
ঘটনার প্রকৃত সূত্রপাত কীভাবে হয়েছিল, তা জানতে মুক্তকণ্ঠ প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা, সংবাদকর্মী, দুই রাজনৈতিক পক্ষের নেতা-কর্মীসহ অন্তত ১৬ জনের সঙ্গে কথা বলেছে। এছাড়া ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন এবং অন্তত ২০টি ভিডিও পর্যালোচনা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, ভিডিও চিত্র ও পুলিশের তথ্যের সমন্বয়ে এই সহিংসতার ঘটনাপ্রবাহ জানার চেষ্টা করেছে মুক্তকণ্ঠ।
পুলিশে ফোন করেছিলেন একজন ব্রিটিশ নাগরিক। সিডার পার্ক গার্ডেনসের বাসিন্দা কারিন মুক্তকণ্ঠকে জানান, ঘটনার দিন রাত আটটার দিকে তিনি রাস্তায় কিছুটা হইচই শুনতে পান, তবে তা অস্বাভাবিক মনে হয়নি। তাঁর মনে হয়েছিল কয়েকজন পুরুষ নিজেদের মধ্যে তর্ক করছেন। বিষয়টিকে গুরুত্ব না দিয়ে তিনি অন্য বাসিন্দাদেরও কৌতূহলবশত বাইরে গিয়ে পরিস্থিতি দেখতে নিষেধ করেন।
কারিন বলেন, “রাত ১০টার কিছু আগে আমি বিছানায় যাই। হঠাৎ অনেক বেশি হইচই, গালিগালাজ ও আঘাত করার শব্দ শুনতে পাই। তখন বিছানা থেকে উঠে জানালা দিয়ে বাইরে তাকাই। অনেক ক্ষুব্ধ পুরুষ, কয়েকজন নিরাপত্তাকর্মী এবং অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার চেষ্টা করছে এমন কয়েকটি গাড়ি দেখতে পাই। প্রথমে ভেবেছিলাম, অনুষ্ঠানে অংশগ্রহণকারী কয়েকজনের মধ্যে কোনো ভুল–বোঝাবুঝি হয়েছে।”
কারিন জানান, একজন নিরাপত্তাকর্মী সেখানে অবস্থানরত ব্যক্তিদের সঙ্গে অত্যন্ত রূঢ় ও দাপুটে ভঙ্গিতে কথা বলছিলেন। ওই নিরাপত্তাকর্মী তাঁর জানালার পাশ দিয়ে যাওয়ার সময় তাঁকে জিজ্ঞাসা করেন কী হচ্ছে। কারিনের মনে হয়েছিল, নিরাপত্তাকর্মী পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছেন। ওই কর্মী তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে ভিড়ের মধ্যে চলে যান। এরপরই কারিন পুলিশে ফোন করার সিদ্ধান্ত নেন।
সিডার পার্ক গার্ডেনসের এই বাসিন্দা আরও বলেন, “রাত ৯টা ৫৯ মিনিটে আমি পুলিশকে ফোন করি। ততক্ষণে পরিস্থিতির অবনতি হয়েছিল। তবে পুলিশের সঙ্গে আমার ফোনে কথা বলার সময়ই সহিংসতা চরম আকার ধারণ করে।” তিনি আরও বলেন, “কয়েকজন পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যের পাত্র থেকে কাচের বোতল বের করছিলেন, গাছের ডাল ভাঙছিলেন এবং আমার বাড়ির সামনের বাগান থেকে পাথর ও সাজসজ্জার সামগ্রী তুলে নিচ্ছিলেন। এসব তাঁরা রাস্তার অপর প্রান্তে থাকা অন্য পক্ষের লোকজনের দিকে ছুড়ে মারছিলেন।”
কারিনের ভাষ্যমতে, ফোন করার প্রায় ১৫ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশ আসার কিছুক্ষণের মধ্যেই ভিড়ের অধিকাংশ মানুষ ছত্রভঙ্গ হয়ে যান। কারিনের ফোন করার সময়ের সঙ্গে মেট্রোপলিটন পুলিশের বিবৃতিতে উল্লিখিত সময়ের মিল রয়েছে।
আতঙ্কে ঘর থেকে বের হননি মারিয়া। একই সড়কের আরেক বাসিন্দা মারিয়া ঘটনার রাতে নিজ বাড়িতেই ছিলেন। তিনি মুক্তকণ্ঠকে জানান, বাড়ির ভেতর থেকেই বাইরে মানুষের জটলা, চিৎকার-চেঁচামেচি, উচ্চ স্বরে ঝগড়া ও মারামারির শব্দ শুনতে পাচ্ছিলেন। তবে ভয়ে তিনি ঘর থেকে বের হননি। তাঁর পরিবারের অন্য সদস্যরা বাইরে বেরিয়ে ঘটনাটি দেখেন। পরিবারের সদস্যদের বরাতে মারিয়া জানান, দুই পক্ষের লোকজন একে অপরের দিকে বোতল ছুড়ে মারছিলেন, রাস্তার পাশের গাছের ডাল ভেঙে আঘাত করার চেষ্টা করছিলেন এবং স্থানীয় বাসিন্দাদের বাড়ির সামনের বাগান থেকে ইট নিয়ে ছুড়ে মারছিলেন। প্রতিবেদকের সরেজমিন পরিদর্শনের সময় মারিয়ার পরিবারের ওই সদস্যরা বাড়িতে না থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সিডার পার্ক গার্ডেনসের আরেক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে মুক্তকণ্ঠকে জানান, তিনি দুই দল যুবককে একে অপরের দিকে কাচের বোতল ছুড়ে মারতে দেখেছেন। রাস্তার দুই পাশে থাকা বাড়িগুলোর সামনে রাখা ময়লার পাত্র থেকে এসব বোতল সংগ্রহ করা হচ্ছিল। রাস্তার পাশের গাছের ডাল ভেঙে একে অপরকে ধাওয়া করার পাশাপাশি ময়লার পাত্রগুলোও ছুড়ে মারতে দেখেছেন তিনি। তবে সংঘর্ষে জড়িত কাউকে তিনি চিনতে পারেননি এবং কোন রাজনৈতিক দলের সঙ্গে তারা সম্পৃক্ত ছিলেন, সে সম্পর্কেও তাঁর কোনো ধারণা ছিল না।
ঘটনার আকস্মিকতায় ওই সড়কের অনেক বাসিন্দা ঘর থেকে বেরিয়ে আসেন। কেউ বাড়ির সামনে দাঁড়িয়ে, কেউ জানালা দিয়ে ঘটনাটি দেখেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, কী নিয়ে মারামারি হচ্ছে কিংবা কারা কাদের ওপর হামলা করছেন, তা বুঝতে পারছিলেন না তাঁরা। নিজেদের আবাসিক এলাকায় এমন সহিংসতায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা।
আগে থেকেই ছিল প্রতিহত করার ঘোষণা। নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফরের খবর প্রকাশের পর থেকেই তাঁকে প্রতিহত করার ঘোষণা দিয়ে আসছিল যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের একাংশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের একাধিক অ্যাকটিভিস্ট নাহিদ ইসলামের বিভিন্ন কর্মসূচিতে প্রতিবাদ ও তাঁকে প্রতিহত করার ঘোষণা দেন। ঘোষণাপত্রে ঠিকানা ও সময় উল্লেখ করে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে অনেকের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয়; এই প্রতিবেদকের কাছেও এমন একটি বার্তা এসেছে।
এর আগে কেমব্রিজে নাহিদ ইসলামের একটি অনুষ্ঠান ঘিরেও বিক্ষোভ করেন আওয়ামী লীগ-সংশ্লিষ্ট নেতা-কর্মীরা। সেখানে তাঁকে হেনস্তা করার চেষ্টা করা হয়, তবে উপস্থিত এনসিপি নেতা-কর্মীদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়। এরই ধারাবাহিকতায় সোমবার পূর্ব লন্ডনে নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। তাঁরা এই কর্মসূচিকে তাঁদের গণতান্ত্রিক প্রতিবাদের অধিকারের অংশ হিসেবে তুলে ধরেন।
অনুষ্ঠান শুরুর আগে অতিথিরা যখন মেফেয়ার ভেন্যুতে প্রবেশ করছিলেন, তখন একটি ভিডিওতে বিক্ষোভকারীদের মধ্য থেকে একজনকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর ও সাবেক স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদের দিকে পানির বোতল ছুড়ে মারতে দেখা যায়। অনুষ্ঠান শুরুর আগে হলের সামনে ও পেছনে পুলিশের উপস্থিতি ছিল এবং বিক্ষোভকারীদের চিৎকার-চেঁচামেচি ও উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে তৎপর থাকতে দেখা গেছে।
নাহিদকে নিরাপদে সরিয়ে নিতে এনসিপির কৌশল। আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্ভাব্য বিক্ষোভ ও বাধার আশঙ্কায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। পুলিশের পাশাপাশি এনসিপির পক্ষ থেকে নিয়োগ করা হয়েছিল ৩০ জনের বেশি বেসরকারি নিরাপত্তাকর্মী। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অনুষ্ঠান শুরুর অন্তত তিন ঘণ্টা আগে মেফেয়ার ভেন্যুতে পৌঁছান নাহিদ ইসলাম।
সরেজমিনে দেখা যায়, মেফেয়ার ভেন্যুর মূল প্রবেশপথ হাই রোডের দিকে এবং হলের পেছনে রয়েছে সিডার পার্ক গার্ডেনস নামের একটি আবাসিক সড়ক। সড়কটির মাঝামাঝি স্থানে রয়েছে হলের পেছনের দরজা ও গাড়ি পার্কিংয়ের প্রবেশ ও বহির্গমনপথ। অনুসন্ধানে জানা গেছে, ঘটনার রাতে এই সড়কের পশ্চিম দিকে আওয়ামী লীগ এবং পূর্ব দিকে এনসিপির নেতা-কর্মীদের অবস্থান ছিল।
নাহিদ ইসলামকে নিরাপদে অনুষ্ঠানস্থল থেকে বের করে নিতে একটি কৌশল অবলম্বন করেছিল এনসিপি। পরিকল্পনা ছিল, দলের নেতা-কর্মীরা হলের সামনের প্রবেশপথ দিয়ে বের হয়ে স্লোগান দেবেন, যাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ধারণা করেন যে নাহিদ ইসলাম সামনের দরজা দিয়ে বের হচ্ছেন। অন্যদিকে নাহিদ ইসলাম পেছনের দরজা দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করবেন।
রাত ৯টা ৫৫ মিনিটে নাহিদ ইসলাম অনুষ্ঠান শেষ করে নিরাপত্তাকর্মীদের সহায়তায় পেছনের দরজা দিয়ে বের হয়ে যান এবং সিডার পার্ক গার্ডেনসের সঙ্গে সংযুক্ত গাড়ি পার্কিংয়ের পথ দিয়ে তাঁর গাড়ি বেরিয়ে যায়। অন্যদিকে এনসিপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা সামনের প্রবেশপথ দিয়ে বের হয়ে স্লোগান দিতে থাকেন। এভাবে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি না হয়েই নিরাপদে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন নাহিদ ইসলাম।
কাচের বোতল নিক্ষেপ ও গাছের ডাল ভেঙে হামলা। আওয়ামী লীগ ও এনসিপি—কোনো রাজনৈতিক দলের সঙ্গেই সম্পৃক্ত নন, এমন দুজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছে মুক্তকণ্ঠ। তাঁদের ভাষ্যমতে, ঘটনার সময় সিডার পার্ক গার্ডেনস সড়কে কয়েকটি গাড়ির ভেতরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। হলের সামনের দিক থেকে এনসিপির নেতা-কর্মীদের স্লোগান শুনে তাঁরা গাড়ি থেকে বের হয়ে আসেন। এদিকে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের নেতৃত্বে এনসিপির নেতা-কর্মীরা হলের সামনের দিক থেকে পেছনের সড়কে আসেন। এই প্রতিবেদক নিজে নুরুল হুদা জুনেদকে স্লোগান দিয়ে হল থেকে বের হতে দেখেছেন।
ওই দুই প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, এনসিপির নেতা-কর্মীদের উদ্দেশে গালিগালাজ শুরু করেন আওয়ামী লীগের লোকজন। একপর্যায়ে এনসিপির নেতা-কর্মীরা জড়ো হয়ে আওয়ামী লীগের লোকজনকে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে আওয়ামী লীগের লোকজন সড়কের পশ্চিম প্রান্তে চলে যান। সেখানে বাড়িঘরের সামনে রাখা বর্জ্যের পাত্র থেকে খালি কাচের বোতল সংগ্রহ করে এনসিপির নেতা-কর্মীদের দিকে ছুড়ে মারতে থাকেন তাঁরা। একটি কাচের বোতল এনসিপির একজন কর্মীর মাথায় আঘাত করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এরপর রাস্তার পাশের গাছের ডাল ভেঙে এনসিপির নেতা-কর্মীদের পাল্টা ধাওয়া দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
বোতল নিক্ষেপ, গাছের ডাল ভাঙা ও স্থানীয় বাসিন্দাদের বাড়ির সামনে থেকে বিভিন্ন বস্তু নিয়ে প্রতিপক্ষের ওপর আক্রমণের তথ্য স্থানীয় বাসিন্দা কারিন ও অপর বাসিন্দার বক্তব্যেও এসেছে। তবে কারা প্রথম শারীরিক আঘাত করেছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, পাল্টা ধাওয়া খেয়ে এনসিপির নেতা-কর্মীরা হলের সামনের সড়ক হাই রোডে চলে যান এবং সেখানে তাঁরা আবার হলের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এদিকে ওই পরিস্থিতিতে নিজেদের প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে হলের সামনের শাটার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ, ফলে এনসিপির নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে হলের ভেতরে আশ্রয় নিতে পারেননি।
বাংলাদেশ প্রেসক্লাব ইউকের সভাপতি ও এবি নিউজের সম্পাদক সাকির আহমদ মুক্তকণ্ঠকে বলেন, “সিডার পার্ক গার্ডেনস থেকে ধাওয়া করে এসে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা লাঠিসোঁটা ও গাছের ডাল দিয়ে এনসিপির নেতা-কর্মীদের মারধর করেন।” সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে হলের প্রবেশপথে মারধরের দৃশ্য দেখা গেছে।
সংঘর্ষের সূত্রপাত নিয়ে আওয়ামী লীগ ও এনসিপির পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। এনসিপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ মুক্তকণ্ঠকে বলেন, “হলের পেছনের সড়ক ও পার্কিং এলাকায় তাঁদের গাড়ি রাখা ছিল। অনুষ্ঠান শেষে তাঁরা গাড়ির কাছে যাচ্ছিলেন। এ সময় সেখানে আগে থেকে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালান।”
অন্যদিকে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট সুশান্ত দাস গুপ্ত মুক্তকণ্ঠকে বলেন, তাঁরা হলের পেছনের সড়কে অবস্থান করছিলেন। এ সময় একজন নিরাপত্তাকর্মীর সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই নিরাপত্তাকর্মী আওয়ামী লীগের একজন কর্মীকে ধাক্কা দিলে ঘটনার সূত্রপাত হয় বলে দাবি করেন তিনি। সুশান্ত দাসের দাবি, “৫ আগস্টের পর বাংলাদেশে হবিগঞ্জে দুবার তাঁর বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। এই কারণে তিনি নাহিদের অনুষ্ঠানে প্রতিবাদ করতে আসেন।”
স্থানীয় বাসিন্দা কারিনও একজন নিরাপত্তাকর্মীকে সেখানে অবস্থানরত লোকজনের সঙ্গে রূঢ়ভাবে কথা বলতে দেখেছেন বলে জানিয়েছেন। তবে নিরাপত্তাকর্মী কাউকে ধাক্কা দিয়েছিলেন কি না, সে বিষয়ে তিনি কিছু বলেননি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী ও সমর্থকের দেওয়া পোস্টে উল্লাসসূচক বক্তব্য দেখা যায়। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এ ঘটনার পর ফেসবুক পোস্টে লেখেন, “ঐক্যবদ্ধ আওয়ামী লীগ শক্তিশালী, সুসংগঠিত ও অপ্রতিরোধ্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”
তবে নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা ঘিরে মারামারির ঘটনায় বিব্রত হওয়ার কথা বলছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের কেউ কেউ। নাম ও পরিচয় প্রকাশ না করার শর্তে যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্তত দুজন জ্যেষ্ঠ নেতা মুক্তকণ্ঠকে বলেছেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য ছিল না। ওই দুই নেতার ভাষ্য, নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে প্রতিবাদ কর্মসূচি আওয়ামী লীগের দলীয় ব্যানারে দেওয়া হয়নি; দলের সমর্থকদের পক্ষ থেকে এ কর্মসূচি দেওয়া হয়েছিল এবং এমন কর্মসূচি পালনের বিষয়ে তাঁরা নিরুৎসাহিত করেছিলেন।
অনুষ্ঠান শেষে পুলিশ ছিল না কেন, উঠেছে প্রশ্ন। সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় অনুষ্ঠান শুরুর আগে মেফেয়ার ভেন্যুর সামনে ও পেছনে পুলিশের উপস্থিতি ছিল। তবে অনুষ্ঠান শেষে দুই পক্ষের মধ্যে যখন মারামারির সূত্রপাত হয়, তখন আগের মতো পুলিশের উপস্থিতি ছিল না বলে প্রত্যক্ষদর্শীর বর্ণনায় উঠে এসেছে। আগে থেকেই উত্তেজনা বিরাজ করার পরও অনুষ্ঠান শেষে পুলিশের উপস্থিতি কেন বজায় রাখা হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ঘটনার বিষয়ে অবগত কয়েকজন। তাঁদের মতে, অনুষ্ঠান শুরুর আগে যেভাবে পুলিশ মোতায়েন ছিল, অনুষ্ঠান শেষে সেভাবে উপস্থিত থাকলে হয়তো এই সহিংসতা এড়ানো যেত।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের বিবৃতি উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবার রাত ৯টা ৫৯ মিনিটে রমফোর্ডের হাই রোডে বিশৃঙ্খলার খবর পায় পুলিশ। সহিংসতা শুরুর আগে প্রায় ৫০ জন পুরুষ বিক্ষোভে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের তথ্যমতে, এ ঘটনায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের কারও আঘাত প্রাণঘাতী কিংবা জীবনকে স্থায়ীভাবে বদলে দেওয়ার মতো গুরুতর নয়।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, রাত ১০টা ১২ মিনিটে তারা জরুরি কল পায়। ঘটনাস্থলে দুটি অ্যাম্বুলেন্স দল পাঠানো হয়। সেখানে ছয়জনকে চিকিৎসা দেওয়া হয় এবং তাঁদের মধ্যে একজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
মেফেয়ার ভেন্যুর পাশে সিডার পার্ক গার্ডেনসের পূর্ব প্রান্তের মোড়ে অবস্থিত আল হুদা ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকে। ইসলামিক এই ধর্মীয় প্রতিষ্ঠানে মসজিদ ও মাদ্রাসা রয়েছে। এই মসজিদের একজন বাংলাদেশি মুসল্লি হোসাইন মুক্তকণ্ঠকে জানান, ঘটনার পর কয়েকজন স্থানীয় বাসিন্দা তাঁর কাছে বাংলাদেশিদের এমন আচরণের নিন্দা জানিয়েছেন। তাঁদের কথা শুনে একজন বাংলাদেশি হিসেবে তিনি লজ্জিত হয়েছেন। দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছেন তিনি এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাঁদের সুসম্পর্ক রয়েছে। তিনি চান, যুক্তরাজ্যের মাটিতে বাংলাদেশিরা আর যেন এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন।