কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বর্তমানে যে ধরনের জ্বালাও-পোড়াওয়ের কৌশলের মাধ্যমে পুনরায় ক্ষমতায় আসার চেষ্টা করছে, তা কখনোই সফল হবে না বলে দাবি করেছেন নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) সংগঠক অনিক রায়।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক রাজনৈতিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। উক্ত সমাবেশের যৌথ আয়োজন করে এনপিএ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, অল্টারনেটিভস এবং বাংলাদেশ জনরাষ্ট্র আন্দোলন।
সমাবেশে বক্তৃতার সময় অনিক রায় স্পষ্টভাবে বলেন, “তাদেরকে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে হবে, আত্মসমর্পণ করতে হবে এবং বিচারের সম্মুখীন হতে হবে। আওয়ামী লীগের সামনে এটাই একমাত্র পথ।”
অন্যদিকে, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, এখানে অনেক ছোট ছোট দল একত্রিত হয়েছে। তিনি বলেন, “বিভিন্ন দল যারা লুটতরাজ ও শোষণের সাথে যুক্ত তার আপস করলেও এই দলগুলা কোনও আপস করবে না। এই দলগুলোর ঐক্য ক্রমেই বড় হবে। একজন আসামিরও বাড়িঘর ভাঙা চলবে না। রাষ্ট্র যে এখনো লিথাল ওয়েপন ব্যবহার করে নাই, তার জন্য রাষ্ট্রকে ধন্যবাদ।”
অল্টারনেটিভস-এর সংগঠক তাজনুভা জাবিন সাধারণ মানুষের সাথে ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি বলেন, “জনগণের সাথে ঐক্য করতে হবে এবং এই ঐক্য করতে হলে সংস্কারের প্রস্তাবগুলা নিয়ে টেবিলে বসতে হবে। জুলাই অভ্যুত্থানের পরে আমরা রিকনসিলিয়েশনের কথা বলেছিলাম। তারা যদি মনে করে যে এই ঐক্য শুধুমাত্র কয়েকটি রাজনৈতিক শক্তির সাথে মিলে করবে, তাহলে চলবে না। জুলাইয়ের শক্তি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে রয়েছে।”
জেএসডির প্রতিনিধি হিসেবে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন তাঁর উদ্বেগের কথা জানান। তিনি বলেন, “আমরা সবসময় দেখে আসছি, প্রতিটা আন্দোলনের পরেই আন্দোলনের ফসল এবং আন্দোলনের সুফল সাধারণ মানুষ এবং তাদের কাছে আর থাকে না।”
পুরো সমাবেশটি সঞ্চালনা করেন এনপিএর সংগঠক মাঈন আহমেদ।