তিস্তা নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবিতে এক ব্যতিক্রমী প্রতিবাদের পথ বেছে নিলেন রংপুরের পীরগাছা উপজেলার স্থানীয় যুবকেরা। নিজেদের দাবি সরকারের নজরে আনতে নদীর পানিশূন্য চরে দুই দিনব্যাপী এক জমজমাট ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০টি ঘোড়া অংশগ্রহণ করে। রোমাঞ্চকর এই ইভেন্ট দেখতে নদীর দুই পাড়সহ আশপাশের এলাকা থেকে কয়েক হাজার মানুষের ভিড় জমে।
গত শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের পানিয়ালের ঘাট সংলগ্ন তিস্তা নদীর চরে এই প্রতিযোগিতার সূচনা হয়। শনিবার পর্যন্ত এই আয়োজন অব্যাহত থাকে। প্রতিযোগিতার লড়াইয়ে সবাইকে পেছনে ফেলে বিজয়ী হয় পঞ্চগড়ের ছয় বছর বয়সী সাব্বির।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রংপুরের পীরগাছা, কুড়িগ্রামের উলিপুর এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কয়েক লাখ মানুষ নিয়মিত পানিয়ালের ঘাট ব্যবহার করে যাতায়াত করেন। দীর্ঘ সময় ধরে তারা এই ঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। বর্তমানে সেতু না থাকায় তিন উপজেলার বিশাল এলাকার মানুষকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের দৃঢ় বিশ্বাস, এখানে একটি সেতু নির্মিত হলে তিন জেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং এর ফলে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
এলাকার মানুষের ভাষ্যমতে, বর্ষা মৌসুমে নৌকা এবং শুষ্ক মৌসুমে ঘোড়ার গাড়িই তাদের যাতায়াত ও পণ্য পরিবহনের প্রধান ভরসা। এই সীমাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি কষ্ট পেতে হয় শিক্ষার্থীদের। এছাড়া জরুরি প্রয়োজনে কোনো অসুস্থ ব্যক্তিকে দ্রুত হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা নাহিদ ইসলাম ও সাইফুল ইসলাম বলেন, “পানিরিয়ালের ঘাটে একটি সেতু নির্মিত হলে রংপুরের পীরগাছা ও কুড়িগ্রামের উলিপুরসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হবে। একই সঙ্গে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।”
আয়োজক কমিটির প্রধান শাকিল সরকার জানান, সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিরা কয়েক দফায় এলাকা পরিদর্শন করেছেন। তবে দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তাই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার মাধ্যমে তারা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।
এই বিষয়ে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, “সেতুটি নির্মাণের বিষয়ে কারিগরি পর্যবেক্ষণ চলছে। মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে কয়েকবার উচ্চপর্যায়ের একটি দল এলাকা পরিদর্শন করেছে। সম্ভাব্যতা যাচাই শেষ হলে সেতুটি নির্মাণ করা সম্ভব হবে। তবে এ প্রক্রিয়া সময়সাপেক্ষ।”