টানা বৃষ্টি এবং হিমেল বাতাসের কবলে পড়ে চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার তুলাতলি সেতু সংলগ্ন নদীতীরবর্তী বেদে পল্লীর ২৫টি পরিবারের সদস্যরা। পলিথিন ও ত্রিপল দিয়ে তৈরি তাদের অস্থায়ী ঘরগুলোতে বৃষ্টির পানি ঢুকে পড়েছে, যার ফলে বিছানাপত্র, কাপড়চোপড়সহ নিত্যপ্রয়োজনীয় গৃহস্থালি জিনিসপত্র ভিজে একাকার হয়ে গেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের আয়-রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে তীব্র খাদ্য সংকটের মুখে পড়েছেন এই অসহায় মানুষগুলো।
সরেজমিনে দেখা গেছে, নদীর তীর ঘেঁষে সারি সারি পলিথিন ও ত্রিপল দিয়ে তৈরি ছোট ছোট ঘর। দীর্ঘক্ষণ ধরে চলা বৃষ্টিতে ঘরের ভেতরের মাটি এখন কাদায় পরিণত হয়েছে। ছাউনির বিভিন্ন ছিদ্র দিয়ে অনবরত পানি চুইয়ে পড়ছে ভেতরে। ফলে বিছানাপত্র ও কাপড়চোপড় সব ভিজে স্যাঁতসেঁতে হয়ে আছে। এই প্রতিকূল পরিবেশের পাশাপাশি শুকনো জ্বালানির তীব্র অভাব দেখা দিয়েছে, যার কারণে অনেক পরিবার রান্নাবান্নার কাজও করতে পারছে না।
বেদে পল্লীর বাসিন্দারা জানান, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে গত দুই দিন ধরে তাদের দৈনন্দিন কাজকর্ম বন্ধ রয়েছে। কাজ না থাকায় আয়-রোজগারও হচ্ছে না। ফলে পরিবারের সদস্যদের খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। অস্থায়ী ঘরে পানি ঢোকায় রাত কাটানোও কঠিন হয়ে পড়েছে।
তারা আরও জানান, শীতের শুরুতে এমন বৈরী আবহাওয়ায় শিশু ও বয়স্কদের নিয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছেন। ঠান্ডা বাতাস ও স্যাঁতসেঁতে পরিবেশে পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়তে পারেন। বিশেষ করে শিশুদের নিরাপদে রাখার মতো পর্যাপ্ত ব্যবস্থা তাদের নেই।
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল বলেন, “বেদে পল্লীর বাসিন্দাদের দুর্দশার কথা বিবেচনা করে তাদের কাছাকাছি কোনো বিদ্যালয়ে আশ্রয় নিতে বলা হয়েছে। পরিবারগুলোর জন্য শুকনা খাবারের ব্যবস্থাও করা হবে।”