বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণের সুবিধা দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। এই ঋণ সুবিধা পেতে হলে আবেদনকারীকে অন্তত দুজন গ্যারান্টার বা জামিনদার প্রদান করতে হবে। বার্ষিক ৯ শতাংশ সুদে এই ঋণ পাওয়া সম্ভব এবং গ্রেস পিরিয়ডসহ ঋণ পরিশোধের সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করা হয়েছে তিন বছর।
শুধুমাত্র বিদেশগামী কর্মীদের জন্যই নয়, বরং বিদেশফেরত কর্মী, প্রবাসীদের পরিবারের সদস্য এবং যারা বর্তমানে বিদেশে কর্মরত আছেন, তাদের জন্যও এখানে বিভিন্ন ধরনের ঋণসুবিধা রাখা হয়েছে। উদাহরণস্বরূপ, বিদেশফেরত কর্মীরা দেশে ফিরে কোনো ব্যবসা বা প্রকল্প গড়ে তুলতে চাইলে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন।
একই পরিমাণ ঋণের সুযোগ রয়েছে প্রবাসীদের পরিবারের সদস্যদের জন্য, যারা ব্যবসা বা কৃষি উদ্যোগ গ্রহণ করতে চান। এছাড়া বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।
প্রবাসী কল্যাণ ব্যাংকের দেওয়া তথ্যানুযায়ী, ২০১১-১২ অর্থবছর থেকে ২০২৬ সালের ১৭ নভেম্বর পর্যন্ত মোট ৩ লাখ ৪ হাজার ৩০০ জনকে ৬ হাজার ৪৯০ কোটি ৪ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। ঋণ বিতরণের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে টাঙ্গাইল, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা। অন্যদিকে সবচেয়ে কম ঋণ পেয়েছেন বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ঝালকাঠি ও ভোলার বাসিন্দারা।
ব্যাংকটির বিভিন্ন ঋণ কর্মসূচির মধ্যে রয়েছে অভিবাসন ঋণ, নারী অভিবাসন ঋণ, পুনর্বাসন ঋণ, নারী পুনর্বাসন ঋণ, অভিবাসী বৃহৎ পরিবার ঋণ, বৈদেশিক কর্মসংস্থানের জন্য বিশেষ দক্ষতা অর্জন ঋণ, কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) ঋণ এবং পল্লী ও কৃষি ঋণ। তবে ঋণের ধরন অনুযায়ী সুদের হার, জামানত, পরিশোধের সময়সীমা ও প্রয়োজনীয় কাগজপত্রের ভিন্নতা রয়েছে।
বিদেশে চাকরি নিয়ে যাওয়ার প্রাথমিক খরচ মেটাতে প্রবাসী কল্যাণ ব্যাংক যে অভিবাসন ঋণ দেয়, তার সর্বোচ্চ পরিমাণ তিন লাখ টাকা। বার্ষিক সুদের হার ৯ শতাংশ এবং গ্রেস পিরিয়ডসহ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ তিন বছর। এই সময়সীমা শেষ হওয়ার পর মাসিক সমান কিস্তিতে ঋণ পরিশোধ করতে হয়।
এই ঋণ পাওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারী ও জামিনদার উভয়কেই সংশ্লিষ্ট ব্যাংক শাখার আওতাভুক্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া অন্য কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, এনজিও বা বেসরকারি প্রতিষ্ঠানের ঋণখেলাপি হলে এই ঋণ পাওয়া যাবে না।
ঋণ নিতে হলে প্রথমে প্রবাসী কল্যাণ ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে, যা বিনামূল্যে দেওয়া হয়। আবেদনের সাথে আবেদনকারীর তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ভিসা এবং বিএমইটির কার্ডের ফটোকপি জমা দিতে হবে। তবে রি-এন্ট্রি ভিসার ক্ষেত্রে বিএমইটি কার্ড বাধ্যতামূলক নয় এবং লেবার কন্ট্রাক্ট পেপারও বাধ্যতামূলক করা হয়নি।
আবেদনকারীর একটি সচল ব্যাংক হিসাব থাকতে হবে এবং ওই হিসাবের তিনটি স্বাক্ষরিত এমআইসিআর চেকের পাতা ও ব্যাংক হিসাবের বিবরণী জমা দিতে হবে। ঋণ নেওয়ার আগে সংশ্লিষ্ট শাখায় অন্তত ৫০০ টাকা জমা দিয়ে একটি সঞ্চয়ী হিসাব খুলতে হবে।
অভিবাসন ঋণের জন্য ন্যূনতম দুজন জামিনদার প্রয়োজন। তাদের মধ্যে একজনকে অবশ্যই আর্থিকভাবে সচ্ছল এবং ঋণ পরিশোধে সক্ষম হতে হবে। তার নিজের নামে অথবা একক মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের নামে সচল ব্যাংক হিসাব থাকতে হবে। প্রমাণ হিসেবে তিনটি স্বাক্ষরিত এমআইসিআর চেকের পাতা, ব্যাংক হিসাবের বিবরণী এবং আয়ের উৎস বা পেশার প্রমাণপত্র জমা দিতে হবে।
দ্বিতীয় জামিনদার হতে পারবেন আবেদনকারীর পরিবারের সদস্য অথবা নিকটতম আত্মীয়। উভয় জামিনদারের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এক কপি ছবি এবং স্থায়ী ঠিকানার প্রমাণপত্র জমা দেওয়া আবশ্যক।
রি-এন্ট্রি ভিসায় বিদেশ যেতে চাইলে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রমাণ, বিদেশে কর্মসংস্থানের প্রমাণ এবং বিদেশযাত্রার আনুষঙ্গিক ব্যয়ের বিবরণ প্রদান করতে হবে। এক্ষেত্রে নিয়োগপত্র, কর্মসংস্থান চুক্তি, ওয়ার্ক পারমিট, রেসিডেন্স পারমিট, বেতন স্লিপ এবং বিমান টিকিট কেনার রসিদসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া যাবে।
ব্যাংকের নিয়ম অনুযায়ী, ঋণের বিপরীতে শূন্য দশমিক ৫০ শতাংশ প্রসেসিং ফি এবং সমপরিমাণ ডকুমেন্টেশন ফি দিতে হবে, যার ওপর ভ্যাট প্রযোজ্য। এছাড়া প্রতি লাখ টাকার জন্য ৯০০ টাকা ঝুঁকি আচ্ছাদন স্কিমের ফি দিতে হয়। স্ট্যাম্প খরচ হিসেবে ১০ টাকা মূল্যের ১৬টি রেভিনিউ স্ট্যাম্প এবং প্রত্যেক জামিনদারের জন্য ১০০ টাকা মূল্যের তিনটি অ্যাডহেসিভ স্ট্যাম্প প্রয়োজন। যথাযথ কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার পর সাত কর্মদিবসের মধ্যে ঋণসেবা দেওয়ার কথা বলা হয়েছে।
রংপুরের বাসিন্দা গোপাল চন্দ্র শীল বর্তমানে ব্রুনাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিদেশ যাওয়ার খরচ মেটাতে তিনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন।
গোপাল চন্দ্র শীল মুক্তকণ্ঠকে বলেন, “আমি ব্রুনাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নেওয়ার কথা ভাবছি। ইতিমধ্যেই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছি। বিদেশ যাওয়ার সব কাগজপত্র হাতে পেলে ঋণের জন্য আবেদন করব।”
প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়াহিদা বেগম মুক্তকণ্ঠকে বলেন, “বিদেশগামী কর্মীদের সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়া হচ্ছে। এ জন্য দুজন জামিনদার প্রয়োজন। তবে তাদের সরকারি চাকরিজীবী হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।”
তিনি আরও বলেন, “প্রবাসীদের ঋণের টাকা পরিশোধ সহজ করতে অগ্রণী ব্যাংক ও সিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিইএফটিএন সংযোগ চালুর প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে। এটি চালু হলে প্রবাসীরা সরাসরি ব্যাংকের মাধ্যমে ঋণের টাকা পাঠাতে পারবেন।”