‘আপনারা জনগণকে প্রকৃত সেবা দিন, আমি আপনাদের দুলাভাইয়ের মতো মর্যাদা দেব’—বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে এই কথা বলেছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য রাজিব আহসান।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে মেহেন্দিগঞ্জ পৌর ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
সভায় প্রতিমন্ত্রী রাজিব আহসান জোর দিয়ে বলেন, পৌরসভার প্রতিটি নাগরিক সেবা অত্যন্ত স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে নিশ্চিত করতে হবে। বিশেষ করে জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ প্রদান, পৌরকর আদায়, রাস্তাঘাটের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, সুপেয় পানি সরবরাহ এবং পানি নিষ্কাশনসহ সকল সেবামূলক কাজে যেকোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি কঠোরভাবে বন্ধ করতে হবে। তিনি সতর্ক করে বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও উল্লেখ করেন যে, কর্মকর্তা ও কর্মচারীদের মূল দায়িত্ব হলো জনগণের সেবক হিসেবে কাজ করা। সব কাজ নিয়মের মধ্যে থেকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নাগরিকদের প্রদান করতে হবে। যারা দায়িত্বশীলতার সঙ্গে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করবেন, তাদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া হবে। এই প্রসঙ্গেই রসিকতা করে তিনি বলেন, ‘আপনারা জনগণকে প্রকৃত সেবা দিন, আমি আপনাদের দুলাভাইয়ের মতো মর্যাদা দেব’।
পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের আমন্ত্রণে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক মো. রিয়াজুর রহমান। সভায় গত দুই থেকে তিন অর্থবছরের আয়-ব্যয়, রাজস্ব আদায়ের পরিমাণ এবং ব্যয় ব্যবস্থাপনার সামগ্রিক চিত্র পর্যালোচনা করা হয়। এ সময় পৌর এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ও পানি নিষ্কাশনব্যবস্থা গড়ে তোলা এবং পৌরসভার জন্য একটি স্থায়ী ভবন নির্মাণের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা চলে। পাশাপাশি নাগরিক সেবা প্রদানে যেসব প্রতিবন্ধকতা ও সমস্যা রয়েছে, তা সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিমন্ত্রীর সামনে তুলে ধরেন।
উক্ত সভায় পৌরসভার প্রকৌশলীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন এবং উপজেলা ও পৌর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সভায় প্রতিমন্ত্রী রাজিব আহসান পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত করার পাশাপাশি নাগরিকদের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।