চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির ঘটনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক প্রোগ্রামারসহ তিন কর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাঁদের গ্রেপ্তার করে। এরপর গত বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হলেও আজ শনিবার বিষয়টি প্রকাশ্যে আসে।
গ্রেপ্তারকৃত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মোহাম্মদ আবদুল মালেক (৫৬), স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯) এবং শহিদুল আলম (২৭)। গ্রেপ্তারকৃত ফরহাদুল ও শহিদুল উভয়েই বোর্ডের অস্থায়ী কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, ফল জালিয়াতির অভিযোগে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ যে মামলাটি দায়ের করেছিল, তার এজাহারে এই তিনজনের নাম উল্লেখ ছিল না। তবে সিআইডির তদন্তে তাঁদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রাসেল মিয়ার নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এই তিন কর্মীকে আটক করা হয়। রাসেল মিয়া মুক্তকণ্ঠকে বলেন, “তিনজনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ফলাফল জালিয়াতির সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া গেছে।”
শিক্ষা বোর্ড ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় এক শিক্ষার্থীর নম্বর পরিবর্তন করে তাকে পাস করানোর অভিযোগে গত ২৯ অক্টোবর পাঁচলাইশ থানায় মামলা করেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক। ওই মামলায় বোর্ডের কম্পিউটার সেলের কর্মচারী ইমতিয়াজ আহমেদ চৌধুরী, রাশেদুল ইসলাম ও নূর হোসেন ওরফে রায়হান এবং এক শিক্ষার্থীকে আসামি করা হয়েছিল।
এজাহারের বিবরণ অনুযায়ী, ওই শিক্ষার্থী ১০টি বিষয়ে অকৃতকার্য হওয়া সত্ত্বেও নম্বর পরিবর্তনের মাধ্যমে প্রকাশিত ফলাফলে তাকে জিপিএ-৪.৯৪ দেখানো হয়। জালিয়াতির মাধ্যমে উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫ এবং গণিতে ৯-এর পরিবর্তে ৬৬ নম্বর দেওয়া হয়। এছাড়া অন্যান্য বিষয়েও নম্বর বাড়ানোর অভিযোগ রয়েছে।
বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ জহিরুল হক মুক্তকণ্ঠকে বলেন, “উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সময় খাতায় পাওয়া নম্বরের সঙ্গে প্রকাশিত ফলের অমিল ধরা পড়ে। এরপর অভ্যন্তরীণ তদন্ত শুরু করে শিক্ষা বোর্ড। ওই শিক্ষার্থীর ফল স্থগিত করা হয়। পরে মন্ত্রণালয়ের নির্দেশনায় মামলা করা হয়।”