এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশক্তির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব সাইয়েদ হোসেন মানিকের পাঁচ বিষয়ে অকৃতকার্য হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার পরীক্ষার ফলাফলের একটি স্ক্রিনশট ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পাশাপাশি ফেসবুকে মিষ্টির কার্টনের ছবি প্রকাশ করায় বিষয়টি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।

গত রোববার (১ নভেম্বর) এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এই তথ্যটি সামনে আসে।

শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, সাইয়েদ হোসেন মানিক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সাতকানিয়া সরকারি কলেজ থেকে চলতি বছরের (২০২৬) পরীক্ষায় অংশগ্রহণ করেন। মানবিক বিভাগের এই শিক্ষার্থীর ফলাফলের বিবরণীতে দেখা গেছে, তিনি বাংলা এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ‘ডি’ গ্রেড পেয়েছেন। তবে ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), অর্থনীতি, যুক্তিবিদ্যা ও পৌরনীতি ও সুশাসন—এই পাঁচটি বিষয়ে তিনি ‘এফ’ গ্রেড (অকৃতকার্য) পেয়েছেন। যার ফলে তার কোনো জিপিএ আসেনি।

এদিকে ফলাফল প্রকাশের দিনই মানিকের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ১০ থেকে ১২ কার্টন মিষ্টির ছবি পোস্ট করা হয়। বিষয়টি সামনে আসার পর সমালোচকদের দাবি, পরীক্ষার ফলাফল নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করার উদ্দেশ্যেই এই ছবি পোস্ট করা হয়েছিল। তবে কোন বিশেষ উপলক্ষে বা কী উদ্দেশ্যে তিনি এই মিষ্টির ছবি শেয়ার করেছেন, সে বিষয়ে তার পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

এই বিষয়ে সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু রায়হান মো. আশিকুর রহমান মুক্তকণ্ঠকে জানান, “ওই ছেলেকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। আমাদের কলেজে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। সে যদি আমাদের কলেজের ছাত্র হয়ে থাকে, তবে সে খাতায় যেমন লিখেছে তেমনই নম্বর পেয়েছে। এ বিষয়ে আমার নতুন করে কিছু বলার নেই।”

পরীক্ষায় অকৃতকার্য হওয়া এবং মিষ্টি বিতরণের গুঞ্জন নিয়ে বক্তব্য জানতে সাইয়েদ হোসেন মানিকের মোবাইলে একাধিকবার কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব শক্তির দপ্তর সম্পাদক আমজাদ হোসেন মুক্তকণ্ঠকে বলেন, “মানিক ছাত্র শক্তির দক্ষিণ জেলার যুগ্ম সদস্য সচিব ঠিক আছে, কিন্তু তার রেজাল্টের বিষয়ে আমি কিছু বলতে আগ্রহী না।”