কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার দেশে না ফেরার রহস্য বা জট খুলে দিয়েছেন শামীম ওসমান বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
শনিবার (২১ নভেম্বর) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার না ফেরার জট খুলে দিয়েছে শামীম ওসমান। শামীম ওসমান দাবি করেছে যে, তিনি ক্যান্সারে আক্রান্ত, এ জন্য নেত্রী তাকে ডিসেম্বরে ফিরতে নিষেধ করেছে। আবার অতীতে এটি চাউর হয়েছিল যে, শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত।’
তিনি আরও উল্লেখ করেন, ‘শেষমেষ কি তাহলে এটি শোনা যাবে যে, শেখ হাসিনা ক্যান্সারে আক্রান্ত হওয়ায় ভারত তাকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে! হয় তো আর কিছুদিন পর ওবায়দুল কাদেরসহ বাকি পলাতক নেতারাও দাবি করবে যে, নেত্রী তাদের দেশে ফিরতে নিষেধ করেছে। সে ক্ষেত্রে আওয়ামী লীগের হাল ধরার জন্য সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানো যেতে পারে!’
রাশেদ খাঁনের মতে, এই ধরনের দাবির মাধ্যমে একটি নির্দিষ্ট কৌশল অবলম্বন করা হচ্ছে। তিনি বলেন, ‘এতে অন্তত ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে না আসলেও ভবিষ্যতে শেখ হাসিনা দেশে ফিরে আসবে, সেই স্ট্যান্টবাজিটা অন্তত জিইয়ে রাখতে পারবে। আর যদি সত্যিই ক্যান্সারে আক্রান্ত হওয়ার কারণে শেখ হাসিনা বাংলাদেশে না ফেরে এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চায়, তবে সত্যিই এই ডিসেম্বরে আওয়ামী লীগ নামক দল ক্যান্সারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে এবং কোনো ক্যামোথেরাপি দিয়ে আওয়ামী লীগকে ক্যানসার থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না।