মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি ইউটিউব চ্যানেলে আয়োজিত টকশোতে অংশ নিয়ে তিনি নিজেই তার শারীরিক অসুস্থতার কথা প্রকাশ করেন।
সংশ্লিষ্ট টকশোতে কথা বলার সময় তিনি দাবি করেন যে, তিনি অত্যন্ত অসুস্থ এবং তার ক্যানসার এখন চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছে। নিজের জীবন ও ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি কয়দিন বাঁচব, আমি জানি না।’
শারীরিক অবস্থার পাশাপাশি ওই আলোচনায় নারায়ণগঞ্জের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কারাবরণ, আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা এবং বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে বিস্তারিত মন্তব্য করেন তিনি।
সাবেক মেয়র সেলিনা আইভীর প্রসঙ্গ টেনে শামীম ওসমান বলেন, আইভী জামায়াতের বিরুদ্ধে কথা না বলেও কারাভোগ করেছেন। মেয়র হওয়ার পর তিনি নিজেকে সবার মেয়র হিসেবে পরিচয় দিয়েছিলেন। বিএনপি কিংবা জামায়াতের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য না দিলেও তাকে নয় মাস কারাগারে থাকতে হয়েছে।
নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থার অবনতি নিয়ে শামীম ওসমান বলেন, ‘একসময় গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। কিন্তু কেন্দ্রের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি ও কোটাভিত্তিক রাজনীতির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে।’
কেন্দ্রীয় নেতৃত্বের ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি কমে যাওয়ার পেছনে কেন্দ্রীয় নেতৃত্বেরও দায় রয়েছে। বিভাজনের রাজনীতি দলকে ক্ষতিগ্রস্ত করেছে।’ বর্তমান পরিস্থিতি থেকে দলের বেরিয়ে আসার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে শামীম ওসমান মন্তব্য করেন যে, আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপিকে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মুখোমুখি হতে হবে। আলোচনায় নিজের বাসায় আগুন দেওয়ার ঘটনার কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন দেশ থেকে পালিয়ে যাওয়া এই নেতা। ওই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির কথা মনে করে তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন।