মুন্সীগঞ্জের সিরাজদিখানের লতব্দী ইউনিয়নে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের কার্যালয়ে রাতের আঁধারে অগ্নিসংযোগ করেছে একদল দুর্বৃত্ত। শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে রামকৃষ্ণদী বাজারে এই ঘটনাটি ঘটে।
আক্রান্ত কার্যালয়টি সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়ার। ঘটনার পর স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ওই ফুটেজে দেখা যায়, রাত ১২টার দিকে মুখোশ পরিহিত তিন ব্যক্তি হাতে কেরোসিনের বোতল নিয়ে বাজারের পূর্ব দিক থেকে কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। পরদিন শনিবার সকালে যখন সংশ্লিষ্টরা কার্যালয় খুলতে আসেন, তখন তারা ভেতরে অগ্নিসংযোগের বিষয়টি লক্ষ্য করেন।
ঘটনার বিষয়ে বাদশা মিয়া জানান, শুক্রবার রাত ১০টা পর্যন্ত তারা কার্যালয়ে অবস্থান করেছিলেন। এরপর সবাই নিজ নিজ বাড়িতে চলে যান। শনিবার সকালে এসে তিনি দেখতে পান কার্যালয়ের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করার পর তারা বুঝতে পারেন যে সেখানে আগুন লাগানো হয়েছে।
বাদশা মিয়া অভিযোগ করে বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে সিরাজদিখান উপজেলা শ্রমিক দল সক্রিয় থাকায় তাদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।”
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন এ বিষয়ে জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।