মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি বাসের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নিমতলা এলাকার হাওলাদার ফিলিং স্টেশনের সামনে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মাওয়া থেকে ঢাকার দিকে দ্রুতগতিতে আসা এভারেস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অজ্ঞাতনামা একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং এতে বাসের ভেতরে থাকা আটজন যাত্রী আহত হন।

দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই সিরাজদিখান ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ঘটনার বিষয়ে হাসারা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা মুক্তকণ্ঠকে বলেন, “বেপরোয়া গতির কারণে বাসটি সামনে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি থানা হেফাজতে রয়েছে। তবে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।”