ঢাকা-মাওয়া মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ চেকপোস্ট স্থাপন করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকেই মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় এই তল্লাশি কার্যক্রম শুরু করেছে সিরাজদিখান থানা পুলিশ। মহাসড়ক দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহনের ওপর এই নজরদারি চালানো হচ্ছে।

পুলিশের এই চেকপোস্টে মোটরসাইকেল, প্রাইভেটকার এবং মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে। পাশাপাশি চালক ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মূলত সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন শনাক্ত করা, যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা এবং মহাসড়কের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, পুলিশের এই তৎপরতা অপরাধীদের চলাচল নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

এই বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রাখা, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। মহাসড়কে যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”

তিনি আরও জানান, “সন্দেহজনক যানবাহনে তল্লাশি ও অপরাধ দমনে নজরদারি আরও জোরদার করা হয়েছে। জননিরাপত্তা ও মহাসড়কে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।”