আজ শনিবার সকাল থেকে পাবনা-ঢাকা সরাসরি নতুন ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই ট্রেন চালু হওয়ায় পাবনা রেলস্টেশনে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। যাত্রী, স্বজন এবং সাধারণ দর্শনার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

সকাল সাড়ে সাতটা। বৃষ্টির মধ্যেই স্ত্রী ও মেয়েকে নিয়ে পাবনা রেলস্টেশনে হাজির হন জেলা শহরের রাধানগর মহল্লার বাসিন্দা রাজিউর রহমান। তাঁর গন্তব্য ঢাকা। বাস ছেড়ে সাতসকালে ট্রেন বেছে নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ট্রেন স্বাচ্ছন্দ্যের বাহন। বহু বছর ধরে আমরা পাবনার মানুষ এই ট্রেনের অপেক্ষায় ছিলাম। শেষ পর্যন্ত আশা পূরণ হইছে। তাই বউ-বাচ্চা নিয়ে ট্রেনেই ঢাকা যাব ঠিক করছি, টিকিটও কাটছি।’

অন্যদিকে, পৈলানপুর মহল্লার কৃষিবিদ জাফর সাদিক তাঁর ছেলেকে ট্রেনে তুলে দিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে স্টেশনে এসেছিলেন। তিনি জানান, ‘আমার ছেলে তো বড় হয়েছে, একাই যেতে পারত। তবে ট্রেনটি প্রতীক্ষিত। তাই একনজর দেখাও হলো, ছেলেকে ট্রেনে তুলে দেওয়াও হলো।’

পাবনাবাসীর দীর্ঘদিনের জোরালো দাবির মুখে গত বৃহস্পতিবার বিকেলে পাবনা-ঢাকা সরাসরি ট্রেনটি চালু করা হয়। উদ্বোধনী দিনে বিকেল সাড়ে পাঁচটার দিকে ৫৫২ জন যাত্রী নিয়ে পাবনা স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। সেদিন ট্রেনটি দেখার জন্য স্টেশনে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। আর আজ শনিবার সকাল থেকে শুরু হলো এর নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম।

নির্ধারিত সময়সূচী অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ৮টায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ নামে ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিপরীতে, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে একই ট্রেন ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যাবে বেলা ৩টা ২৫ মিনিটে।

স্টেশনে এখন প্রতিদিন মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কেউ ট্রেনের সঙ্গে ছবি তুলছেন, আবার কেউ কৌতূহলবশত ট্রেনটি ছুঁয়ে দেখছেন। নতুন ট্রেনের যাত্রী হতে ঢাকা থেকেও অনেকে পাবনায় এসেছেন। তাঁদের মধ্যে একজন হলেন পাবনা জিলা স্কুলের ৯১ ব্যাচের শিক্ষার্থী জাকির হোসাইন। মুক্তকণ্ঠকে তিনি বলেন, ‘এই ট্রেনের জন্য পাবনাবাসী কত মানববন্ধন, আন্দোলন ও সংগ্রাম করেছে। আমরা তাতে অংশ নিয়েছি। সেই আন্দোলন-সংগ্রামের ফল পেতে যাচ্ছি। তাই ইতিহাসের সাক্ষী হতে ঢাকা থেকে পাবনা এসেছি। নতুন ট্রেনে ঢাকা ফিরব।’

প্রথম যাত্রায় ভাইকে বিদায় জানাতে আসা শ্রেয়া শারমিন বলেন, ‘এটা নতুন অনুভূতি, নতুন প্রাপ্তি। শুধু ভাইকে তুলে দেওয়া নয়, নতুন ট্রেনটি দেখতেই সকালে স্টেশনে এসছি। বেশ ভালো লাগছে।’

পাবনা শহরের শালগাড়িয়া মহল্লার রাশিদা আক্তার তাড়াহুড়া করে ট্রেনে উঠছিলেন। ট্রেনে উঠে তিনি বলেন, ‘ট্রেন হচ্ছেগা সুবিধা। আমরা এই ট্রেনটারই অপেক্ষায় ছিলেম। শেষ পর্যন্ত পালেম। মনে হলো, ঢাকাত ইকটু বুনির (বোনের) বাড়ি ঘুরে আসি। তাই যাচ্ছি।’

উদ্বোধনী যাত্রার যাত্রী ছিলেন শহরের কাচারিপাড়া মহল্লার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মির্জা আজাদ। তিনি বলেন, ‘পাবনা-ঢাকা সরাসরি ট্রেন আমাদের বাবাদের স্বপ্ন ছিল। এত দিনে সেই স্বপ্নের বাস্তবায়ন হলো। আমরা এতেই খুশি।’

পাবনা স্টেশনের প্রধান স্টেশন কর্মকর্তা সিরাজুল ইসলাম জানিয়েছেন, এই ট্রেনটিতে মোট ১ হাজার ২০০টি আসন রয়েছে। প্রথম দিনে (শনিবার) অনলাইনে পাবনা থেকে ৮৫২টি আসন বুকিং করা হয়েছে এবং কাউন্টার থেকে বিক্রি হয়েছে ১৯টি টিকিট। তাঁর মতে, এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় ট্রেনটির ব্যাপক চাহিদা রয়েছে।

ভাড়ার তালিকা অনুযায়ী, ট্রেনটি পাবনা থেকে ছেড়ে ঈশ্বরদী জংশন, চাটমোহর, বড়াল ব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর হয়ে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে। বিকেলে কমলাপুর থেকে ছেড়ে একইভাবে পুনরায় পাবনায় ফিরে আসবে। পাবনা থেকে ঢাকা পর্যন্ত শোভন চেয়ারের ভাড়া ৪২৫ টাকা, প্রথম সিট ৫৬৫ টাকা, স্নিগ্ধা ৭১০ টাকা এবং এসি সিটের ভাড়া ৮৫০ টাকা। ঢাকা থেকে পাবনার ভাড়ার হারও একই রকম।

ট্রেনটি পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল উল্লেখ করে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এ বি এম ফজলুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, ‘এই ট্রেন শুধু যাত্রীসেবাই নয়, জেলার ব্যবসা-বাণিজ্যেও ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।’

উল্লেখ্য যে, স্বাধীনতার পর ১৯৭৪ সালে ঈশ্বরদী থেকে বেড়া উপজেলার ঢালারচর পর্যন্ত রেলপথ নির্মাণের পরিকল্পনা নেওয়া হলেও তা বাস্তবায়নে কয়েক দশক সময় লেগে যায়। অবশেষে ২০১০ সালে প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে ঈশ্বরদীর মাঝগ্রাম থেকে ঢালারচর পর্যন্ত ৭৮ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়। ২০২০ সাল থেকে এই পথে ঢালারচর থেকে রাজশাহী পর্যন্ত কেবল ‘ঢালারচর এক্সপ্রেস’ চলাচল করত।

পাবনাবাসীর দাবির মুখে ২০২৩ সালের ১৬ মে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দায়িত্ব নেওয়ার পর পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিন মাসের মধ্যে পাবনা-ঢাকা ট্রেন চালুর ঘোষণা দিয়েছিলেন। তবে তা তাৎক্ষণিকভাবে বাস্তবায়িত হয়নি। সর্বশেষ চলতি বছরের ২০ জুন রেলপথ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম পাবনা সার্কিট হাউসে আগস্ট মাসের মধ্যে ট্রেন চালুর ঘোষণা দেন। শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো।