দীর্ঘদিনের প্রতীক্ষা এবং নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পাবনাবাসীর লালিত স্বপ্ন সত্যি হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা-পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রেনটির শুভ উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলী আসগার এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে বিশেষ ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তবে নিয়মিত বাণিজ্যিক চলাচল শুরু হবে আগামীকাল ২০ নভেম্বর থেকে।
নির্ধারিত সূচি অনুযায়ী, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে সকাল ৮টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। ঢাকা-পাবনা-ঢাকা রুটে চলাচলকালে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম.এ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে। এই নতুন ট্রেন সার্ভিসের ফলে পাবনাবাসীর দীর্ঘদিনের যাতায়াতজনিত ভোগান্তি দূর হবে এবং রাজধানীর সাথে সরাসরি ও নিরাপদ রেল যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এই উদ্যোগ সম্পর্কে বলেন, “আমরা অনেক আগেই জোড়া তালি দিয়ে ঢাকা-পাবনা ট্রেন চালু করতে পারতাম কিন্তু পাবনাবাসীর আবেগের প্রতি শ্রদ্ধা রেখে, আমরা চেয়েছি সম্পূর্ণ নতুন কোচ দিয়ে এই রুটে ট্রেন চালু করা। প্রধানমন্ত্রীর সম্মতিতে সেটি বাস্তবায়িত হওয়ায় আমরাও আন্দিত।”