পাবনার সামগ্রিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আশ্বস্ত করেছেন যে, বিএনপি সরকার সাধারণ মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। জেলার রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নসহ সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ড পর্যায়ক্রমে সম্পন্ন করার কথা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে পাবনা রেলওয়ে স্টেশন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন রেলমন্ত্রী। পাবনা-ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, “চমৎকার এই বিকেলে খুবই আনন্দ লাগছে। সম্পূর্ণ নতুন ট্রেনে আপনাদের সঙ্গে ঢাকায় যাব। পাবনার সংসদ সদস্যের পক্ষ থেকে ৯ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি রয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে আপনারা নির্বাচিত করেছেন। তাই পাবনার দাবি অগ্রাধিকার পাবে। আধুনিক রেলের সব সুযোগ-সুবিধা এখানে নিশ্চিত করা হয়েছে।”
প্রধানমন্ত্রী বরাবরই রেল যোগাযোগে যুগান্তকারী পরিবর্তন আনতে কাজ করছেন বলে উল্লেখ করে তিনি আরও জানান, এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ রেললাইন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে টঙ্গী থেকে আখাউড়া পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া পূর্ব ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থাকে নতুন করে বিন্যস্ত করা হচ্ছে। পর্যায়ক্রমে আরও ১০টি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
জনগণের আস্থার কথা উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, “এটাই জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন। ভোটের মাধ্যমে আপনারা আমাদের ওপর যে দায়িত্ব দিয়েছেন, তার মর্যাদা রাখব। বিএনপির ওপর যে আস্থা রেখেছেন, সেই আস্থার প্রতিদান দেওয়া হবে।”
পাবনার উন্নয়নে স্থানীয় সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে রেলমন্ত্রী বলেন, শিমুল বিশ্বাস জনগণের হয়ে উন্নয়নের দাবিগুলো উত্থাপন করেছেন। বিশেষ করে ওয়াই-টাইপ সেতু নির্মাণের জন্য তিনি ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারেক রহমানও এই সেতু নির্মাণে উদ্যোগী হয়েছেন। আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে এই সেতু নির্মাণে বিপুল অর্থায়নের আগ্রহ রয়েছে বলে জানান মন্ত্রী। দ্রুততম সময়ের মধ্যে ওয়াই-টাইপ সেতুর কাজ সম্পন্ন করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
পাবনার সব উন্নয়নকাজ বাস্তবায়নের অঙ্গীকার করে তিনি আরও বলেন, “বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। ওয়াই-টাইপ সেতুর উদ্বোধনী অনুষ্ঠানেও যেন উপস্থিত থাকতে পারি, সেই প্রত্যাশা করছি।”
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ও পাবনার কৃতীসন্তান ফাহিমুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন এবং পাবনার জেলা প্রশাসক ও পুলিশ সুপার আবু আশরাফ প্রমুখ।