বৃষ্টিমুখর এক সন্ধ্যায় বগুড়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে উপচে পড়া ভিড়। উপলক্ষ ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন। জেলা জাসাসের আয়োজনে এই বিশেষ দিনে মঞ্চে চলছিল নানা সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানের আনুষ্ঠানিক বক্তব্যের এক পর্যায়ে তিনি নিজেই গান গেয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

প্রথমে সংস্কৃতি প্রতিমন্ত্রী কিশোর কুমারের কালজয়ী গান ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো’ গেয়ে শোনান। এরপর তার কণ্ঠে শোনা যায় দেশাত্মবোধক গান ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা’।

গান পরিবেশন করার আগে নিজের বক্তব্যে প্রতিমন্ত্রী দেশের সংস্কৃতির বর্তমান নাজুক পরিস্থিতির কথা তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতি দীর্ঘদিন ধরে দুর্বল ও বিপন্ন অবস্থায় আছে। ২০ বছর ধরে সংস্কৃতি নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে সংস্কৃতির লালন ও পৃষ্ঠপোষকতার জন্য এত দিন কোনো পরিকল্পনা ছিল না। ফলে শিল্প, সাহিত্য, নৃত্য, চিত্রকলাসহ সংস্কৃতির প্রতিটি ক্ষেত্র দুর্বল হয়ে পড়েছে।”

সংস্কৃতি প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ডিসেম্বরে ব্যাপক পরিসরে একটি জাতীয় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হবে। এর মাধ্যমে সংস্কৃতির সুপ্ত, হারিয়ে যাওয়া ও বিলুপ্তপ্রায় বিষয়গুলোকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসার তাগিদ দিয়ে বলেন, “বাংলাদেশের সংস্কৃতির গর্ব করার মতো সমৃদ্ধ ঐতিহ্য আছে। সংস্কৃতির ব্যাপক পরিসর ও ঐতিহ্য বিশ্বে বাংলাদেশকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে পারে। আগামী ডিসেম্বরে ব্যাপক পরিসরে জাতীয় সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হবে। এর মধ্য দিয়ে সংস্কৃতির সুপ্ত, হারিয়ে যাওয়া ও বিলুপ্তপ্রায় বিষয়গুলো ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।”

অনুষ্ঠানে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। প্রতিমন্ত্রীর গান উপভোগ করেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।