আজ শুক্রবার তারেক রহমান ৬২ বছরে পদার্পণ করেছেন। তিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান হিসেবে ১৯৬৫ সালের ২০ নভেম্বর তারেক রহমান জন্মগ্রহণ করেন।
শৈশবের কথা উল্লেখ করে জানা যায়, কঠোর শৃঙ্খলাবোধসম্পন্ন পিতার সন্তান হিসেবে তারেক রহমানের বেড়ে ওঠা ছিল অত্যন্ত সাধারণ ও সাদামাটা পরিবেশে। অনাড়ম্বর জীবনযাপনই ছিল তাঁর পরিবারের মূলমন্ত্র।
শিক্ষাজীবনের কথা বলতে গেলে, বিদ্যালয়ে যাওয়ার বয়স হলে তাঁর মা-বাবা তাঁকে ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করান। সেখান থেকে তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় সরকারি প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর উচ্চশিক্ষার পথচলা শুরু হয়।
রাজনৈতিক অঙ্গনে তাঁর প্রবেশ ঘটে ১৯৮৮ সালে। পিতার জন্মস্থান উত্তরাঞ্চলের বগুড়া জেলার গাবতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন।
তবে রাজনৈতিক জীবনের পথচলা সহজ ছিল না। পরবর্তী সময়ে তারেক রহমান এক-এগারোর সরকারের নির্মম নির্যাতনের শিকার হন। সেনাসমর্থিত অবৈধ এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে নিষ্ঠুর, বিদ্বেষমূলক ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালানো হয়। তাঁর বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়। তবে এসব প্রতিকূল ঘটনা তাঁর মনোবল ভেঙে দিতে এবং রাজনীতি থেকে তাঁকে বিচ্যুত করতে পারেনি।
দীর্ঘ প্রায় ১৬ বছর জনগণের ম্যান্ডেটবিহীন আওয়ামী লীগ স্বৈরাচারী সরকারের শাসনামলে দেশ যখন চরম দুঃশাসন ও অরাজকতার মধ্যে নিমজ্জিত ছিল, তখন তারেক রহমান রাষ্ট্রের সামগ্রিক কাঠামোগত সংস্কারের ধারণা সামনে আনেন।
দীর্ঘ নির্বাসিত জীবনের পর গত বছরের ২৫ ডিসেম্বর তিনি পুনরায় মাতৃভূমিতে প্রত্যাবর্তন করেন। জাতীয় নির্বাচনের মাত্র দেড় মাস আগে তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তন ছিল অত্যন্ত গৌরবময়। এরপর তিনি জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং উভয় আসনেই বিজয়ী হন।
পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর পরিবার একটি গৌরবোজ্জ্বল রাজনৈতিক ঐতিহ্যের অধিকারী। তাঁর বাবা ও মা উভয়েই জনগণের ম্যান্ডেট নিয়ে যথাক্রমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন।