টুপটাপ বৃষ্টি, হাতে খিচুড়ির ডেগ আর মুখে স্লোগান—এমন এক দৃশ্যের বর্ণনা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বৃষ্টির মধ্যেই গোপালগঞ্জে আনসার সদস্যদের জন্য খাবার নিয়ে হাজির হয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে তাঁরা আনসার সদস্যদের হাতে খিচুড়ি তুলে দিচ্ছেন এবং সদস্যরাও সেই খাবার গ্রহণ করছেন।
বৃহস্পতিবার প্রচারিত ওই ৪৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি অটোরিকশা থেকে বড় একটি সসপ্যান নামানো হচ্ছে এবং কয়েকজন ব্যক্তি সেটি হাতে নিয়ে আনসার সদস্যদের কাছে পৌঁছে দিচ্ছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘গোপালগঞ্জে বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ!’
তবে এই তথ্যের বিপরীতে বিজ্ঞপ্তি দিয়ে ভিন্ন এক সত্য সামনে এনেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। গতকাল শুক্রবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে আনসার বাহিনী দাবি করেছে, গোপালগঞ্জ জেলা কারাগারে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের জন্য নেওয়া খাবার একদল দুর্বৃত্ত ছিনিয়ে নিয়েছে। খাবার বহনকারী ব্যক্তিদের জিম্মি করে এবং ভয়ভীতি দেখিয়ে এই ছিনতাই করা হয়। এরপর সেই ছিনিয়ে নেওয়া খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এই কারণে ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে প্রচারিত তথ্যটিকে সম্পূর্ণ বিভ্রান্তিকর বলে দাবি করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
উল্লেখ্য, নিজেদের সংবাদমাধ্যম দাবি করা Bartamandesh.com নামের একটি ফেসবুক পেজ থেকে প্রথমে এই ৪৪ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টের শিরোনামে লেখা ছিল, ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ!’ শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত ভিডিওটি ১৯ লাখের বেশিবার দেখা হয়েছে, যাতে প্রতিক্রিয়া জানিয়েছেন ১ লাখ ২৩ হাজারের বেশি মানুষ এবং শেয়ার হয়েছে ১১ হাজারের ওপরে। ইউটিউবের পাশাপাশি আরও ৩৯টির বেশি ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি প্রচার করা হয়।
ভিডিওটির সত্যতা যাচাই করতে গিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেসবুক পেজে ২০ নভেম্বর প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তি পাওয়া যায়। বিজ্ঞপ্তিটির শিরোনাম ছিল, ‘গোপালগঞ্জ জেলা কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রকৃত ঘটনা’।
বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়, গোপালগঞ্জ জেলা কারাগারের নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন আনসার ব্যাটালিয়নের সদস্যরা। তাঁদের জন্য জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বেসামরিক কর্মীরা খাবার নিয়ে যাওয়ার সময় পথে বিভিন্ন বাধার সম্মুখীন হন। একপর্যায়ে দেশীয় অস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত খাবার বহনকারী ব্যক্তিদের জিম্মি করে এবং ভয়ভীতি দেখিয়ে খাবার ছিনিয়ে নেয়। পরে ওই খাবার বহনের ভিডিও ধারণ করে ঘটনাটিকে নিজেদের উদ্যোগ হিসেবে প্রচার করা হয়। একই সঙ্গে আনসার সদস্যদের খাবার সরবরাহের বিষয়টিকে রাজনৈতিকভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে আনসার বাহিনী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বৃষ্টিতে খিচুড়ি নিয়ে আনসারদের পাশে ছাত্রলীগ’ শিরোনামে প্রকাশিত সংবাদ প্রকৃত ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। খাবার সরবরাহের সঙ্গে যুক্ত কর্মীদের জিম্মি করে, ভয়ভীতি দেখিয়ে এবং পরিস্থিতির সুযোগ নিয়ে ভিডিও ধারণের মাধ্যমে প্রকৃত ঘটনা আড়াল করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির সঙ্গে প্রকাশিত ছবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওর একটি স্থির চিত্রের মিল পাওয়া গেছে।
অন্যদিকে, ১৯ নভেম্বর গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে খাবার ও পানি পৌঁছে দেওয়ার একটি ভিডিও নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়। ৩২ সেকেন্ডের ওই ভিডিওতে পেছন থেকে একজনকে বলতে শোনা যায়, ‘আমরা গোপালগঞ্জবাসী যে অতিথি আপ্যায়নে সব সময় এগিয়ে, এটা তার একটা উদাহরণ। আমাদের বিজিবি ভাইয়েরা, যাঁরা গোপালগঞ্জের দায়িত্বে আছেন, তাঁরা বলতলীতে অবস্থান করছেন।’
ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়, ‘শেখ হাসিনার (ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী) নির্দেশে গোপালগঞ্জে অবস্থানরত বিজিবি সদস্যদের খাবার পানিসহ যাবতীয় জিনিসপত্র সরবরাহ করছে আওয়ামী লীগ।’ ভিডিওতে একটি ভ্যানগাড়িতে করে পানির বোতল নিয়ে বিজিবি সদস্যদের অবস্থানস্থলে প্রবেশ করতে দেখা যায়। এই একই দাবিতে ২৭টির বেশি ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি প্রচার করা হয়। এর মধ্যে দ্বীন ইসলাম মোল্লা জয়িন নামের একটি প্রোফাইল থেকে পোস্ট করা ভিডিওটি ১২ লাখ বার দেখা হয়েছে, যাতে প্রতিক্রিয়া জানিয়েছেন ৬৩ হাজার মানুষ এবং শেয়ার হয়েছে ৬ হাজারের বেশিবার।
তবে এই ঘটনাতেও বিজিবির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে গোপালগঞ্জে দায়িত্ব পালনরত সদস্যদের খাবার ও পানি সরবরাহে নিষিদ্ধ আওয়ামী লীগ বা কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততার দাবি নাকচ করে দেয় বিজিবি।
২০ নভেম্বর ‘গোপালগঞ্জে বিজিবি সদস্যদের খাবার পানি সরবরাহ নিয়ে রাজনৈতিক সম্পৃক্ততার অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ শিরোনামে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাহিনীটি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার নির্দেশে বিজিবি সদস্যদের খাবার ও পানি সরবরাহ করছে বলে প্রচার করা হচ্ছে। তবে এ তথ্য সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপালগঞ্জে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের জন্য সরবরাহকারীর মাধ্যমে প্রয়োজনীয় রসদ ও খাবার নগদ অর্থের বিনিময়ে কেনা হয়। আর স্থানীয় দোকানদারের কাছ থেকে মূল্য পরিশোধ করে পানি কেনা হয়। দোকানদার ভ্যানে সেই পানি বিজিবি সদস্যদের কাছে পৌঁছে দেন। এটি বিজিবির নিজস্ব অর্থায়নে পরিচালিত স্বাভাবিক ক্রয় ও সরবরাহ কার্যক্রম। এর সঙ্গে আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তির সম্পৃক্ততা নেই।