কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি-বইঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় বিক্ষোভ করেছেন।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টির মধ্যে ঘোনাপাড়া এলাকায় লোকজন জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে তাঁরা দেশীয় অস্ত্র হাতে মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করেন। সড়কের যেসব স্থানে গাছ ফেলে অবরোধ করা হয়েছে, সেখানেও পিকেটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
কিছুক্ষণ পরপরই দেশীয় অস্ত্র হাতে মিছিল করতে দেখা গেছে দোলা পাম্প, শহরের লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায়। পিকেটারদের কারণে সড়কে সাধারণ মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে।
গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে আজ সকাল থেকে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এর ফলে যানবাহন চলাচল প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বৃষ্টির মধ্যেই অনেক মানুষকে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।
ভোর থেকেই গোপালগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সকালে সদরের রাস্তাঘাট প্রায় ফাঁকা ছিল এবং সাধারণ মানুষের চলাচল ছিল খুবই সীমিত। তবে জরুরি প্রয়োজনে এবং অফিসের উদ্দেশ্যে যাঁরা বের হয়েছিলেন, তাঁরা কোনো যানবাহন পাননি।
সকাল আটটার দিকে সরেজমিনে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড় থেকে শহরের প্রবেশপথে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে।
সকাল সাড়ে নয়টা পর্যন্ত শহরের প্রায় সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে কাঁচাবাজার সকাল থেকে খোলা ছিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের কয়েকটি দোকান খোলা দেখা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও কোনো উপস্থিতি ছিল না এবং রাস্তাঘাটেও মানুষের আনাগোনা ছিল খুব কম।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেরিয়ে নীলা মাঠ এলাকায় সড়কের অন্তত তিন জায়গায় গাছের গুঁড়ি পড়ে আছে। একটি স্থানে টায়ারে আগুন ধরিয়ে রামদাসহ দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ করতে দেখা যায় কয়েকজনকে। এছাড়া হাসপাতাল মোড় ও সার্কিট হাউস মোড়েও গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে।
মধুমতী নদী পেরিয়ে গোপালগঞ্জে ঢোকার মুখে খুলনা-ঢাকা মহাসড়কের চর গোবরা এলাকাতেও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সেখানে যুবলীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। ওই স্থান দিয়ে হেঁটেও চলাচল করতে পারছেন না কেউ।
মহাসড়কে কোনো যানবাহন চলতে দেখা যায়নি। শহরের ভেতরে ইজিবাইক, ভ্যান ও রিকশা সামান্য চললেও তা ছিল সীমিত, মূলত এক প্রতিবন্ধকতা থেকে অন্য প্রতিবন্ধকতার মাঝখানের ছোট ছোট অংশে। ফলে যাত্রীদের অল্প দূরত্ব গিয়েই নেমে যেতে হচ্ছিল এবং পুনরায় অন্য ভ্যান বা ইজিবাইকে উঠতে হচ্ছিল।
নীলা মাঠ এলাকা থেকে হেঁটে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিলেন কয়েকজন। তাঁদের মধ্যে দুজন নারী জানান, তাঁরা গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে কর্মরত। শহর থেকে কর্মস্থলে যাওয়ার চেষ্টা করলেও কোনো যানবাহন না পাওয়ায় বৃষ্টিতে ভিজে হেঁটে যেতে হচ্ছে তাঁদের।
সকাল থেকেই ঘোনাপাড়া মোড়ে একদল লোক অবস্থান নেন। সকাল সোয়া নয়টার দিকে সেখানে গোলচত্বরের রেলিংয়ের সঙ্গে চুরির অভিযোগে দুজনকে বেঁধে রাখা দেখা যায়।
সেখানে অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের অভিযোগ, "গত রাতে মহাসড়কে যাতায়াতকারী অ্যাম্বুলেন্সসহ কয়েকটি যানবাহনে চুরি-ছিনতাই হয়েছে। এ ঘটনায় এলাকার বদনাম হচ্ছে। তাই তাদের ধরা হয়েছে।"
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে গতকাল বুধবার রাত থেকে দুটি ফিলিং স্টেশনে দেড় শতাধিক পণ্যবাহী যান আটকা পড়ে আছে। রাত ১০টা থেকে গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়ার দোলা পাম্প এলাকায় ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপসহ বিভিন্ন গাড়ি আটকে আছে। পুরো মহাসড়কে কিছু দূর পরপর গাছের গুঁড়ি, গাছ ও বৈদ্যুতিক খুঁটি ফেলে রাখায় সড়কটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
গতকাল সন্ধ্যার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন এলাকায় সড়কের পাশের গাছ কেটে রাস্তায় ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। যন্ত্রের সাহায্যে সড়কের পাশে থাকা গাছগুলো কেটে রাস্তায় ফেলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। কয়েকটি স্থানে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন ধরানো হয়।
সিলেট থেকে পাথর বোঝাই করে বাগেরহাটের কাটাখালী যাওয়ার পথে ডাম্পট্রাক নিয়ে দোলা পাম্প এলাকায় আটকা পড়েছেন মোহাম্মদ আলী। তিনি মুক্তকণ্ঠকে বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় সিলেট থেকে রওনা দিয়ে গতকাল ঢাকার মহাখালীতে যাত্রাবিরতি করেন। সেখান থেকে রওনা হয়ে রাত ৯টার দিকে গোপালগঞ্জে ঢোকেন।
মোহাম্মদ আলী বলেন, "মুকসুদপুরে গাছ ফেলে রাস্তা আটকানো ছিল, তবে লোড গাড়ি দেখে ছেড়ে দেওয়া হয়। এরপর উজলপুরে বিদ্যুতের খুঁটি ফেলা ছিল, সেখানেও ছেড়ে দেওয়া হয়। পুলিশ লাইনস এলাকার বাধাও পার হই। এরপর রাত ১০টার দিকে দোলা পাম্পে এসে আর এগোতে পারিনি। এখানে গাছ ফেলে পুরো রাস্তা একদম বন্ধ।"
পাথরবোঝাই আরেকটি ট্রাকের চালক মো. তুহিন জানান, আটকে থাকা স্থান থেকে কয়েক কিলোমিটার পরেই মধুমতী নদী, যা বাগেরহাটের সীমানা। রাস্তাটুকু পার করে দেওয়ার কথা বলে কয়েকজন তাঁর কাছ থেকে ৫০০ টাকা নেয়। পরে তাঁদের আর খুঁজে পাওয়া যায়নি। আরও কয়েকজন ট্রাক ও পিকআপচালক একই ধরনের অভিযোগ করেছেন।