দূরবর্তী কোনো নক্ষত্রের চারপাশের কক্ষপথে ভিনগ্রহ বা এক্সোপ্ল্যানেট খুঁজে পাওয়া অনেকটা লটারি জেতার মতো বিরল ঘটনা। কারণ, এই ধরনের গ্রহের অস্তিত্ব শনাক্ত করতে হলে সঠিক সময়ে, সঠিক নক্ষত্রের দিকে এবং একদম সঠিক দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করতে হয়। তবে সম্প্রতি মহাকাশে শনাক্ত করা একটি বিশালাকার গ্রহ হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। গ্রহটির এই নজিরবিহীন অন্তর্ধানের বিস্তারিত তথ্য সম্প্রতি 'দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারস'-এ প্রকাশিত হয়েছে।

গবেষকদের প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘টিওআই-২৫৩৫বি’ নামের এই গ্রহটির সাথে আরও একটি লুকানো সঙ্গী গ্রহ রয়েছে। এই দুটি গ্রহই পারস্পরিক মহাকর্ষীয় টানের ফলে একে অপরকে প্রভাবিত করছে এবং তাদের মাতৃ নক্ষত্রের চারপাশে একটি অত্যন্ত জটিল কক্ষপথে আবর্তিত হচ্ছে। তাদের এই মাতৃ নক্ষত্রটির নাম টিওআই-২৫৩৫। এটি একটি কে-বামন বা কে-ডোয়ার্ফ শ্রেণির নক্ষত্র, যা আকারে সূর্যের চেয়ে সামান্য ছোট এবং যার বয়স প্রায় ৯৭০ কোটি বছর। পৃথিবী থেকে এই নক্ষত্রটির দূরত্ব প্রায় ১ হাজার ১০০ আলোকবর্ষ।

এই কে-বামন নক্ষত্রটি টিওআই-২৫৩৫বি নামক একটি গ্রহকে ধারণ করে আছে, যা মূলত 'হট জুপিটার' বা উত্তপ্ত বৃহস্পতি শ্রেণির অন্তর্ভুক্ত। গ্রহটির ভর আমাদের সৌরজগতের শীতল বৃহস্পতির কাছাকাছি হতে পারে। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এটি তার মাতৃ নক্ষত্রকে মাত্র আট দিনের সামান্য বেশি সময়ে একবার প্রদক্ষিণ করে। এই গতি আমাদের সৌরজগতের সবচেয়ে ভেতরের গ্রহ বুধের গতির চেয়েও ১০ গুণ বেশি। বিজ্ঞানীদের ধারণা, টিওআই-২৫৩৫বি গ্রহটির খুব কাছেই আরও একটি অনাবিষ্কৃত সহোদর গ্রহ অবস্থান করছে, যার আকার সম্ভবত শনি গ্রহের কাছাকাছি।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের বিজ্ঞানী স্যামুয়েল ই জানান, “আমাদের নিজস্ব সৌরজগতে বুধ গ্রহ ছাড়া প্রায় সব গ্রহই মূলত একই সমতলে প্রদক্ষিণ করছে। এদের পারস্পরিক কক্ষপথীয় হেলে থাকার পরিমাণ মাত্র ১ ডিগ্রির মতো। আমরা সাধারণত একটি সমতলব্যবস্থা আশা করি। কারণ, গ্রহগুলো একই ধরনের সমতল প্রোটোপ্ল্যানেটারি ডিস্ক থেকে গঠিত হয়; কিন্তু টিওআই-২৫৩৫ নক্ষত্রের চারপাশে থাকা দুটি গ্রহের পারস্পরিক কক্ষপথীয় হেলে থাকার পরিমাণ অন্তত ৫ ডিগ্রি।” তিনি আরও উল্লেখ করেন যে, এই ব্যবধান অনেক বেশি এবং গ্রহটির অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনাটি মূলত মহাকাশে আমাদের অবস্থান এবং আমরা যেভাবে এক্সোপ্ল্যানেটের প্রমাণ পর্যবেক্ষণ করি তার ওপর নির্ভরশীল।

২০১৯ সালে নাসার ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট ব্যবহার করে প্রথমবার টিওআই-২৫৩৫বি গ্রহটির সন্ধান পেয়েছিলেন বিজ্ঞানীরা। এরপর দীর্ঘ কয়েক বছর ধরে মহাকাশে এবং পৃথিবীতে স্থাপিত অসংখ্য টেলিস্কোপের মাধ্যমে গ্রহটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। তবে গত মার্চ মাসে হঠাৎ করেই গ্রহটি দৃষ্টির আড়ালে চলে যায়। এই রহস্যময় অন্তর্ধান প্রসঙ্গে বিজ্ঞানী এরিক পেটিগুরা বলেন, “আগামী দশকগুলোতে টিওআই-২৫৩৫বি গ্রহ আবার দেখা যাবে এবং অদৃশ্য হয়ে যাবে। পাশাপাশি এর লুকানো সঙ্গী গ্রহটিও শিগগিরই দৃশ্যমান হতে পারে।” বিজ্ঞানীদের বিশ্বাস, এই ঘটনাটি ঘটলে উভয় মহাজাগতিক বস্তুর বৈশিষ্ট্য সম্পর্কে আরও নিখুঁত ও বিস্তারিত তথ্য সংগ্রহ করা সম্ভব হবে।