ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অর্থনৈতিক নীতির তীব্র প্রতিবাদ জানাতে স্থানীয় সময় শুক্রবার দেশজুড়ে রাজপথে নেমেছেন হাজারো শিক্ষার্থী ও শ্রমিক। দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠন সিজিআইএল এদিন দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেয়। আন্দোলনকারীদের প্রধান দাবি হলো, শ্রমিকদের মজুরি বৃদ্ধি করতে হবে এবং জনসেবামূলক খাতে সরকারি ব্যয় বাড়াতে হবে।
ইউরোপের বিভিন্ন প্রান্তে তরুণদের মধ্যে চলমান বিক্ষোভের ঢেউ এবার ইতালিতে আছড়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামরিক খাতে অত্যধিক ব্যয়ের প্রতিবাদে এদিন জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রিয়া ও বেলজিয়ামেও শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি পালনের কথা রয়েছে।
সিজিআইএল ছাড়াও ইতালির কোবাসসহ অন্যান্য শ্রমিক সংগঠনগুলো শুক্রবার আলাদাভাবে ধর্মঘটের ডাক দিয়েছিল। এর পাশাপাশি দেশটির বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালনের পরিকল্পনা ছিল।
সিজিআইএলের নেতা মরিজিও লানদিনি এই পরিস্থিতির গুরুত্ব বর্ণনা করে বলেন, ‘আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, শুধু ইতালিতে নয়, ইউরোপজুড়েই তরুণেরা রাস্তায় নেমেছেন।’ তিনি আরও উল্লেখ করেন, ‘ইউরোপজুড়ে সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের দাবি বাড়ছে।’
সিজিআইএলের ডাকা এই সাধারণ ধর্মঘট পুরো কর্মদিবসজুড়ে চলার কথা। এতে সরকারি ও বেসরকারি—উভয় খাতের কর্মীরা অংশ নেওয়ার কথা রয়েছে, যার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা খাতের কর্মীরাও অন্তর্ভুক্ত। তবে সাধারণ ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছে উড়োজাহাজ ও রেল চলাচল। এছাড়া ন্যূনতম সেবা চালু রাখার বাধ্যবাধকতার কারণে স্থানীয় গণপরিবহনে ধর্মঘটের প্রভাব সীমিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।
তবে আলাদা একটি রেল ধর্মঘট স্থানীয় সময় শুক্রবার রাত নয়টায় শুরু হওয়ার কথা, যা চলবে শনিবার রাত আটটা পর্যন্ত। ২০২৭ সালে ইতালিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের কথা মাথায় রেখেই বর্তমানে এই বিক্ষোভগুলো তীব্র হচ্ছে।
লানদিনি বলেন, ‘মানুষের খুব সাধারণ কিছু সমস্যা রয়েছে। তাঁদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই মজুরি বাড়ানো দরকার। তাঁদের কার্যকর স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রয়োজন। তরুণদের দরকার কার্যকর শিক্ষাপ্রতিষ্ঠান।’
এর আগে গত ৩০ অক্টোবর ইতালিজুড়ে কর্মসূচি পালন করেছিলেন শিক্ষার্থী ও শ্রমিকেরা। সেদিন হাজারো শিক্ষার্থী ধর্মঘট পালন করা শ্রমিকদের সঙ্গে যোগ দিয়েছিলেন। তাঁদের দাবি ছিল, শিক্ষায় বরাদ্দ বাড়াতে হবে এবং জীবনযাত্রা ও আবাসনের উচ্চ ব্যয় কমাতে হবে। এরপর থেকে বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। সামরিক খাতে ব্যয় বাড়ানোর বিরোধিতাও তাঁদের আন্দোলনের অন্যতম দাবি হয়ে উঠেছে।
২৪ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লরা পেরিতোরে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা এমন এক সরকারের অধীনে বাস করছি, যারা ধীরে ধীরে স্বাস্থ্যসেবা ও শিক্ষায় বরাদ্দ কমাচ্ছে। আমাদের বর্তমান কেড়ে নিচ্ছে এবং ভবিষ্যৎ কেড়ে নেওয়ার চেষ্টা করছে।’ পেরিতোরে আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, পিছু হটব না। নিজেদের ভবিষ্যৎ ফিরিয়ে নেব।’
সিজিআইএলের দাবি, মূল্যস্ফীতির কারণে মানুষের যে ক্রয়ক্ষমতা কমেছে, তা পুনরুদ্ধারে মজুরি বাড়াতে হবে এবং শ্রমিকদের সঙ্গে নতুন চুক্তি করতে হবে। পেনশনের পরিমাণ পুরোপুরি মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করতে হবে এবং অবসরের বয়স বাড়ানো ঠেকাতেও কার্যকর ব্যবস্থা নিতে হবে।
বর্তমানে ইতালির পার্লামেন্টে ২০২৭ সালের জন্য মেলোনি সরকারের ২৬ বিলিয়ন ইউরোর (৩ হাজার কোটি ডলার) বাজেট নিয়ে আলোচনা চলছে। সিজিআইএলের অভিযোগ, আয় ও জনসেবামূলক খাতকে সহায়তা দিতে এই বাজেটে যথেষ্ট বরাদ্দ রাখা হয়নি। ইতালির অর্থবিষয়ক সংবাদপত্র ইতালিয়াওজির তথ্য অনুযায়ী, বাজেটের সামান্য একটি অংশ ৩৫ বছরের কম বয়সীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
শিল্পমন্ত্রী আদোলফো উরসো সিজিআইএলের ডাকা এই সাধারণ ধর্মঘটকে ‘আগাম ধর্মঘট’ বলে অভিহিত করেছেন। স্কাই টিজি২৪-কে তিনি বলেন, ‘বাজেটের বিষয়বস্তু জানার আগেই (শ্রমিকনেতা) লানদিনি এ ধর্মঘটের ডাক দিয়েছেন।’ তবে বিক্ষোভকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উরসো বলেন, ‘যাঁরা বিক্ষোভ করছেন এবং যাঁরা পার্লামেন্টে সংশোধনী প্রস্তাব দিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। পার্লামেন্টে বাজেট আরও উন্নত করা হবে।’
মরিজিও লানদিনি বর্তমান বাজেটের সমালোচনা করে বলেন, ‘এই বাজেটে এসব সমস্যার একটিরও সমাধান নেই’।