ঢাকা থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে বাগেরহাট ফেরার পথে গোপালগঞ্জে অপহৃত হওয়ার দাবি করেছেন বিএনপি নেতা মনিরুল হক ফরাজী। তাঁর ভাষ্যমতে, মুক্তিপণ হিসেবে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা দেওয়ার পর তিনি মুক্তি পান। মুক্তি পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত নিজ বাসায় ফিরে আসেন।

মনিরুল হক ফরাজী বাগেরহাট জেলা বিএনপির সদস্য এবং একজন ব্যবসায়ী। বর্তমানে তিনি শারীরিক অসুস্থতার কারণে বাসায় চিকিৎসাধীন রয়েছেন। এই অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় আজ শুক্রবার বিকেল পর্যন্ত তিনি পুলিশের কাছে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি।

শুক্রবার বিকেলে মুঠোফোনে মুক্তকণ্ঠের সঙ্গে আলাপকালে মনিরুল হক জানান, তিনি কীভাবে অপহৃত হয়েছিলেন এবং কীভাবে মুক্তি পেলেন। বাগেরহাট বিএনপির এই নেতা জানান, গতকাল বৃহস্পতিবার ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় তিনি অপহৃত হন। সেই সময় তাঁর সঙ্গে থাকা জেলা বিএনপির পদপ্রত্যাশী শেখ মঈন উদ্দিন আহমেদ এবং গাড়িচালক হাসানকে মারধরের পর ছেড়ে দেওয়া হয়।

ঘটনার বিষয়ে মঈন উদ্দিন সাংবাদিকদের জানিয়েছিলেন, তাঁরা একটি ব্যক্তিগত গাড়িতে করে ঢাকা থেকে বাগেরহাটের দিকে যাচ্ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা গোপালগঞ্জের মহাসড়কে গাছ ফেলে সড়ক অবরোধ করে রেখেছিলেন। বাধা অতিক্রম করে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রধারী একটি দল তাঁদের গাড়ির গতি রোধ করে। একপর্যায়ে হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে এবং তাঁদের কাছে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। এরপর মুঠোফোন ও মানিব্যাগ তল্লাশি করে তাঁদের মারধর করা হয়।

মঈন উদ্দিনের ভাষ্য, একপর্যায়ে তাঁকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দেওয়া হলেও মনিরুল হককে আটকে রাখেন হামলাকারীরা। মনিরুলের মুঠোফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবিসহ দলীয় কার্যক্রমের ছবি দেখতে পেয়ে হামলাকারীরা তাঁকে লক্ষ্য করে ‘বিএনপি, বিএনপি’ বলে চিৎকার করতে থাকেন এবং পরে তাঁকে ধরে নিয়ে যান। প্রাণ বাঁচাতে মঈন উদ্দিন ও হাসান গাড়িটি ফেলে সেখান থেকে চলে আসেন।

মনিরুল হক ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে মুক্তকণ্ঠকে বলেন, ‘বুধবার দিবাগত রাত একটার দিকে ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা দিই। ভোরে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় আসতেই হঠাৎ আমাদের গাড়ি লক্ষ্য করে আন্দোলনকারীরা টর্চলাইটের আলো ফেলছিল। সামনে এসে দেখি, রাস্তার ওপর গাছ ফেলে সড়ক অবরোধ করে রেখেছে। কিছু লোক ওই গাছ সরিয়ে ফেললে আমাদের গাড়ি দ্রুত টেনে সামনে যাওয়ার চেষ্টা করি।’

বাগেরহাট বিএনপির এই নেতা আরও বলেন, ‘তখন লাঠিসোঁটা হাতে একদল লোক গাড়ি আটকে আমাদের ঘিরে ফেলে। আমি গাড়ি থেকে নামলে তারা আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। তাদের আঘাতে আমার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরছিল।’ তাঁর দাবি, এই সময়ে হামলাকারীরা তাঁর কাছ থেকে ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, একটি প্লাটিনামের আংটি, গলার হার এবং একটি আইফোন ছিনিয়ে নেয়।

মনিরুল হক জানান, ভোর থেকে সকাল পর্যন্ত হামলাকারীরা তাঁকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হাঁটিয়ে ঘোরাতে থাকেন। একপর্যায়ে তাঁকে ছেড়ে দেওয়ার বিনিময়ে আরও টাকার দাবি করা হয়। তিনি বলেন, ‘আমি তখন তাঁদের বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দিলে তাঁরা আমাকে ছেড়ে দেন। সব মিলিয়ে তাঁরা আমার কাছ থেকে ২ লাখ ১৭ হাজার টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে গেছেন।’

মুক্তি পাওয়ার পর ভাড়া করা মোটরসাইকেল ও বিভিন্ন পরিবহনের মাধ্যমে ভেঙে ভেঙে বৃহস্পতিবার রাত নয়টার দিকে তিনি ঢাকার মোহাম্মদপুরের বাসায় ফেরেন। হামলাকারীদের পরিচয় সম্পর্কে তিনি জানান, ‘তাঁরা (হামলাকারীরা) প্রথমে ১৫-২০ জন থাকলেও শেষ পর্যন্ত ছিলেন চারজন। এঁদের কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনি না। আমি ঢাকায় চিকিৎসা নিয়েছি। সারা শরীরে প্রচণ্ড ব্যথা। আমি এ বিষয়টি এখনো আইনশৃঙ্খলা বাহিনীকে জানাইনি।’

এদিকে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম সাংবাদিকদের জানান, বাগেরহাট জেলা বিএনপির সদস্য মনিরুল হক গোপালগঞ্জে অপহরণের শিকার হয়েছেন শুনে তাঁরা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। বৃহস্পতিবার রাতে ওই নেতা ফিরেছেন এবং চিকিৎসা নিয়েছেন। তিনি সুস্থ হওয়ার পর তাঁর কাছ থেকে বিস্তারিত শুনে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।