যানবাহনের নির্গত ধোঁয়া, শিল্পকারখানার বিষাক্ত দূষণ, নির্মাণকাজের উড়ন্ত ধুলাবালি এবং প্রতিকূল আবহাওয়ার প্রভাবে বিভিন্ন এলাকার বায়ুদূষণের মাত্রায় ভিন্নতা দেখা দেয়। তবে এখন খুব সহজেই গুগল ম্যাপসের ‘এয়ার কোয়ালিটি’ ফিচারটি ব্যবহার করে যে কোনো সময় নিজের এলাকার বাতাসের মান ভালো না খারাপ, তা জেনে নেওয়া সম্ভব। গুগল ম্যাপসের মাধ্যমে নির্দিষ্ট এলাকার বাতাসের মান জানার বিস্তারিত পদ্ধতি নিচে তুলে ধরা হলো।
অ্যান্ড্রয়েড কিংবা আইওএস অপারেটিং সিস্টেম চালিত যেকোনো স্মার্টফোনে বাতাসের মান জানতে হলে প্রথমেই গুগল ম্যাপস অ্যাপের সর্বশেষ সংস্করণটি চালু করতে হবে। এরপর সার্চ বক্সে সংশ্লিষ্ট এলাকার নাম, ঠিকানা অথবা পরিচিত কোনো স্থাপনার নাম লিখে অনুসন্ধান করতে হবে। এছাড়া ফোনের লোকেশন সার্ভিস চালু রেখে বর্তমান অবস্থানটিও নির্বাচন করা সম্ভব। এরপর স্ক্রিনের ওপরের ডানদিকে থাকা ‘লেয়ারস’ আইকনে ট্যাপ করতে হবে। লেয়ারস অপশন থেকে ‘এয়ার কোয়ালিটি’ নির্বাচন করলেই মানচিত্রে বিভিন্ন রঙের মাধ্যমে ওই এলাকার বাতাসের বর্তমান মান প্রদর্শিত হবে।
কোনো নির্দিষ্ট এলাকার বাতাসের মান সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে মানচিত্রের সেই নির্দিষ্ট স্থানে ট্যাপ করতে হবে। এছাড়া বাতাসের মান পর্যবেক্ষণকেন্দ্রের চিহ্নে ট্যাপ করলেও সংশ্লিষ্ট স্থানের দূষণের মাত্রাসহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য পাওয়া যাবে।
গুগল ম্যাপসে বাতাসের গুণগত মান বোঝানোর জন্য মোট ছয় ধরনের রং ব্যবহার করা হয়। প্রতিটি রং বায়ুদূষণের একটি নির্দিষ্ট স্তর বা মাত্রা নির্দেশ করে। রংগুলোর অর্থ নিম্নরূপ—
•সবুজ: বাতাসের মান ভালো।
•হলুদ: বাতাসের মান মাঝারি।
•কমলা: সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর।
•লাল: অস্বাস্থ্যকর।
•বেগুনি: খুবই অস্বাস্থ্যকর।
•গাঢ় মেরুন: বিপজ্জনক।
তবে বাতাসের মান বোঝার ক্ষেত্রে শুধুমাত্র রঙের ওপর নির্ভর করা সমীচীন নয়। মানচিত্রে প্রদর্শিত একিউআই-এর (AQI) সংখ্যাগত মান এবং সংশ্লিষ্ট শ্রেণিও গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করা উচিত।