ভারতের সুপ্রিম কোর্ট আতশবাজি বন্ধের নির্দেশ দিতে অস্বীকার করেছিলেন। বিচারপতিরা বলেছিলেন, “যে নির্দেশ কার্যকর করা যায় না তা দিয়ে কী লাভ।” এই অবস্থানের ফলে গতকাল রোববার দীপাবলির রাতে দিল্লি এবং উত্তর ভারতের বিভিন্ন প্রান্তে ব্যাপক হারে বাজি পোড়ানো হয়। যার চরম প্রভাব পড়েছে রাজধানীর বাতাসে। আজ সোমবার সকালে দিল্লির বাতাসের দূষণমাত্রা বা একিউআই (AQI) প্রায় ৫০০ ছুঁই ছুঁই।

গতকাল রাতে যখন পুরো দিল্লি আতশবাজির শব্দে প্রকম্পিত হচ্ছিল, তখন রাজধানীর কিছু নির্দিষ্ট এলাকায় একিউআই মাত্রা এক হাজার ছাড়িয়ে গিয়েছিল। উল্লেখ্য, দিল্লির ইতিহাসে এই প্রথমবার দেখা গেল যে দূষণ মাপার যন্ত্রগুলো অতিরিক্ত মাত্রার কারণে অকেজো হয়ে পড়েছে।

পরিস্থিতির ভয়াবহতা সামাল দিতে গত কয়েক দিন ধরেই দিল্লি এনসিআর (ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন) এলাকায় দূষণ নিয়ন্ত্রণের তৃতীয় পর্যায়ের কঠোর পদক্ষেপ বা ‘গ্র্যাপ-৩’ কার্যকর করা হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় সব ধরনের দূষণযুক্ত গাড়ির চলাচল নিষিদ্ধ করা হয়েছে এবং বাইরের রাজ্য থেকেও এমন গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। মাধ্যমিক পর্যায়ের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-কাচারিতে কর্মীদের বাড়ি থেকে কাজ করার বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থা চালু করতে বলা হয়েছে। ইটভাটা ও পাথর কুচি করার কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে এবং অনুমোদিত জ্বালানি ছাড়া অন্য কোনো জ্বালানি ব্যবহারের কারখানাও বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে রাস্তা ও রাস্তার ধারের গাছপালায় পানি স্প্রে করতে, যাতে বাতাসে ধূলিকণা মিশতে না পারে।

এত কঠোর পদক্ষেপ নেওয়া সত্ত্বেও রাজধানী দিল্লির বায়ুদূষণ ৪৫০-র নিচে নামিয়ে আনা সম্ভব হয়নি।

সাধারণত শীতের শুরুতে দিল্লির এই শোচনীয় অবস্থা প্রতি বছরই দেখা যায়। দীপাবলি মূলত আলোর উৎসব হলেও এই সময়ে প্রচুর পরিমাণে আতশবাজি পোড়ানো হয়। ধীরে ধীরে বাজি ও আলোর এই রোশনাই হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় পালনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য সুপ্রিম কোর্ট সর্বোচ্চ চেষ্টা করেছে। দূষণ নিয়ন্ত্রণ বোর্ডও পরিবেশবান্ধব বা ‘গ্রিন ক্র্যাকার’ তৈরির ওপর গুরুত্বারোপ করেছে। সুপ্রিম কোর্ট বহুবার পুলিশকে নির্দেশ দিয়েছেন যাতে দূষণযুক্ত বাজি বাজেয়াপ্ত করা হয়। কিন্তু বাস্তবে দেখা গেছে, পরিস্থিতি একেবারেই অপরিবর্তিত রয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে দীপাবলির আগে এই সংক্রান্ত একটি আবেদনের জবাবে সুপ্রিম কোর্টের বিচারপতি এস এস সুন্দরেশ ও বিচারপতি পি বি ভারালের ডিভিশন বেঞ্চ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “যে নির্দেশ কার্যকর করা যায় না, যার বাস্তবায়ন হয় না, তা দেওয়া–না দেওয়া সমান।” বিচারপতিরা আরও বলেন, পুলিশ ও প্রশাসন যদি নির্দেশ পালন করতে ব্যর্থ হয়, তাহলে তা দিয়ে কোনো লাভ নেই। কারণ নিষিদ্ধ বাজি যেখানে-সেখানে অবাধে বিক্রি হচ্ছে।

বাজি বাজেয়াপ্ত বা সম্পূর্ণ নিষিদ্ধ করার নির্দেশ না দিলেও সুপ্রিম কোর্টের বিচারপতিরা বাজি পোড়ানোর জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন। বলা হয়েছিল, দীপাবলির দিন অর্থাৎ গতকাল সকাল ৬টা থেকে ৭টা এবং রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত শুধুমাত্র ‘গ্রিন ক্র্যাকার’ ফাটানো যাবে। তবে দেখা গেল, আদালতের এই নির্দেশকে তোয়াক্কা না করেই গতকাল সন্ধ্যা থেকে সারা দিল্লিতে অবিরাম বাজি পোড়ানো হয়েছে। গতকাল দিবাগত রাত আড়াইটা পর্যন্ত বাজির শব্দে জনজীবন অতিষ্ঠ ছিল। তবে সুপ্রিম কোর্টের এই নির্দেশ অমান্য করার দায়ে কাউকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়নি।

আতশবাজি পোড়ানোর বিষয়ে দেশের প্রধান শাসক দল বিজেপি এবং হিন্দুত্ববাদীদের অবস্থান অত্যন্ত কঠোর। কট্টর হিন্দুত্ববাদীদের দাবি, দীপাবলি বা কালীপূজার সময় আতশবাজি পোড়ানো হিন্দুধর্মের একটি কর্তব্য। আদালতে দূষণ সংক্রান্ত মামলা চলাকালীন তাঁরা একাধিকবার এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা জারির বিরোধিতা করেছেন।

সম্প্রতি মুম্বাই পৌরসভাও এই বিষয়টিকে কেন্দ্র করে এক বিতর্কে জড়িয়ে পড়ে। বম্বে হাইকোর্টের নির্দেশে বৃহন্মুম্বাই পৌরসভা দূষণ রোধে আতশবাজি-বিরোধী একটি প্রচারাভিযান শুরু করেছিল। হাইকোর্টের নির্দেশ ছিল, বিশিষ্ট ব্যক্তিদের মাধ্যমে এই বিষয়ে জনসচেতনতা তৈরি করতে হবে। সেই অনুযায়ী বৃহন্মুম্বাই পৌরসভা মাধুরী দীক্ষিত এবং অজিঙ্ক রাহানের মতো বিনোদন ও ক্রীড়া জগতের তারকাদের দিয়ে প্রচার শুরু করে। এই অভিযানে অংশ নিয়েছিলেন হিন্দি সিনেমার অভিনেত্রী দিয়া মির্জাও। কিন্তু বিজেপি ও হিন্দুত্ববাদীদের তীব্র আপত্তির মুখে পৌরসভা ‘মুসলমান’ দিয়া মির্জার আবেদনটি প্রত্যাহার করে নেয়। তাঁদের দাবি ছিল, হিন্দুধর্মীয় আচার-আচরণের শিক্ষা কোনো মুসলমানের কাছ থেকে নেওয়া যায় না। এই বিতর্কিত ঘটনার পর বম্বে হাইকোর্ট পৌরসভাকে নির্দেশ দেন যেন অবিলম্বে দিয়া মির্জার আবেদনটি পুনরায় পৌরসভার ওয়েবসাইটে আপলোড করা হয়। আদালত জানায়, তিনি যা করেছেন তা সবার মঙ্গলের জন্য এবং তাঁর আবেদনটি যথাযথ। এছাড়া কোর্টের নির্দেশেই তিনি এই কাজ করেছেন এবং বিশিষ্টজনেরা এর জন্য কোনো পারিশ্রমিকও দাবি করেননি।

শীতের শুরুতে দিল্লির বায়ুদূষণ কীভাবে কমানো যায়, তার কার্যকর সমাধান আজও মেলেনি। যদিও দূষণমুক্ত যানবাহনের সংখ্যা বাড়ছে এবং হরিয়ানা, পাঞ্জাব ও পশ্চিম উত্তর প্রদেশে কাটা ফসলের গোড়া জ্বালানোর দেশি পদ্ধতি কমানোর চেষ্টা চলছে। নভেম্বর-ডিসেম্বরে নির্মাণকাজ বন্ধ রাখা এবং ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থা চালু করা হলেও অনিয়ন্ত্রিত উৎসব-পার্বণ ও বিয়েশাদিতে বাজি পোড়ানোর রীতি রয়ে গেছে। বিশেষজ্ঞদের অনুরোধ এবং সর্বোচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও দূষণের মাত্রা কমছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মাপকাঠি অনুযায়ী, বাতাসে সূক্ষ্ম ধূলিকণা বা ‘পিএম ২ দশমিক ৫’-এর পরিমাণ প্রতি ঘনমিটারে ১৫ মাইক্রোগ্রামের বেশি থাকলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। গতকাল রাতে দীপাবলির রোশনাইয়ে রাজধানীর অধিকাংশ জায়গায় এই মাত্রা ৬০ থেকে ৬৫ শতাংশ বেশি ছিল। এই চরম দূষণের কারণে দিল্লি এখন কার্যত এক ‘বদ্ধ মৃত্যুপুরী’তে পরিণত হয়েছে।