রাজধানীর ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন, সাবেক সচিব মো. মিজানুর রহমান এবং অভিনেতা মো. আরিফ মাহমুদ তমালের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতের আদেশ অনুযায়ী, সাবেক এমপি দোলনকে সাত দিন এবং মো. মিজানুর রহমান ও মো. আরিফ মাহমুদ তমালকে চার দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এই আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন মুক্তকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের আবেদনের প্রেক্ষিতেই আদালত আসামিদের এই রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মো. সেলিম রেজা তিন আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন জানান। ডিবি পুলিশের সেই আবেদনে অভিযোগ করা হয় যে, তদন্তে প্রাপ্ত তথ্যানুযায়ী গ্রেপ্তার এই তিনজন ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং তাঁদের সাথে মামলার পলাতক আসামিদের যোগাযোগ রয়েছে। আবেদনে আরও দাবি করা হয়, আসামিরা সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ ও অস্ত্রশস্ত্র সরবরাহ করতেন। বিভিন্ন উৎস থেকে অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের দুষ্কৃতকারী ও সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেওয়ার কথা পুলিশ আবেদনে উল্লেখ করেছে।
তদন্ত কর্মকর্তা তাঁর আবেদনে উল্লেখ করেন, মামলার পলাতক আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, তাঁদের গ্রেপ্তার, অর্থের উৎস শনাক্ত এবং অস্ত্রশস্ত্র উদ্ধারের স্বার্থে প্রত্যেক আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। এই কারণেই প্রত্যেকের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।
তবে শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী তাছলিমা জাহান ও এস এম দৌলত-এ-খুদা সহ অন্যান্য আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। রাষ্ট্রপক্ষ এই আবেদনের তীব্র বিরোধিতা করে। আসামিপক্ষের আইনজীবীরা যুক্তি দেন যে, এই মামলায় আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার মতো কোনো উপাদান নেই এবং মূলত রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছে। তাঁদের দাবি, তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে হলে তা কারাফটকে (জেলগেটে) করা সম্ভব।
অভিনেতা তমালের আইনজীবী তাছলিমা জাহান শুনানিতে বলেন, “তাঁর মক্কেল হৃদ্রোগে আক্রান্ত। সন্ত্রাসবিরোধী আইনে কাউকে গ্রেপ্তার করতে হলে সংশ্লিষ্টতার পক্ষে ব্যানার, ভিডিও ফুটেজসহ সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকতে হয়। কিন্তু এ ক্ষেত্রে সেসবের কিছুই নেই।” মক্কেলের অসুস্থতার কথা উল্লেখ করে তিনি রিমান্ড বাতিল করে জামিন দেওয়ার আবেদন জানান।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিদের সর্বোচ্চ ১০ দিনের রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, “আসামিরা প্রত্যেকেই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত এবং দলটির সুবিধাভোগী। তাঁরা বিভিন্ন সময়ে বুদ্ধিবৃত্তিকভাবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করেছেন। তাঁদের পেছনে কারা কাজ করেছেন, তা জানতে সর্বোচ্চ ১০ দিনের রিমান্ড প্রয়োজন।”
রাষ্ট্রপক্ষের এই বক্তব্যের জবাবে সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলনের আইনজীবী এস এম দৌলত-এ-খুদা বলেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার বাইরেও সাতক্ষীরায় তাঁর মক্কেলের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তিনি আরও দাবি করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে থাকা সব মামলাই ২০২৪ সালের ৫ আগস্টের আগের; এরপর তাঁর বিরুদ্ধে আর কোনো মামলা হয়নি। তবে রাষ্ট্রপক্ষ দাবি করে, ২০২৪ সালের ৫ আগস্টের পরও তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। উভয় পক্ষের বিস্তারিত শুনানি শেষে আদালত দোলনের সাত দিন এবং মিজানুর রহমান ও আরিফ মাহমুদ তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর তিনটি ভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২০০ থেকে ২৭৪ জন নেতা-কর্মী সরকারবিরোধী মিছিল করার উদ্দেশ্যে সমবেত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করলে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরদিন ২৩ মে ধানমন্ডি থানার এসআই তানভীর মেহেদী সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।