প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী অতিক্রমের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার মো. মহিবুল্লাহ মুবিনের (২৯) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই আদেশ দেন।
তেজগাঁও থানার এই মামলায় গ্রেপ্তার আসামীকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) মো. আসাদুর রহমান সাত দিনের রিমান্ড আবেদন করলেও, উভয়পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে তেজগাঁও থানা এলাকার মনিপুরীপাড়ার কেআইবি মিলনায়তনের সামনের সড়ক থেকে মহিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়। ওই স্থানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছিল। অজ্ঞাতনামা সহযোগীদের সঙ্গে যোগসাজশ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুষ্ঠানস্থলে প্রবেশের পথে নিরাপত্তা বিঘ্নিত করা, সন্ত্রাসী হামলার পরিকল্পনা এবং আলোচনা সভা বানচালের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে মহিবুল্লাহ ঘটনাস্থলে অবস্থান নেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করেন। মোটরসাইকেল নিয়ে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর তাঁর সহযোগীরা পালিয়ে যায়। জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হলে রিমান্ড প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।