ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে চাঁদপুরে শুরু হওয়া টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির পাশাপাশি জেলায় শীতের আমেজও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় এই জেলায় মোট ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকেই শুরু হওয়া বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রায় স্থবিরতা নেমে এসেছে। এই পরিস্থিতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নিম্নআয়ের মানুষ এবং দিনমজুররা। বৃষ্টির ফলে অনেকেরই দৈনিক আয় প্রায় অর্ধেকে নেমে এসেছে।
টানা বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হননি। তবে যাদের জরুরি প্রয়োজন ছিল, তাদের অধিকাংশকেই ছাতা নিয়ে চলাচল করতে দেখা গেছে। বিকেলের দিকে শহরের বিভিন্ন সড়কে মানুষের উপস্থিতি কিছুটা বাড়লেও রিকশা ও অটোরিকশাচালক, ভ্রাম্যমাণ ব্যবসায়ী এবং দৈনিক মজুরির ওপর নির্ভরশীল শ্রমজীবী মানুষেরা চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছেন।
শহরের বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীর অপেক্ষায় থাকা সিএনজিচালিত অটোরিকশাচালক আনোয়ার হোসেন গাজী জানান, “প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত আমি অন্তত এক থেকে দেড় হাজার টাকা ভাড়া পাই। কিন্তু বৃষ্টির কারণে শুক্রবার ৮০০ টাকাও আয় করতে পারিনি।”
মিশন রোড এলাকার রিকশাচালক সোলাইমান বলেন, “বৃষ্টির কারণে সড়কে লোকজনের চলাচল কম। রিকশায় যাত্রীও তেমন মিলছে না। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আয় হয়েছে মাত্র ২০০ টাকা।”
একই এলাকার সবজি বিক্রেতা জাহাঙ্গীরও পড়েছেন বিপাকে। বৃষ্টির মধ্যে পলিথিন টানিয়ে সকাল থেকে ক্রেতার অপেক্ষায় বসে থাকলেও তার বিক্রি হয়েছে খুবই কম। তিনি জানান, সবজি বিক্রি করেই তার সংসার চলে, তাই বৃষ্টি হওয়া সত্ত্বেও জীবিকার তাগিদে তাকে দোকান নিয়ে বসতে হয়েছে।
চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব জানান, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলীয় জেলা চাঁদপুরে গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান যে, শনিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।