বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে ফেনী জেলায় বর্তমানে বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোররাত থেকে শুরু হয়ে শুক্রবার সকাল পর্যন্ত জেলাজুড়ে টানা বৃষ্টিপাত অব্যাহত ছিল, যার ফলে চরম সংকটে পড়েছেন স্থানীয় কৃষকরা।
অসময়ের এই টানা বৃষ্টিতে বিশেষ করে প্রান্তিক কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। মাঠের পাকা আমন ধান এবং সম্প্রতি রোপণ করা শীতকালীন আগাম শাকসবজির ভবিষ্যৎ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন জেলার ছয়টি উপজেলার চাষিরা।
জেলা আবহাওয়া কার্যালয়ের প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ফেনীতে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলীয় জেলা হওয়ায় আগামী রোববার (২২ নভেম্বর) পর্যন্ত ফেনীতে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, ফেনীর বিস্তীর্ণ মাঠের আমন ধান এখন পেকে কাটার উপযোগী পর্যায়ে পৌঁছেছে। অনেক জায়গায় ধান কাটা ও মাড়াইয়ের কাজও চলছিল। তবে হঠাৎ দমকা ঝোড়ো হাওয়ায় পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে এবং বৃষ্টির পানি জমে ধান ভিজে নষ্ট ও পচে যাওয়ার উপক্রম হয়েছে। অনেক কৃষক আর্থিক ক্ষতি এড়াতে তড়িঘড়ি করে আধাপাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন, কিন্তু তীব্র শ্রমিক সংকট এবং প্রতিকূল আবহাওয়ার কারণে তা সম্ভব হচ্ছে না। এর পাশাপাশি জেলার সোনাগাজী, দাগনভূঞা, পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলার কৃষকরা আগাম শীতকালীন সবজি হিসেবে ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, টমেটো ও আলুর আবাদ করেছিলেন। টানা বৃষ্টিতে নিচু জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এসব সবজির চারার গোড়া পচে নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকদের মাঝে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
সোনাগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকজন কৃষক জানান, তারা চড়া সুদে ঋণ নিয়ে এবং সার-বীজের বাড়তি দাম মিটিয়ে এবার আমন ও শীতকালীন সবজির আবাদ করেছিলেন। ফলন ভালো হওয়ায় তারা লাভের আশা করছিলেন। কিন্তু ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট বৃষ্টি ও ঝোড়ো হাওয়া তাদের সব স্বপ্ন তছনছ করে দিচ্ছে। জমিতে পানি জমে থাকলে সারা বছরের পরিশ্রম ও পুঁজি পুরোটাই নষ্ট হয়ে যাবে বলে তারা আশঙ্কা করছেন।
দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের কৃষক আবদুল মান্নান মুক্তকণ্ঠকে জানান, “আমি অনেক টাকা খরচ করে শীতকালীন সবজির আবাদ করেছি। এখন অসময়ের বৃষ্টিতে আমার বীজতলা ডুবে গেছে। বৃষ্টিপাত দীর্ঘায়িত হলে চারাগুলো পচে যাবে। এতে করে আমার মতো হাজারো কৃষক ক্ষতিগ্রস্ত হবে।”
একই এলাকার মো. বাহার নামের এক কৃষক জানান, “আমার জমির ধান পেকেছে। তাই কাটার প্রস্তুতি নিচ্ছি, এমন সময়ে বৃষ্টি সব স্বপ্ন ধূলিসাৎ করে দিল। এখন দ্রুত যদি জমির পানি না নামে, তবে আমরা ক্ষতিগ্রস্ত হব।”
এদিকে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে কৃষি কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন যে, জমির আমন ধান ৮০ শতাংশ পেকে গেলেই আর অপেক্ষা না করে দ্রুত কেটে নিরাপদ ও উঁচু স্থানে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি শীতকালীন সবজি ও রবিশস্যের জমি থেকে অতিরিক্ত বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং আপাতত জমিতে যেকোনো ধরনের কৃত্রিম সেচ বা সার প্রয়োগ বন্ধ রাখতে হবে।
ফেনী জেলা আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান মুক্তকণ্ঠকে জানান, “পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড়টি শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের অন্ধ্র ও ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এ সময় ফেনী উপকূলীয় এলাকা হওয়ায় ঘূর্ণিঝড়টির প্রভাবে জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে জেলায় আগামী রোববার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে।”