‘আমি নিজে ঝরনায় নেমে ছেলের লাশ তুলে এনেছি। আমারই ছেলের লাশ আমাকে কাঁধে নিতে হলো, আমি এমনই এক হতভাগ্য বাবা’। কিশোর তাহমিদুল কবিরের (১৫) জানাজার আগে কান্নায় ভেঙে পড়ে এই কথাগুলো বলছিলেন তার বাবা মামুনুল কবির।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী গ্রামের শাহ মোহছেন আউলিয়া মাজারের মাঠে কিশোর তাহমিদুলের জানাজা অনুষ্ঠিত হয়। বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল তাহমিদুল। গতকাল সকালে বান্দরবানের শৈলপ্রপাত ঝরনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চট্টগ্রামের আনোয়ারার বটতলী গ্রামে তাহমিদুলের পৈত্রিক নিবাস। গত বুধবার দুপুরে ছয় বন্ধুর সঙ্গে শৈলপ্রপাত ঝরনায় ঘুরতে গিয়ে গোসল করার সময় সে নিখোঁজ হয়। পরদিন সকালে ফায়ার সার্ভিসের সহায়তায় ঝরনা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর সন্ধ্যায় মরদেহটি নিজ গ্রামে নিয়ে আসা হয়।
তাহমিদুলের জানাজার আয়োজন যখন চলছিল, তখন আকাশ থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও জানাজায় অংশ নিতে মাঠে ভিড় করেন নানা বয়সী মানুষ। পরিবারের সদস্যদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন স্বজন, প্রতিবেশী এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
জানাজার আগে তাহমিদুলের মরদেহের পাশে দাঁড়িয়ে উপস্থিত মানুষের উদ্দেশে কথা বলেন বেশ কয়েকজন। একপর্যায়ে তাহমিদুলের বাবা মামুনুল কবিরকে সামনে ডাকা হলে ছেলের কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
মামুনুল কবির বলেন, ‘আমার ছোট্ট নিষ্পাপ ছেলে। বন্ধুদের সঙ্গে ঝরনা দেখতে গিয়ে সে আর ফিরে এল না। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পেয়েছি। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন।’
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাহমিদুলের মরদেহ দাফন করা হয়। পরে তাহমিদুলের কবরে ফুল দেন তার শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক। মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
মামুনুল কবির ও মুনিয়া কবির দম্পতির সন্তান তাহমিদুল ছিল দুই ভাই ও এক বোনের মধ্যে মেজ। তার বড় বোন নওশীন তাসনীমের বয়স ১৬ এবং ছোট ভাই তাওসিফুল কবির আহাদের বয়স চার বছর। তার পরিবারের সদস্যরা চট্টগ্রাম নগরে নাসিরাবাদ সিঅ্যান্ডবি কলোনির একটি ভাড়া বাসায় থাকেন। এই বছরের শুরুতে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েছিল তাহমিদুল।
তাহমিদুলের জানাজায় অংশ নিতে আনোয়ারায় আসা বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকদের দলে ছিলেন উপাধ্যক্ষ মো. আশরাফ উদ্দিন। তিনি বলেন, ‘তাহমিদুল পড়াশোনায় খুবই ভালো ছিল। ভদ্র স্বভাবের এমন ছেলেটির মৃত্যু মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে।’
শৈলপ্রপাত এলাকার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মালসম বম জানান, গোসলের এক পর্যায়ে কখন তাহমিদুল ঝরনার নিচের খুমে পড়ে যায়, তা অন্যরা বুঝতে পারেনি। ফেরার সময় দলের একজনকে কম দেখে তারা খোঁজাখুঁজি শুরু করে।
বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, ছয় শিক্ষার্থীর শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি প্রথমে তাঁদের নজরে আসেনি। পরে বিষয়টি জানতে পেরে তাদের খোঁজ নেওয়া হয়। বিকেলের দিকে শৈলপ্রপাত থেকে তাহমিদুলের নিখোঁজ হওয়ার খবর পান তাঁরা।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেন, গতকাল সকাল সাড়ে আটটার দিকে শৈলপ্রপাতের ঝরনার নিচের একটি খুম থেকে তাহমিদুলের লাশ উদ্ধার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।