বান্দরবানের সাঙ্গু নদীতে পানি তোলার পাম্পের পাইপ সরানোর সময় প্রবল স্রোতে ভাসিয়ে নিয়ে যায় এক শ্রমিককে। দুই দিনের ক্লান্তিকর খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের নাম নুরুল আলম। তিনি বান্দরবান বাজারের ৪ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। জানা যায়, গত মঙ্গলবার রাত ১১টার দিকে বান্দরবান বাজারের বোটঘাটা এলাকায় সাঙ্গু নদীর পানি বেড়ে যাওয়ায় পানি তোলার কাজে ব্যবহৃত পাম্পের পাইপ নদী থেকে তুলতে নেমেছিলেন নুরুল আলম। এ সময় প্রবল স্রোতে তিনি তলিয়ে যান এবং নিখোঁজ হয়ে যান।

ঘটনার পরপরই তার ছেলে স্থানীয়দের বিষয়টি জানান। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ এবং স্থানীয়রা নৌকাযোগে সাঙ্গু নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাতে সাঙ্গু নদীর বনানী সমিল এলাকায় একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা স্বজনদের খবর দেন। এরপর নৌকাযোগে নদীতে খোঁজাখুঁজি শুরু করলে স্রোতে ভেসে আসা মরদেহটি লাল মিয়ার চর সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে তা নিখোঁজ শ্রমিক নুরুল আলমের বলে শনাক্ত করেন তার স্বজনরা।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, "নিখোঁজ শ্রমিক নুরুল আলমের মরদেহ ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। গত মঙ্গলবার তিনি সাঙ্গু নদীতে নিখোঁজ হয়েছিলেন।"