বান্দরবানের লামা উপজেলায় পর্যটন কেন্দ্র পরিদর্শনে এসে পুকুরের পানিতে ডুবে জিসান (২০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (২১ অক্টোবর) উপজেলার গজালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত চিংকক কারবারির পুকুরে (খইয়া)।

জানা গেছে, জিসান ঢাকা থেকে আসা মোট ১৭ জনের একটি পর্যটক দলের সদস্য ছিলেন। দুর্গাপূজার ছুটির সুযোগে দলটি চার দিন ধরে লামার দুর্গম পাওমুম স্কুলের পাশের এলাকায় অবস্থান করছিলেন।

মৃত পর্যটকের সফরসঙ্গী মাহিন জানান, প্রতিদিনের মতো বুধবারও তারা চিংকক কারবারির পুকুরে গোসল করতে নামেন। সেই সময় তারা ফুটবল নিয়ে খেলাধুলা করছিলেন। তবে পানি থেকে ফেরার সময় জিসানকে পাশে দেখতে না পেয়ে তারা পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় পাড়াবাসীর সহযোগিতায় পানির নিচ থেকে তাঁকে উদ্ধার করা হয়। দ্রুত মোটরসাইকেলযোগে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

এই বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, লামা থানার উপপরিদর্শক (এসআই) শাকিল আহমেদ লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শনে গেছেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।