হবিগঞ্জের মাধবপুরে একই দিনে পৃথক স্থান থেকে বিয়ের কনেসহ দুই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজনের বিয়ের দিন ধার্য ছিল শুক্রবারই। বিয়ের সব আয়োজন শেষ হলেও শেষ পর্যন্ত আর বিয়ের পিঁড়িতে বসা হলো না তার।

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার বাঘাসুরা ও বহরা ইউনিয়নের পৃথক দুটি গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত দুই তরুণী হলেন বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের খেলু মিয়ার মেয়ে স্বর্ণা (২০) এবং বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়া জান্নাত তন্নী (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে স্বর্ণাকে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। অন্যদিকে, একই দিন সকালে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তন্নীকে দেখতে পান স্বজনেরা।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবারই তন্নীর বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের সব আয়োজন সম্পন্ন করে বরপক্ষের অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। এর মধ্যেই ঘটে এই মর্মান্তিক ঘটনা। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই তরুণীর মরদেহ উদ্ধার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে পুলিশ দুই তরুণীর মরদেহ উদ্ধার করেছে। কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।