হবিগঞ্জের মাধবপুরে গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠেছে স্থানীয় এলাকা। অভিযুক্ত কয়েকজনের বাড়িতে হামলা চালিয়ে মালামালে আগুন ধরিয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ নভেম্বর) মাধবপুর উপজেলার ১০ নম্বর ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে।
স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, পিয়াইম গ্রামের জুয়েল, উজ্জ্বল, সাজু এবং সোহেল নামের কয়েকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চুরির অভিযোগ রয়েছে। গ্রামবাসীর দাবি, তারা বিভিন্ন সময়ে স্থানীয়দের বাড়িঘর থেকে মালামাল চুরি করে নিজেদের বাড়িতে নিয়ে ব্যবহার করতেন। এই ধারাবাহিক চুরির ঘটনায় দীর্ঘ দিন ধরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ জমে ছিল। সম্প্রতি একটি হিন্দু পরিবারে অস্ত্র দেখিয়ে জোরপূর্বক গরু সরিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে উত্তেজিত হয়ে স্থানীয় লোকজন অভিযুক্তদের বাড়িতে হামলা চালায় এবং ঘরে থাকা বিভিন্ন মালামালে আগুন ধরিয়ে দেয়।
এই ঘটনার বিষয়ে ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিনহাজ উদ্দিন চৌধুরী মুক্তকণ্ঠকে জানান, “যাদের বাড়ির মালামাল পুড়িয়ে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে চুরির অভিযোগে একাধিক মামলাও রয়েছে। সম্প্রতি হিন্দু বাড়িতে চুরি করায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন এ ঘটনা ঘটিয়েছেন।”
তবে আগুনের তাণ্ডবে ঠিক কতটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা কী পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
ঘটনার কথা জানতে পেরে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা মুক্তকণ্ঠকে বলেন, “বিষয়টি আমি জানতে পেয়ে খোঁজখবর নিচ্ছি। যারা এ কাজ করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও চুরির অভিযোগের সত্যতা থাকলে তা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।”