বাগেরহাটের ফকিরহাট উপজেলার হোচলা গ্রাম থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুজন শেখ (২৩) ওই এলাকার মৃত শেখ আবুল হোসেনের ছেলে। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাহিরদিয়া-মানসা ইউনিয়নের হোচলা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার ভোররাতে সুজনের স্ত্রী হোসনেআরা বেগম ঘুম থেকে উঠে ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী হোসনেআরা বেগম বলেন, "শনিবার রাতে তারা স্বামী-স্ত্রী ও সন্তান একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোররাতে ঘুম থেকে উঠে তিনি তার স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। রাতের কোনো একসময় এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি জানান। তবে এর কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।"
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, "মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।"