রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং শব্দদূষণ রোধ করতে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আইন ও বিধি অনুযায়ী আগামী ১ ডিসেম্বর সকাল থেকে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে এই বিশেষ অভিযান শুরু করার কথা জানানো হয়েছে।
অভিযান শুরুর আগেই ডিএমপি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট যানবাহন মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানিয়েছে যেন তারা দ্রুত তাদের গাড়ি থেকে এসব অননুমোদিত সরঞ্জাম সরিয়ে ফেলেন।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বলেন, ‘ঢাকা মহানগরে যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার সড়কে চলাচলকারী মানুষ ও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। অতিরিক্ত শব্দের কারণে বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হাইড্রোলিক হর্নের ব্যবহার নিষিদ্ধ হলেও কিছু যানবাহনে এর ব্যবহার দেখা যাচ্ছে। চালক ও মালিকদের দায়িত্বশীল আচরণের মাধ্যমেই সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব।’
অন্যদিকে, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বলেন, ‘অনুমোদনহীন হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের ব্যবহার সড়কে শৃঙ্খলা বিঘ্নিত করার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি ও শব্দদূষণের কারণ হচ্ছে। বিশেষ করে হাইড্রোলিক হর্নের বিকট শব্দ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আইন অনুযায়ী, যেসব যানবাহনে হুটার, বিকন লাইট ও বিশেষ ধরনের হর্ন ব্যবহারের অনুমতি নেই, সেসব যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলাকালে এসব অবৈধ সরঞ্জাম জব্দ করা হবে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।’
তিনি আরও উল্লেখ করেন যে, কেবল বাস ও ট্রাকই নয়, অনেক জিপগাড়িতেও হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। এছাড়া অনেক গাড়িতে অনুমোদনহীন ডেকোরেশন এবং সাইলেন্সার ব্যবহার করা হচ্ছে, যা ঢাকা মহানগরীর সড়কের শৃঙ্খলা ও নিরাপত্তায় বিঘ্ন ঘটাচ্ছে। সড়ক পরিবহন বিধি অনুযায়ী কেবল চার ক্যাটাগরির জরুরি ও জীবনরক্ষাকারী সেবায় নিয়োজিত যানবাহনেই বিশেষ হর্ন বা হুটার ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এগুলো হলো— অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক যান, উদ্ধারকাজে ব্যবহৃত বিশেষ মোটরযান এবং রাষ্ট্রীয় জরুরি কাজে নিয়োজিত যানবাহন। এর বাইরে মোটরসাইকেল, প্রাইভেটকার, বাস ও ট্রাকসহ যেকোনো বাণিজ্যিক মোটরযানে উচ্চশব্দ সৃষ্টিকারী হুটার, হাইড্রোলিক বা বিশেষ হর্ন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
অটোরিকশা ও এই ধরনের যানবাহনের শব্দদূষণ প্রসঙ্গে আনিছুর রহমান বলেন, ‘অটোরিকশা বা একই ধরনের যানবাহনেও উচ্চ শব্দ সৃষ্টি হচ্ছে। এটিও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বর্তমানে সিটি করপোরেশন এ ধরনের যানবাহনের নিবন্ধন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিবন্ধনের পর এ ধরনের যানবাহনের বিরুদ্ধেও অভিযান চলবে। নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে এসব পরিবহনও শৃঙ্খলার মধ্যে চলে আসবে বলে আশা করি।’