মাদারীপুর সদর উপজেলায় স্বর্ণের কানের দুল ও নাকফুল ছিনিয়ে নিতে এক বৃদ্ধাকে নির্মমভাবে আক্রমণ করার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা ওই বৃদ্ধার মাথায় আঘাত করার পাশাপাশি তার কান ও নাক কেটে ফেলে দেয়, যার ফলে তিনি মৃত্যুবরণ করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ শুক্রবার (২০ নভেম্বর) সকালে ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যচক এলাকায় বেগম বিবি নামের ওই বৃদ্ধা তার বাড়ির রান্নাঘরে কাজ করছিলেন। বাড়িতে তাকে একা পেয়ে কয়েকজন দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে এবং তার কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে পাশে থাকা একটি কাঠের মুগুর দিয়ে তারা বৃদ্ধার মাথায় প্রচণ্ড আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর সুযোগ বুঝে দুর্বৃত্তরা তার কান কেটে দুল এবং নাক কেটে স্বর্ণের নাকফুল ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় বেগম বিবিকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। স্বজনেরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে বৃহস্পতিবার রাতেই পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত বেগম বিবি ওই এলাকার মৃত আমজাদ মোল্লার স্ত্রী।
এই নৃশংস ঘটনার পর নিহত বৃদ্ধার ছেলে জসিম মোল্লা জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, “ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই বৃদ্ধার ওপর হামলা চালানো হয়েছিল। চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। থানায় মামলা করার প্রস্তুতি চলছে।”