মহাকাশের বিশালতায় অধিকাংশ গ্রহাণুই সূর্যের মহাকর্ষীয় টান কিংবা বিকিরণ চাপের মতো বাহ্যিক শক্তির প্রভাবে একটি নির্দিষ্ট ও সুশৃঙ্খল পথে পরিভ্রমণ করে। তবে সম্প্রতি ‘১৯৯৮ কেওয়াই২৬’ নামের একটি গ্রহাণুর গতিবিধি বিজ্ঞানীদের কৌতূহল জাগিয়েছে। এই গ্রহাণুটি এমন এক অস্বাভাবিক গতিতে ছুটে চলছে, যা সাধারণ কোনো সুশৃঙ্খল গ্রহাণুর আচরণের সঙ্গে একেবারেই মেলে না। মহাকাশ গবেষকদের মতে, এই রহস্যময় আচরণের একটি সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে এই যে, কেওয়াই২৬ আসলে কোনো সাধারণ গ্রহাণু নয়; বরং এটি একটি ‘ডার্ক কমেট’ বা গাঢ় ধূমকেতু হতে পারে, যা থেকে অদৃশ্য গ্যাস নির্গমনের ফলে এটি তার স্বাভাবিক পথ পরিবর্তন করে ভিন্ন পথে চলছে।

মহাকাশে ভেসে বেড়ানো পাথুরে বস্তুগুলোকে মূলত দুটি প্রধান শ্রেণিতে ভাগ করা হয়— গ্রহাণু এবং ধূমকেতু। গ্রহাণুগুলো মূলত পাথরের টুকরো হয়ে থাকে। অন্যদিকে, ধূমকেতুতে প্রচুর পরিমাণে বরফ থাকে। যখন কোনো ধূমকেতু সূর্যের চারপাশ দিয়ে প্রদক্ষিণ করে, তখন সেই বরফ উত্তাপে গ্যাসে পরিণত হয়ে মহাশূন্যে ছড়িয়ে পড়ে। এই প্রক্রিয়ার ফলে ধূমকেতুটি মহাকর্ষীয় বলের বাইরেও সামান্য অতিরিক্ত গতি লাভ করে। সাধারণত ধূমকেতু বললেই আমাদের চোখে ভেসে ওঠে একটি উজ্জ্বল বস্তুর ছবি, যার পেছনে থাকে একটি দীপ্তিময় লেজ। তবে সব ধূমকেতু এমন হয় না। ডার্ক কমেট বা গাঢ় ধূমকেতুগুলোর ক্ষেত্রে এই বিশেষ বৈশিষ্ট্যগুলো দৃশ্যমান হয় না। এগুলো সাধারণ ধূমকেতুর মতোই গ্যাস নির্গমন করলেও এদের কোনো দৃশ্যমান লেজ থাকে না, যার ফলে বাহ্যিকভাবে এদের দেখতে সাধারণ গ্রহাণুর মতোই মনে হয়।

১৯৯৮ কেওয়াই২৬ গ্রহাণুটি অত্যন্ত দ্রুতগতিতে আবর্তিত হচ্ছে; এটি প্রতি ৫ দশমিক ৩৫ মিনিটে একবার নিজের অক্ষের ওপর ঘুরছে। এই বিশেষ বৈশিষ্ট্যের কারণেই ধারণা করা হচ্ছে যে, এটি একটি গাঢ় ধূমকেতু হতে পারে। ধূমকেতুর প্রধান বৈশিষ্ট্য হলো এর বরফযুক্ত গঠন। এই বিষয়টি যাচাই করতে জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির মহাকাশ প্রকৌশলী করবিন হ্যানসেন ও মাসাতোশি হিরাবায়াশি গ্রহাণুটির আকার, কক্ষপথ, প্রতিফলক ক্ষমতা এবং সম্ভাব্য গঠন বিশ্লেষণ করে এর পৃষ্ঠ ও অভ্যন্তরের তাপমাত্রার একটি কৃত্রিম মডেল তৈরি করেছেন। ইকারাস সাময়িকীতে প্রকাশিত তাঁদের গবেষণা ফলাফলে উল্লেখ করা হয়েছে যে, “১৯৫৮ কেওয়াই২৬–এ পানি বাষ্পীভবনের হার বরফ ধরে রাখার জন্য অনেক বেশি।”

গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় ধরে সুপ্ত বরফ টিকে থাকার জন্য তাপমাত্রা প্রায় ১৪৫ কেলভিন বা মাইনাস ১২৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকা প্রয়োজন। কিন্তু গবেষকেরা লক্ষ্য করেছেন, কেওয়াই২৬-এর সবচেয়ে শীতল অঞ্চলগুলোর তাপমাত্রা সূর্যের চারপাশে প্রদক্ষিণের সময় সর্বনিম্ন ২১২ কেলভিন বা মাইনাস ৬১ ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। মানুষের জন্য এই তাপমাত্রা অত্যন্ত শীতল মনে হলেও, ধূমকেতুর বরফ ধরে রাখার জন্য এটি অনেক বেশি উষ্ণ। গবেষকদের হিসাব অনুযায়ী, এই তাপমাত্রায় যদি কেওয়াই২৬-এর মোট ভরের মাত্র ১ শতাংশ জলের বরফ হয়ে থাকে, তবে তা মাত্র দুই হাজার বছরের সামান্য বেশি সময়েই গলে যেত।

যদিও কেওয়াই২৬ গ্রহাণুটিকে শতকোটি বছরের পুরোনো বলে দাবি করা হয়, তবে এটি ঠিক কত বছর ধরে বর্তমান কক্ষপথে অবস্থান করছে তা এখনো স্পষ্ট নয়। এই অস্পষ্টতার কারণে এতে বরফ থাকার সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করা যাচ্ছে না। পাশাপাশি, গ্রহাণুটিকে তার নির্দিষ্ট পথ থেকে সরিয়ে দেওয়ার পেছনে সূর্যের বিকিরণ চাপের প্রভাবকেও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। অর্থাৎ, এই অদ্ভুত আচরণের পেছনে সূর্যালোকও দায়ী হতে পারে।

এই রহস্যের সমাধান করতে জাপানের মহাকাশ সংস্থার পাঠানো হায়াবুসা২ মহাকাশযানটি ইতিমধ্যে কেওয়াই২৬ গ্রহাণুর দিকে যাত্রা শুরু করেছে। ধারণা করা হচ্ছে, ২০৩১ সালের জুলাই মাসে মহাকাশযানটি গ্রহাণুটির কাছাকাছি পৌঁছাবে।