বিকেলের পড়ন্ত রোদের আভা ছড়িয়ে পড়ছে চারদিকে। রিকশার হুড তুলে আমি বসে আছি এক অদ্ভুত শূন্যতায়। পকেটে সামান্য কিছু খুচরা টাকা, আর মাথার ভেতর ভবিষ্যতের চিন্তার এক বিশাল পাহাড় জমে আছে। ঠিক এমন এক স্নিগ্ধ মুহূর্তে পকেটের মোবাইল ফোনটি কেঁপে উঠল। রিংটোন বাজছে—‘চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা...’
স্ক্রিনে ভেসে উঠল আমার মামা শ্বশুরের নাম। তিনি এমন একজন স্নেহময় ব্যক্তিত্ব, যিনি গত তিন বছর ধরে আমার ক্যারিয়ার কাউন্সেলিং করতে গিয়ে আমার জীবনটাকে যেন এক পিস আস্ত লেবুর মতো চিপে একাকার করে ফেলেছেন। ওনার দৃষ্টিতে আমি এক অমিত সম্ভাবনাময় প্রতিভা, যাকে সামান্য প্রেশার দিলেই হীরার টুকরো হয়ে বের হওয়া সম্ভব। যদিও বাস্তব চিত্রটি ভিন্ন; সেই প্রেশারে আমি কেবলই আত্মিক ও মানসিক দিক থেকে ঝলসানো বেগুনভর্তায় পরিণত হচ্ছি।
ফোনটি ধরতেই ওপার থেকে গম্ভীর অথচ আশাবাদী কণ্ঠে ভেসে এল, ‘বাবা, শুনলাম একটা দারুণ সুযোগ এসেছে! বড় একটা জায়গায় কথাবার্তা পাকা, শুধু কাল সকালে গিয়ে একটু... বুঝতেই তো পারছ।’
আর বোঝার তো আর বাকি কিছু নেই! গত তিন বছরে এই ‘বুঝতেই তো পারছ’ কথাটির অর্থ আমার মুখস্থ হয়ে গেছে। এর প্রকৃত অর্থ হলো—জীবনের উন্নতির মইয়ে পা রাখতে গিয়ে আসলে নিজের পিঠের চামড়াটাকেই ইজারা দেওয়া। আর এই যে বিনা নোটিশে জীবনে পর্যায়ক্রমে একের পর এক বাঁশ প্রবেশের মহোৎসব, একেই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এককথায় বলা হয়—‘বাঁশ খাওয়া’।
তবে প্রশ্ন জাগতে পারে, জীবনে এই বাঁশ খাওয়া কেন এত জরুরি?
পৃথিবীতে মানুষ জন্মসূত্রে বিভিন্ন গুণের অধিকারী হয়। কেউ হয় গায়ক, কেউ নৃত্যশিল্পী, আবার কেউবা হয়ে ওঠে কবি। তবে অনেকেরই জন্মগত বৈশিষ্ট্য থাকে এক মহৎ প্রজাতির প্রতিনিধি হওয়া, যাদের প্রধান কাজই হলো কারণে-অকারণে শুধু বাঁশ খাওয়া। অনেকে মনে করেন, বাঁশ খাওয়া মানেই কেবল বেদনা, গ্লানি আর আত্মসম্মানে মারাত্মক আঘাত। কিন্তু যাঁরা পেশাদার বাঁশখোর অর্থাৎ আদ্যোপান্ত পোড়–খাওয়া বাঙালি মধ্যবিত্ত, তাঁরা জানেন যে এই বাঁশের ভেতরেই লুকিয়ে আছে জীবনের আসল দর্শন বা ফিলোসফি।
প্রথমত, এটি মেরুদণ্ড সোজা করার এক মোক্ষম দাওয়াই। আমাদের পিঠের হাড়গুলো জন্ম থেকেই যেন কিছুটা বাঁকা। সামান্য সুযোগ পেলেই এদিক-ওদিক ডিগবাজি খাওয়ার ধান্ধা করে। এই বাঁকা মানুষগুলোকে সোজা করার জন্য প্রকৃতি এবং সমাজ এক মহৌষধ আবিষ্কার করেছে, যার নাম ‘বাঁশ’। ভাগ্যে একটা মোক্ষম বাঁশ লাগলে মেরুদণ্ড এমনিতেই সোজা হয়ে যায়। সোজা কথায়, মানুষকে সোজা পথে চলতে বাধ্য করার সেরা ইন্সট্রুমেন্ট হলো এটি।
দ্বিতীয়ত, একঘেয়ে জীবনে এটি নিয়ে আসে টানটান উত্তেজনা। বাঁশ খাওয়ার আসল আনন্দ লুকিয়ে আছে এর নাটকীয়তার মাঝে। সারা জীবন একই রুটিনে চলতে চলতে জীবন যখন চরম বিরক্তিকর হয়ে যায়, তখন একটি টাটকা বাঁশ এসে সেই জীবনে দারুণ সব মোচড় বা টুইস্ট নিয়ে আসে। তখন জীবন আর সাধারণ বাংলা সিরিয়ালের মতো থাকে না, বরং হয়ে ওঠে এক পূর্ণাঙ্গ থ্রিলার মুভি। পরের দৃশ্যে কী ঘটবে, তা ভেবে বুকের ভেতর যে ঢিপঢিপানি শুরু হয়, সেই অ্যাড্রেনালিন রাশের মজাই আলাদা!
তৃতীয়ত, এর মাধ্যমে তৈরি হয় সহমর্মিতার এক অনন্য ভ্রাতৃত্ব বা ব্রাদারহুড। একা একা সুখে থাকার কোনো বিশেষ দাম নেই; আপনি একা সুখে আছেন বলে কেউ আপনাকে বাহবা দেবে না। কিন্তু আপনি যখন কোনো এক সুন্দর দুপুরে বিরাট একটা বাঁশ খেয়ে এসে চায়ের দোকানে বসবেন এবং বলবেন, ‘দোস্ত, আজ এমন একটা বাঁশ খাইছি না...’, দেখবেন চারপাশ থেকে দশজন মানুষ এসে তাদের জীবনের আরও বড় বড় বাঁশ খাওয়ার গল্প শুনিয়ে আপনাকে সান্ত্বনা দিচ্ছে। এই যে নিখাদ সহানুভূতি, তা কেবল বাঁশ খাওয়ার মাধ্যমেই অর্জন করা সম্ভব।
আমার মনে হয়, একবার যে মানুষ জীবনে রকমারি সাইজের বাঁশ হজম করে ফেলেছে, তাকে আর কোনো ডিপ্রেশন বা বিষণ্ণতা কাবু করতে পারে না। তার চামড়া তখন গন্ডারের মতো শক্ত হয়ে যায়, ফলে সমাজের কোনো কটূক্তি, বসের বকুনি কিংবা কাঙ্ক্ষিত প্রেম না পাওয়ার বেদনা আর গায়ে লাগে না। বাঁশ খাওয়ার এই ইমিউনিটি অর্জন করা কি আর মুখের কথা!
তাই মামা শ্বশুরের ওই আশাবাদী কথার জবাবে ফোনটি কানে ধরেই আমি একটি দীর্ঘশ্বাস ফেললাম। রিকশাওয়ালার দিকে তাকিয়ে দেখলাম সেও যেন গভীর সহানুভূতি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এরপর ঠোঁটে একচিলতে বিনীত ও পোড়–খাওয়া মুচকি হাসি ফুটিয়ে বললাম, ‘ঠিক আছে মামা শ্বশুর, কাল সকালেই হাজির হচ্ছি। দেখি কিসের মাপের বাঁশ আজ কপালে লেখা আছে!’
ফোনটি কেটে দিয়ে আকাশের দিকে তাকালাম। আমি এখন আর বাঁশ থেকে পালিয়ে বেড়াই না। জীবন আমাকে যতই কোণঠাসা করুক না কেন, আমার পিঠে এখন বাঁশ সহ্য করার এক অদম্য শক্তি তৈরি হয়ে গেছে। বরং এখন কেউ বাঁশ দেওয়ার ইঙ্গিত করলেই আমি বুক চিতিয়ে সোজা হয়ে দাঁড়াই আর বলি—‘আলাদা করে মাপ নেওয়ার কী দরকার ভাই, একবারে সাইজমতো লম্বায় বারো হাত ভুদুম বাঁশ দিয়ে দিন!’