মুক্তির মাত্র দুই দিনের মাথায় ভিউয়ের সংখ্যা কোটি ছাড়িয়েছে অপূর্ব ও নাজনীন নীহা অভিনীত নাটক ‘ভালো আছো তো’। নতুন জুটির রসায়ন, পারিবারিক টানাপোড়েন, প্রেম এবং আবেগের গল্প নিয়ে অক্টোবর মাসজুড়ে ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে আরও বেশ কিছু নাটক। জনপ্রিয় হয়ে ওঠা এমন পাঁচটি নাটকের কাহিনী ও বিশেষত্ব নিয়ে আলোচনা করা হলো।
চার দিনে ৭০ লাখ ভিউ পেয়েছে ‘নিয়তি’ নাটকটি। গত ২৯ সেপ্টেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে এটি মুক্তি দেওয়া হয়। এখন পর্যন্ত নাটকটির মোট ভিউ ১ কোটি ৩০ লাখে পৌঁছেছে। মুহাম্মদ মিফতাহ আনানের লেখা ও পরিচালনায় নির্মিত এই নাটকের মূল উপজীব্য হলো পারিবারিক সম্পর্কের জটিলতা। বাবা-মায়ের সঙ্গে সন্তানের মানসিক টানাপোড়েন, আদর্শের সংঘাত এবং প্রেমের গল্প এখানে ফুটে উঠেছে। নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও নাজনীন নাহার নীহা। দর্শক মহলে এই নাটকটি আলোচনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে ইয়াশ ও নীহা জুটির চমৎকার রসায়ন। তাদের সাবলীল অভিনয় নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন অনেক দর্শক।
প্রেমে ভুল-বোঝাবুঝির গল্প নিয়ে এলবিসি এন্টারটেইনমেন্ট প্রকাশ করেছে আরশ খান ও সুনেরাহ বিনতে কামাল জুটির নতুন কাজ ‘মায়ারে’। নাজ নাজমার রচনা ও সংলাপে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কাজী বাহাদুর। ১ অক্টোবর মুক্তির পর মাত্র দুই দিনেই নাটকটি ২০ লাখের বেশি ভিউ অর্জন করে। গতকাল পর্যন্ত এর মোট ভিউ দাঁড়িয়েছে ৪৭ লাখ ৪৩ হাজারে। তরুণ প্রজন্মের সম্পর্কের জটিলতা, আবেগ এবং ভুল-বোঝাবুঝিকে কেন্দ্র করে নাটকের গল্পটি আবর্তিত হয়েছে। আরশ ও সুনেরাহর পর্দার রসায়ন গল্পটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে বলে অনেক দর্শক মন্তব্য করেছেন।
নতুন জুটির সাফল্যের কথা বলে ‘তোমার ঠিকানায়’ নাটকটি। ২৪ সেপ্টেম্বর হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার ও সাদনিমা বিনতে নোমান। এটি মূলত পারিবারিক আবহ, ভালোবাসা ও আবেগের টানাপোড়েনের একটি গল্প। খায়রুল বাসার ও সাদনিমার জুটির জনপ্রিয়তা এই নাটকের সাফল্যে বড় ভূমিকা রেখেছে। গতকাল পর্যন্ত নাটকটির ভিউ ১ কোটি ৭৪ লাখে পৌঁছেছে।
রোমান্টিক ঘরানার বাইরে গিয়ে মধ্যবিত্ত পরিবারের জীবনচিত্র সামনে এনেছে ‘সংসারের বোঝা’ নাটকটি। ১ অক্টোবর জি-সিরিজ বাংলা নাটকের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশিত হয়। নাটকটির রচয়িতা প্রত্যয় হাসান এবং পরিচালক নাজমুল রনি। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও নীলাঞ্জনা নীলা। গতকাল পর্যন্ত নাটকটির ভিউ ১ কোটি ৪০ লাখ। মধ্যবিত্ত পরিবারের সদস্যদের অনেক সময় নিজেদের ব্যক্তিগত ইচ্ছার চেয়ে পরিবারের প্রয়োজনকে বেশি গুরুত্ব দিতে হয়। অর্থনৈতিক চাপ, দায়িত্ব ভাগাভাগি এবং একে অপরের প্রতি প্রত্যাশা থেকে তৈরি হওয়া নানা সমস্যাই এখানে উঠে এসেছে। ‘সংসারের বোঝা’ নাটকে সেই পরিচিত বাস্তবতাকে ফুটিয়ে তোলা হয়েছে, যার ফলে অনেক দর্শকই নাটকটির মধ্যে নিজের জীবনের অভিজ্ঞতা খুঁজে পেয়েছেন।
দাম্পত্য জীবনে সন্দেহের প্রভাব নিয়ে নির্মিত হয়েছে ‘জোছনায় ফেরা’ নাটকটি। কখনো একটি ছোট ঘটনা, আবার কখনো মুঠোফোনে আসা একটি বার্তা—বদলে দিতে পারে দীর্ঘদিনের সম্পর্কের সমীকরণ। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন সেই সম্পর্কে ফিরে আসে অতীতের কোনো মানুষ। ভালোবাসা, অভিমান, ভুল-বোঝাবুঝি ও বিশ্বাসের এমন টানাপোড়েন নিয়েই এই নাটকের কাহিনী। ইরফান সাজ্জাদ ও আইশা খান অভিনীত নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। ১৮ অক্টোবর লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর গতকাল পর্যন্ত নাটকের ভিউ ৬০ লাখে দাঁড়িয়েছে। অনেক দর্শক লিখেছেন, তারা নাটকটির সাথে বর্তমান সময়ের নানা ঘটনার মিল খুঁজে পেয়েছেন, আর সে কারণেই নাটকটি তাদের কাছে এত প্রিয় হয়েছে।