বাস বা গাড়িতে ভ্রমণের সময় রেল ক্রসিংয়ে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করাটা অনেকের কাছেই বিরক্তিকর মনে হয়। বিশেষ করে ধীরগতির মালবাহী ট্রেন হলে সেই অপেক্ষার সময় যেন আরও দীর্ঘ হয়ে ওঠে। তবে কল্পনা করুন এমন একটি ট্রেনের কথা, যার একটির পর একটি বগি পার হতে হতে আপনি গুনতে গুনতে পৌঁছে গেলেন ৬৯৬ নম্বরে। হ্যাঁ, অবিশ্বাস্য মনে হলেও দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি এমনই এক দীর্ঘ ট্রেনের যাত্রা সম্পন্ন হয়েছে।

গত মাসে দক্ষিণ আফ্রিকার নর্দার্ন কেপ ও ওয়েস্টার্ন কেপ অঞ্চলে চলাচল করা এই মালবাহী ট্রেনটির দৈর্ঘ্য ছিল সাড়ে সাত কিলোমিটারের বেশি। মোট ৬৯৬টি বগি নিয়ে গত ১৭ অক্টোবর দেশটির সমুদ্রতীরবর্তী শহর সালদানহা থেকে ট্রেনটির যাত্রা শুরু হয়। দাবি করা হচ্ছে, এটি বিশ্বের ইতিহাসে রেললাইনে চলা সবচেয়ে লম্বা ট্রেনের নতুন রেকর্ড। তবে স্বাধীনভাবে যাচাই করে এখনো এই রেকর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি।

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন ও সরবরাহ প্রতিষ্ঠান ট্রান্সনেটের একটি বিভাগ 'ট্রান্সনেট ফ্রেইট রেল' (টিএফআর) এই বিশেষ ট্রেনটি পরিচালনা করে। ৭ হাজার ৬০২ মিটার দীর্ঘ এই ট্রেনটি দেশের ‘ওর এক্সপোর্ট রেললাইন’ ধরে মোট ৭৮২ কিলোমিটার (৪৯৬ মাইল) পথ পাড়ি দিয়ে নর্দার্ন কেপের খনিগুলোতে পৌঁছায়। অত্যন্ত ধীরগতিতে চলা এই ট্রেনটির পুরো পথ অতিক্রম করতে এক দিন সময় লেগেছে।

এই অর্জনের মাধ্যমে বিশ্বের দীর্ঘতম ট্রেনের রেকর্ডটি পুনরায় নিজেদের দখলে নেওয়ার দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটি। উল্লেখ্য, প্রায় ২৫ বছর ধরে এই রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার বিএইচপি আয়রন ওরের দখলে। তারা ৬৮২টি বগি নিয়ে ৭ দশমিক ৩৫ কিলোমিটার দীর্ঘ একটি ট্রেন চালিয়েছিল, যা পশ্চিম অস্ট্রেলিয়ায় ২৭৫ কিলোমিটার (১৭১ মাইল) পথ পাড়ি দিয়েছিল। এর মাধ্যমেই তারা টিএফআরের পূর্বসূরি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে রেকর্ডটি ছিনিয়ে নিয়েছিল।

এর আগে ১৯৮৯ সালে টিএফআরের পূর্বসূরি প্রতিষ্ঠান স্পুরনেট দীর্ঘতম ট্রেনের রেকর্ড গড়েছিল। সে সময় প্রায় ৭ দশমিক ২ কিলোমিটার (৪ দশমিক ৪৭ মাইল) দীর্ঘ একটি ট্রেন রপ্তানি রেলপথের পুরো ৮৬১ কিলোমিটার (৫৩৫ মাইল) পথ পাড়ি দিয়েছিল। সিশেন থেকে সালদানহা পর্যন্ত সেই যাত্রায় সময় লেগেছিল ২৭ ঘণ্টা। তবে ২০০১ সালে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠানটি সেই রেকর্ড ভেঙে দেয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের আনুষ্ঠানিক স্বীকৃতি এখনো অস্ট্রেলিয়ার ওই প্রতিষ্ঠানের কাছেই রয়েছে।

টিএফআরের এক প্রতিনিধি সিএনএনকে জানিয়েছেন, রেকর্ডের দাবির আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে প্রতিষ্ঠানটি বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের (জিডব্লিউআর) সঙ্গে যোগাযোগ করছে। তবে এই স্বীকৃতির জন্য ‘অত্যন্ত জোরালো প্রমাণ’ উপস্থাপন করতে হবে। কারণ, ট্রেনটি চলাচল শেষ করার পর গিনেস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, অথচ গিনেসের নিয়ম অনুযায়ী রেকর্ড গড়ার চেষ্টার আগেই আবেদন জমা দিয়ে তা পর্যালোচনা করিয়ে নিতে হয়।

তবে কেবল বিশ্ব রেকর্ড গড়াই এই উদ্যোগের একমাত্র লক্ষ্য ছিল না। পরীক্ষামূলক এই ট্রেনের ৬৯৬টি বগির কোনোটিতেই কোনো মালামাল ছিল না। খালি থাকা সত্ত্বেও ট্রেনটির মোট ওজন ছিল ১৫ হাজার ৮৩০ টন। এর ফলে ট্রেনটির পুরো দৈর্ঘ্যজুড়ে সৃষ্ট বিপুল চাপ ও টানজনিত শক্তির হিসাব-নিকাশ আরও জটিল হয়ে পড়ে।

টিএফআরের প্রধান নির্বাহী রাসেল বাটজিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, বিশ্ব রেকর্ড গড়া নিঃসন্দেহে বড় অর্জন। তবে এই উদ্যোগের আসল লক্ষ্য হলো, এর মধ্য দিয়ে অর্জিত প্রযুক্তিগত জ্ঞান ও পরিচালনাসংক্রান্ত অভিজ্ঞতা। রাসেল আরও বলেন, “এই অভিজ্ঞতা ভবিষ্যতে রেল পরিচালনা ব্যবস্থার উন্নয়ন, নতুন উদ্ভাবনে সহায়তা এবং আমাদের মালবাহী রেল পরিবহনের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।”

এত দীর্ঘ ট্রেন চালানো ছিল এক কঠিন পরীক্ষা। সাধারণ রেলপথগুলো এত বিশাল ট্রেনের উপযোগী করে তৈরি করা হয় না। টিএফআরের ভাষ্য অনুযায়ী, এই পথে চলাচলকারী সাধারণ মালবাহী ট্রেনগুলোতে সাধারণত ৩৪৮টি বগি থাকে, যা উৎপাদন কাজে ব্যবহৃত ট্রেনের ক্ষেত্রে বিশ্ব রেকর্ড। অথচ নতুন এই ট্রেনটি ছিল তার দ্বিগুণ দীর্ঘ।

প্রযুক্তির উন্নতির ফলে গত কয়েক দশকে ভারী পণ্য পরিবহনের ট্রেনের দৈর্ঘ্য ও সক্ষমতা বাড়লেও দীর্ঘমেয়াদী কার্যক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ২০২৫ সালের এক গবেষণায় বলা হয়েছে, দীর্ঘ ট্রেনের অংশজুড়ে বিপুল শক্তির বারবার চাপ এবং অনেক বগি ও ইঞ্জিনের মধ্যে ধাক্কা ও টানার ফলে চাকা ও রেললাইন—দুটিরই কাঠামোগত ক্ষতি হতে পারে।

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কের দৈর্ঘ্যের প্রায় দ্বিগুণ এই ট্রেনটি রাখার মতো পর্যাপ্ত জায়গা রেল ইয়ার্ডে ছিল না। ফলে মূল রেললাইনের ওপরেই ২৩২টি করে বগি নিয়ে তিন ভাগে সেগুলো জোড়া লাগানো হয়। এর আগে প্রতিটি বগি এবং ব্রেক সিস্টেম পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়।

সাধারণত এই রেলপথে চলাচলকারী মালবাহী ট্রেনগুলো একবারে ৩৪ হাজার ৮০০ টন আকরিক লৌহ পরিবহন করতে পারে। তবে এই পরীক্ষামূলক ট্রেনের ৬৯৬টি বগি খালি থাকা সত্ত্বেও ওজন ছিল ১৫ হাজার ৮৩০ টন, যা চাপ ও টানজনিত শক্তির হিসাবকে জটিল করে তোলে। এই জটিলতা নিরসনে ব্যবহৃত হয়েছে ‘রেডিও ডিস্ট্রিবিউটেড পাওয়ার’ প্রযুক্তি। এই ব্যবস্থায় ট্রেনটির বিভিন্ন অংশে ১২টি বৈদ্যুতিক ও ডিজেল-ইলেকট্রিক ইঞ্জিন যুক্ত করা হয় এবং তারবিহীন রেডিও সংকেতের মাধ্যমে সেগুলোর মধ্যে সমন্বয় ঘটানো হয়। এর ফলে ইঞ্জিনের শক্তি ও ব্রেক করার ক্ষমতা শুধু সামনের অংশে সীমাবদ্ধ না থেকে পুরো ট্রেনে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে।