ফলটির আদি নিবাস চীন, তবে নাম শুনলে মনে হয় নিউজিল্যান্ডের। বাদামি রঙের লোমশ খোসা আর ভেতরে সবুজ শাঁস—স্বাদে মিষ্টি ও কিছুটা টক এই ফলটির নাম কিউই। একসময় বাংলাদেশের বাজারে এই ফলের দেখা পাওয়া যেত খুব কম। তবে বর্তমানে পরিচিত সব বিদেশি ফলের পাশে জায়গা করে নিচ্ছে কিউই। যদিও এর দাম এখনো বেশ চড়া। চট্টগ্রামের কিছু দোকানে একটি কিউই ফল কিনতে গুনতে হচ্ছে ১৭৫ থেকে ২০০ টাকা।
দাম চড়া হওয়া সত্ত্বেও দেশে এই ফলের আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়ছে। ২০০৯ সালে যেখানে মাত্র ১২৯ কেজি কিউই আমদানি হয়েছিল, সেখানে চলতি বছরের প্রথম ১০ মাসেই আমদানির পরিমাণ ২৪ হাজার কেজির বেশি। শুধু আমদানির ওপর নির্ভর না করে দেশের মাটিতেই এই ফল উৎপাদনের পথ খুঁজছেন গবেষকেরা। গত বছর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) একদল গবেষক পরীক্ষাগারে কিউইগাছের চারা তৈরিতে সফল হয়েছেন।
কিউইর সবচেয়ে পরিচিত দুটি ধরন হলো সবুজ ও সোনালি কিউই। সবুজ কিউইর শাঁসের মাঝখানে সাদা অংশ ঘিরে থাকে ছোট ছোট কালো বীজ। অন্যদিকে সোনালি কিউইর শাঁস হলুদাভ রঙের হয়। স্বাদেও এই দুই ধরনের ফলের পার্থক্য রয়েছে। কিউই ভিটামিন সি ও খাদ্য আঁশের সমৃদ্ধ উৎস। তবে পুষ্টিগুণ থাকলেও গবেষকদের মতে, খুব বেশি দাম দিয়ে কিউই কেনা খুব জরুরি নয়, কারণ দেশীয় অনেক ফল থেকেও শরীরের প্রয়োজনীয় পুষ্টি পাওয়া সম্ভব।
বিশ্বের অনেক দেশে কিউই চাষ করা হয়, তবে উৎপাদনে শীর্ষে রয়েছে এর আদি নিবাস চীন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে প্রায় ৪৪ লাখ টন কিউই উৎপাদিত হয়েছে। এর মধ্যে চীন একাই উৎপাদন করেছে প্রায় ২১ লাখ ৫৩ হাজার টন, যা বিশ্বের মোট উৎপাদনের প্রায় ৪৯ শতাংশ। এরপরের অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড ও ইতালি।
কিউইর নামকরণের ইতিহাস বেশ চমকপ্রদ। জন্মভূমি চীনে বহু শতাব্দী ধরে এই ফল পাওয়া গেলেও চীনের বাইরে এটি একসময় ‘চায়নিজ গুজবেরি’ নামে পরিচিত ছিল। তবে বিশ্বজুড়ে এর পরিচিতি ছড়িয়ে দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড সরকারের ইতিহাসবিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯০৪ সালে মেরি ইসাবেল ফ্রেজার নামের এক শিক্ষিকা চীন থেকে ফলটির বীজ নিউজিল্যান্ডে নিয়ে যান। ১৯০৬ সালে সেই বীজ রোপণ করা হয় এবং চার বছর পর ১৯১০ সালে গাছে প্রথম ফল ধরে।
ধীরে ধীরে ফলটি চাষে আগ্রহ বাড়তে থাকে এবং ১৯৫২ সালে নিউজিল্যান্ড থেকে প্রথম বাণিজ্যিকভাবে এই ফল ইংল্যান্ডে রপ্তানি করা হয়। তবে তখনও এর নাম ছিল চায়নিজ গুজবেরি। ইতিহাস ঘেঁটে দেখা যায়, নাম বদলের ঘটনা ঘটে ১৯৫৯ সালের ১৫ জুন। নিউজিল্যান্ডের ফল রপ্তানিকারক প্রতিষ্ঠান টার্নার্স অ্যান্ড গ্রোয়ার্স ঘোষণা দেয়, তারা ফলটি ‘কিউই ফ্রুট’ নামে রপ্তানি করবে। দেশটির পরিচিত প্রতীক কিউই পাখির নামের সঙ্গে মিল রেখে এই নতুন নামটি বেছে নেওয়া হয়। এরপর বিশ্ববাজারে কিউই নামেই ফলটি পরিচিত হয়ে ওঠে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিসংখ্যানে দেখা যায়, ২০০৯ সালে দেশে মাত্র ১২৯ কেজি কিউই আমদানি হয়েছিল, যার মূল্য ছিল ১৮ হাজার ২৬৫ টাকা। ২০২৫ সালে আমদানির পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৪ হাজার ৫৮২ কেজিতে এবং আমদানি মূল্য হয় ৫২ লাখ ৫৯ হাজার টাকা। অর্থাৎ ১৬ বছরের ব্যবধানে আমদানির পরিমাণ বেড়েছে প্রায় ১১৩ গুণ। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আমদানি হয়েছে ২৪ হাজার ২১৪ কেজি কিউই, যা ২০২৫ সালের পুরো বছরের আমদানির চেয়ে প্রায় ৬৬ শতাংশ বেশি।
একসময় দেশে বিদেশি ফল বলতে আপেল, কমলা, আঙুর ও নাশপাতির পরিচিতি বেশি থাকলেও এখন বাজারে অ্যাভোকাডো, রাম্বুটান, ম্যাঙ্গোস্টিন, পার্সিমনসহ নানা ধরনের ফল পাওয়া যাচ্ছে। ব্যবসায়ীদের মতে, সামগ্রিক বাজারের তুলনায় কিউইর অংশ এখনো নগণ্য হলেও ধীরে ধীরে এর বাজার বিস্তৃত হচ্ছে।
গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড ও রেয়াজউদ্দিন বাজারের ফলের দোকানগুলোতে দেখা যায়, আপেল, কমলা ও আঙুরের পাশেই সাজিয়ে রাখা হয়েছে বাদামি রঙের কিউই। তবে অন্য বিদেশি ফলের মতো এর ক্রেতা খুব বেশি নন। নির্দিষ্ট কিছু ক্রেতাই নিয়মিত কিউই কেনেন বলে জানান ব্যবসায়ীরা। ফল ব্যবসায়ী মোহাম্মদ হাসেমের দোকানে প্রতি কেজি কিউই বিক্রি হচ্ছিল ১ হাজার ৪০০ টাকায়। এক কেজিতে ধরে সাত থেকে আটটি ফল। তিনি ঢাকার আমদানিকারকদের কাছ থেকে নিয়মিত এই ফল কিনে আনেন এবং দিনে ১০ থেকে ১৫ কেজি পর্যন্ত বিক্রি করেন।
মোহাম্মদ হাসেম মুক্তকণ্ঠকে বলেন, “ফলটি এখনো খুব বেশি প্রচলিত নয়। দামও বেশি। তবে কিছু নির্দিষ্ট ক্রেতা নিয়মিত কেনেন। ধীরে ধীরে ফলটির পরিচিতি বাড়ছে। আগামী দিনে বিক্রি আরও বাড়বে বলে তাঁর আশা।”
চট্টগ্রামের বাইরে কিউইর বড় অংশ বিক্রি হয় রাজধানী ঢাকায়। ঢাকার বিভিন্ন অনলাইন বিক্রয়কেন্দ্রে প্রতি কেজি কিউইর দাম ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৬০০ টাকা দেখানো হয়েছে। জাত, আকার, মান ও সরবরাহকারী দেশভেদে দামের এই পার্থক্য থাকে। হাসেম জানান, বাজারে ভারত ও থাইল্যান্ড থেকে আসা কিউই বেশি চলে। নিউজিল্যান্ড থেকেও কিউই আসে। তবে থাইল্যান্ড থেকে আসা কিউইর স্বাদ ভালো এবং ভারত থেকে আসা কিউইর দাম তুলনামূলক কম। খুচরা বাজারে প্রতি কেজি ৯০০ থেকে ১০০০ টাকায়ও পাওয়া যায়।
বাজারের বাবুল এন্টারপ্রাইজের কর্মচারী মোহাম্মদ নাসের জানান, কিউই সুস্বাদু ফল হলেও চড়া দামের কারণে এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। আমদানি বাড়লে দাম কমবে এবং বিক্রিও বাড়তে পারে। রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা জানান, মূলত নগরের কাজীর দেউড়ি, খুলশী ও নাসিরাবাদের মতো অভিজাত এলাকার খুচরা বিক্রেতারা তাঁদের কাছ থেকে কিউই কিনে নিয়ে যান।
ঢাকার একটি সুপারশপ থেকে কিউই কিনেছিলেন একদল গবেষক। তাঁদের উদ্দেশ্য ছিল ফলটির বীজ থেকে চারা তৈরি করে দেখা যে বাংলাদেশের পরিবেশে তা বেড়ে উঠতে পারে কি না। বিসিএসআইআরের নয়জন গবেষকের এই কাজের ফল ২০২৫ সালের জুনে ‘প্ল্যান্ট টিস্যু কালচার অ্যান্ড বায়োটেকনোলজি’ সাময়িকীতে প্রকাশিত হয়। গবেষকেরা টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করে পাতার ছোট অংশ থেকে নতুন গাছ জন্মানোর চেষ্টা করেন। গবেষণায় পাতার নমুনা থেকে নতুন কুঁড়ি তৈরির সাফল্যের হার ছিল ৯২ দশমিক ৫ শতাংশ। প্রতিটি নমুনা থেকে গড়ে প্রায় ১৩টি কুঁড়ি পাওয়া যায় এবং ৯৫ শতাংশ নতুন অঙ্কুরে শিকড় গজায়। এরপর চারাগুলো মাটিভর্তি টবে স্থানান্তর করা হলে ৬০ শতাংশ চারা টিকে ছিল।
গবেষণাপত্রটির প্রথম লেখক বিসিএসআইআরের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন বর্তমানে চট্টগ্রাম গবেষণাগারে কর্মরত। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “বাংলাদেশের পরিবেশে কিউইগাছ বেড়ে উঠতে পারে কি না, তা জানাই ছিল গবেষণার মূল উদ্দেশ্য। টিস্যু কালচার পদ্ধতিতে তৈরি চারা বাইরের পরিবেশে টিকিয়ে রাখা বেশ কঠিন। তবে তাঁরা দুটি গাছ বাইরের পরিবেশে বেড়ে ওঠার পর্যায় পর্যন্ত নিয়ে যেতে পেরেছিলেন।”
বাংলাদেশে নানা ধরনের বিদেশি ফল উৎপাদনের উদ্যোগ নেওয়া হলেও কিউইর ক্ষেত্রে তেমন অগ্রগতি হয়নি। কৃষি মন্ত্রণালয়ের কৃষি তথ্য সার্ভিসের ‘কৃষি কথা’য় ২০১৯ সালের জুলাইয়ে প্রকাশিত ‘বিদেশি ফলের জাত প্রবর্তন, গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ’ শীর্ষক নিবন্ধেও এ কথা উল্লেখ করা হয়েছিল। সাত বছর পরও বাণিজ্যিক চাষে সাফল্যের অভাবের বড় কারণ আবহাওয়া। কিউই মূলত শীতপ্রধান অঞ্চলের ফল। বাংলাদেশের মাটি উপযোগী হলেও আবহাওয়া অনুকূল নয়। তবে উষ্ণ বা উপক্রান্তীয় অঞ্চলে চাষের উপযোগী জাত উদ্ভাবিত হলে দেশে উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মসিউর রহমান মুক্তকণ্ঠকে বলেন, “কিউই মূলত শীতপ্রধান অঞ্চলের ফল। বাংলাদেশের মাটি এই ফল চাষের জন্য মোটামুটি উপযোগী হলেও আবহাওয়া অনুকূল নয়। তবে উষ্ণ বা উপক্রান্তীয় অঞ্চলে চাষের উপযোগী কোনো জাত উদ্ভাবিত হলে দেশেও কিউই উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে।”
মসিউর রহমান জানান, কিউই একধরনের লতানো গাছ এবং এর পুরুষ ও স্ত্রী গাছ আলাদা হয়, তাই পরাগায়নের জন্য দুই ধরনের গাছই লাগাতে হয়। তিনি আরও জানান, ২০২০ বা ২০২১ সালের দিকে সাভারে একজন কিউই চাষের উদ্যোগ নিয়েছিলেন, তবে পরে সেখানে গাছের দেখা পাননি। দেশে কেউ বাণিজ্যিকভাবে কিউই চাষে সফল হয়েছেন বলে তাঁর জানা নেই।
বিসিএসআইআরের গবেষক মোহাম্মদ মহি উদ্দিন বলেন, বাংলাদেশে শীতের স্থায়িত্ব কম। মূলত ডিসেম্বর ও জানুয়ারি মাসে বেশি শীত পড়ে, এরপর তাপমাত্রা বাড়তে থাকে। এই আবহাওয়ায় কিউইগাছ কতটা বেড়ে উঠবে এবং ফল দেবে কি না, তা জানতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।