নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি পুকুর থেকে উদ্ধার করা প্রাপ্তবয়স্ক কুমিরটিকে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে পার্কের কুমিরদের জন্য নির্ধারিত বিশেষ বেষ্টনীতে অন্য একটি কুমিরের সঙ্গে রাখা হয়েছে প্রাণীটিকে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে কুমিরটিকে গাজীপুর সাফারি পার্কে নিয়ে আসা হয়। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাণীটি বর্তমানে সুস্থ আছে বলে জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, “পার্কে আনার পর সতর্কতার সঙ্গে প্রাণীটিকে গাড়ি থেকে নামানো হয়। এরপর কুমিরের বেষ্টনীতে নেওয়া হয়েছে। সেখানে আগে থেকে থাকা অন্য কুমিরের সঙ্গে এটি থাকবে। কোয়ারেন্টিনে (রোগ সংক্রমণ ঠেকাতে আলাদা রাখার ব্যবস্থা) রাখার ব্যবস্থা না থাকায় সরাসরি বেষ্টনীতে ছেড়ে দেওয়া হয়েছে।”

এর আগে গতকাল বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভরঞ্জিপাড়া এলাকার একটি পুকুরে জাল ফেলে কুমিরটিকে ধরা হয়। উপজেলা প্রশাসন এবং বন বিভাগের কর্মীদের নিবিড় তত্ত্বাবধানে এটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, প্রায় দুই মাস আগে ১৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকার একটি পুকুরে প্রথমবার কুমিরের দেখা মেলে। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, এরপর দীর্ঘ সময় সেটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে গত মঙ্গলবার ওই পুকুর থেকে প্রায় ২০০ মিটার দূরে পাতাকাটা ভরঞ্জিপাড়া এলাকার আরেকটি পুকুরে পুনরায় কুমিরটিকে দেখা যায়। এরপর গতকালের অভিযানে প্রাণীটিকে সফলভাবে ধরা সম্ভব হয়।

নদী থেকে বেশ দূরে অবস্থিত একটি পুকুরে কুমিরটি কীভাবে পৌঁছাল, তা এখনো রহস্য হয়ে আছে। এই বিষয়ে বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল ঢাকার বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা মুক্তকণ্ঠকে জানান, “নদী থেকে অনেক দূরের পুকুরে এটি কীভাবে এল, তা স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হবে। কুমিরটি স্ত্রী না পুরুষ, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি প্রাপ্তবয়স্ক।”