নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি গ্রামের পুকুরে আবারও দেখা মিলেছে সেই রহস্যময় কুমিরটির। বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভরঞ্জির পার এলাকায় কুমিরটির উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত দুই দিন ধরে ওই পুকুরে কুমিরটিকে দেখা যাচ্ছে।
ঘনবসতিপূর্ণ এই এলাকায় কুমিরের উপস্থিতির ফলে বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকেরা। পরিস্থিতি বিবেচনায় কুমিরটিকে দ্রুত উদ্ধারের লক্ষ্যে পুকুরের পানি সেচে ফেলার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে পুকুরে কুমিরটিকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। এই খবর ছড়িয়ে পড়ার পর কুমিরটিকে একনজর দেখার জন্য পুকুরপাড়ে কয়েকশ মানুষের ভিড় জমে। নিরাপত্তার কথা মাথায় রেখে স্থানীয় বাসিন্দারা পুকুরে গোসল করা এবং দৈনন্দিন প্রয়োজনীয় কাজে পানিতে নামা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন।
কুমিরটিকে উদ্ধারের জন্য স্থানীয় দুটি পাম্পের পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি পাম্প ব্যবহার করে পুকুরের পানি নিষ্কাশনের কাজ চালানো হচ্ছে। প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, পুকুর থেকে পানি কমিয়ে কুমিরটির সঠিক অবস্থান নিশ্চিত করার পর জাল ফেলে তাকে উদ্ধার করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও বন্দরের তিনগাঁও এলাকায় এই কুমিরটির দেখা মিলেছিল। সে সময় বন বিভাগকে বিষয়টি জানানো হলেও কুমিরটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। প্রায় দুই মাস পর আবারও লোকালয়ের পুকুরে কুমিরটির উপস্থিতি দেখা দেওয়ায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। তাদের অভিযোগ, “আগেরবার কুমিরটি উদ্ধার করা সম্ভব হলে নতুন করে এমন আতঙ্ক তৈরি হতো না।” তারা দ্রুত কুমিরটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর রাতে বন্দরের তিনগাঁও এলাকায় লোকালয়ে প্রথমবার এই কুমিরটির দেখা মেলে। হঠাৎ কুমিরের উপস্থিতিতে তখন এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেটি উদ্ধারের চেষ্টা চালানো হলেও কোনো সফলতা আসেনি। প্রায় দুই মাস পর মুসাপুর ইউনিয়নের একটি পুকুরে আবারও কুমিরটির দেখা মেলায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বন্দর উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল বলেন, “পুকুরের পানি আরও কমিয়ে বৃহস্পতিবার (১৯ নবেম্বর) জাল ফেলে কুমিরটি উদ্ধারের পরিকল্পনা রয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার মুক্তকণ্ঠকে বলেন, “পুকুরে কুমিরটির অবস্থান শনাক্ত করা হয়েছে। পানি কমানোর পর সেটি উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”